ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগের কারাবন্দি এক নেতাকে প্যারোলে মুক্তি দিয়া পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় তাঁহার পিতার জানাজায় স্থানীয় পুলিশ হাজির করিবার খবরটি যথেষ্ট উদ্বেগজনক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইহা সুস্পষ্টত মানবাধিকার লঙ্ঘন; সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনারও ব্যত্যয়। স্মরণ করা যাইতে পারে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এহেন মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনা ঘটে। তখন ঐ সকল ঘটনায় মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিক সমাজের পক্ষ হইতে ব্যাপক প্রতিবাদ হয়।
কিন্তু দুর্ভাগ্যজনক হইল, সেই সময়ে যাহারা উক্ত মানবাধিকার লঙ্ঘনের সর্বাধিক শিকার ছিলেন, আজিকে তাহাদেরই দল রাষ্ট্রক্ষমতায় থাকিলেও মানবাধিকার লাঞ্ছনার একই দৃশ্য দেখিতে হইতেছে। ইহা সত্য, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিদায় গ্রহণের পর যেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসিয়াছিল, তাহারাও কারাবন্দির এহেন মানবাধিকার হরণ অনুমোদন করিয়াছিলেন। সেই ধারাই সম্ভবত চলিতেছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের তো বটেই ক্ষমতা গ্রহণের পূর্বে বারংবার আইনের শাসন প্রতিষ্ঠাকে অন্যতম অগ্রাধিকার ঘোষণা করিয়াছিলেন! পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়া পত্রিকান্তরে বলা হইয়াছে, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হইয়া তিন মাস যাবৎ কারাগারে আছেন আলোচ্য ছাত্রলীগ নেতা। অর্থাৎ আইনের দৃষ্টিতে তিনি একজন সাধারণ বন্দি; গুরুতর কোনো অপরাধ সংঘটনের অভিযোগ তাঁহার বিরুদ্ধে নাই। উপরন্তু পুলিশ প্রহরা ফাঁকি দিয়া তিনি পালাইয়া যাইবেন– এমন কোনো আশঙ্কাও ঐ বিয়োগবিধুর পরিবেশে ছিল না। বিশেষত এই কারণেই ২০২২ সালের ৩০ জানুয়ারি হাইকোর্ট আইন ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিকভাবে’ ব্যবহার করিয়া সাধারণ বন্দিদের ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানো বন্ধের আদেশ দিয়াছিলেন। কিন্তু দুঃখজনক, উচ্চ আদালতের সেই আদেশ কোনো কর্তৃপক্ষই বিবেচনায় লইতেছে না। বরং এই বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদপত্রকে জানাইয়াছেন, পুলিশ যেই অবস্থায় কারাগার হইতে আসামিকে বুঝিয়া পাইবে, সেই অবস্থায় কারা কর্তৃপক্ষের নিকট আসামিকে বুঝাইয়া দিবে। তাই ডান্ডাবেড়ি খুলিবার সুযোগ নাই।
আমরা জানি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও এহেন ঘটনায় স্থানীয় প্রশাসন একই রকম কুযুক্তি দিয়াছিল। অস্বীকার করা যাইবে না, আলোচ্য বন্দি এখনও আইনের দৃষ্টিতে একজন অভিযুক্ত মাত্র। দেশে আদালত আছে; সেখানে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাহার বিচার হইবে। বিচারে হয় তিনি শাস্তি পাইবেন, নয় খালাস। কিন্তু বিচারের পূর্বেই দুর্ধর্ষ অপরাধীর মতো ডান্ডাবেড়ি পরাইয়া তাহাকে শাস্তি দেওয়া হইতেছে কেন? ডান্ডাবেড়ি পরাইয়া একজন অভিযুক্তকে জনসমক্ষে হাজির করার অর্থ তাহাকে দাগি আসামিরূপে চিহ্নিত করা, যাহা শাস্তির নামান্তর।
দেশে দীর্ঘদিন ধরিয়া চলমান প্রতিহিংসামূলক রাজনীতির অবসান ঘটাইতে হইলেও এহেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করা জরুরি বলিয়া আমরা মনে করি। রাজনীতির এক পক্ষ ক্ষমতাসীন থাকাকালে অপর পক্ষকে দমন করিতে আইনের অপব্যবহার করিয়াছে বলিয়া অনুকূল সময়ে উহা পাল্টা ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, ইহা কোনো সুস্থ রাজনীতির প্রকাশ হইতে পারে না। সর্বোপরি, রাষ্ট্র ও সমাজকে অন্তর্ভুক্তিমূলক ধারায় পরিচালনা এবং জাতীয় বিকাশকে ত্বরান্বিত করিতে হইলেও এহেন যেনতেন প্রকারে প্রতিপক্ষকে হেনস্তা করার পন্থার অবসান জরুরি। বর্তমান সরকার বিষয়টি বিবেচনায় লইবে এবং সকল ক্ষেত্রেই মানবাধিকার সমুন্নত রাখিতে সচেষ্ট থাকিবে– ইহা আমাদের প্রত্যাশা। প্রয়োজনে আইনের শাসনবিরোধী এহেন পদক্ষেপের সহিত সংশ্লিষ্টদের চিহ্নিত করিয়া শাস্তির আওতায় আনিতে হইবে।
