ইরান যুদ্ধের প্রভার এখন পুরো বিশ্বে পড়েছে। জ্বালানি সংকট থেকে শুরু করে খাদ্যপণ্যের মূল্য দ্রুত বাড়ছে। দেখা যাচ্ছে, বিশ্ব জ্বালানি ও খাদ্য সংকটের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। ইতোমধ্যে জ্বালানি সংকটের শঙ্কায় সারাদেশের পেট্রোল পাম্পগুলোতে দিনরাত ২৪ ঘন্টা যানবাহনের দীর্ঘ লাইন শুরু হয়েছে। সরকার জ্বালানির পর্যাপ্ত মজুত আছে বলে বললেও তাতে গ্রাহকরা আশ্বস্ত হতে পারছে না। তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। বিপিসি পাম্প থেকে তেল নেয়ার সীমা বেঁধে দিয়েছে। মোটর সাইকেল দিনে ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটারের বেশি নিতে পারবে না। সরকারের এ বেঁধে দেয়া তেলসীমা থেকে বোঝা যায়, দেশে তেলের সংকট ধেয়ে আসছে। এই সংকট কাটাতে দ্রুত জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। বলা বাহুল্য, সরকারকে দ্বিগুণ দামে এই জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে বা হবে। এর ফলাফল কী দাঁড়াবে, তা সহজে অনুমেয়। এতে শিল্প ও কৃষি উৎপাদন খরচসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রতিক্রিয়ায় খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়বে। এমনিতেই আমাদের দেশে নানা ছুতোয় ব্যবসায়ি সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আর যুদ্ধের মতো বড় ধরনের উপলক্ষ হলে তো কথাই নেই। মহাউৎসাহে যুদ্ধের উসিলা দিয়ে দাম বাড়িয়ে দেয়।

এই সঙ্গীনকালে সরকারকে দুটো বিষয়কে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত জ্বালানি সংকট। দ্বিতীয়ত খাদ্যপণ্য। এই দুটো বিষয় সামাল দেয়াই সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার কি করছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্যোগ ও পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে জনমনে যে আতঙ্ক বিরাজ করছে, তা কমাতে তেমন কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। উল্লেখ করা প্রয়োজন, জ্বালানির যে সংকট দেখা দিয়েছে, এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। সেই দায়ই এখন নতুন সরকারের উপর এসে পড়েছে। অন্তর্বর্তী সরকার তার দেড় বছরের শাসনামলে জ্বালানি সংকট নিরসনে কী উদ্যোগ নিয়েছে, তার কোনো হিসাব পাওয়া যায়নি।

বর্তমান সরকারের উচিৎ, এ খাতের সাথে যেসব প্রতিষ্ঠান ও তার দায়িত্বপ্রাপ্তরা জড়িত ছিল তাদের ডেকে এনে জিজ্ঞেস করা, তারা জ্বালানি সংকট নিরসনে কি কি পদক্ষেপ নিয়েছিল। কেন এমন সংকট হলো? তাদের জবাবদিহির আওতায় আনা উচিৎ। আমরা বহুবার বলেছি, অন্তর্বর্তী সরকার বিএনপি সরকারে আসা নিশ্চিত হওয়া জেনে তাকে বিপাকে ফেলতে অর্থনৈতিক পরিস্থিতির কোনো উন্নতি করেনি। একটি ক্ষতবিক্ষত অর্থনীতির বোঝা তার উপর চাপিয়ে দিয়ে গেছে। এর মধ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ায় তা আরও সংকটময় হয়ে উঠেছে। যুদ্ধ কবে থামবে, সেই নিশ্চয়তা না থাকায় সংকট কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারে না। এমন পরিস্থিতিতে, আমাদেরকে খুবই সংযত হয়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ দুটোর পর্যাপ্ততা না থাকলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। ইতোমধ্যে গ্যাসের বড় ধরনের সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সংকট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করবে। সামনে গরমকাল। এই সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্রাহকদের সবসময়ের প্রত্যাশা। তবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে সেই আশা পূরণ হবে না। মানুষ গরমে কষ্ট পেলে সরকারের প্রতি বিরূপ হয়ে উঠবে। সরকারকে এ ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এদিকে ঈদ আসন্ন। ইতোমধ্যে ঘরমুখো মানুষের প্রস্তুতি শুরু হয়েছে। তবে পত্রপত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ঈদ যাত্রা মসৃণ না হওয়ার শঙ্কা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কের নিয়মিত সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা দাঁড়িয়েছে। ফলে ঈদযাত্রায় যানবাহনের ধীরগতিসহ প্রচ- যানজটের আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দশ দিনের ঈদের ছুটিতে বিপুল মানুষ রাজধানী ও অন্যান্য শহর ছাড়বে। পরিবারের সাথে দীর্ঘ ছুটি উপভোগ এবং বেড়ানোর মধ্যে কাটাবে। তবে সড়কের অবস্থা যদি বেহাল হয়, যাত্রাপথ কষ্টকর হয়, তাহলে এই ছুটি দিয়ে তারা কী করবে? ঘরে বসে থাকা ছাড়া গতি থাকবে না। বলা বাহুল্য, জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি যাতায়াতকে ব্যয়বহুল ও ব্যাহত করতে পারে। সরকারকে এসব দিক চিন্তা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সরকরাকে যেকোনো উপায়ে দেশের জ্বালানি সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত রাখতে হবে। এ নিয়ে যাতে কোনো ধরনের সংশয় না থাকে, এ ব্যবস্থা করতে হবে। তবে সরকারের মধ্যে এখন পর্যন্ত এ নিয়ে সিরিয়াসনেস দেখা যাচ্ছে না। অন্যদিকে মনোযোগ বেশি। সরকার যদি এ ভুল করে, তবে তাকে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে। তখন তা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। কাজেই সময় থাকতে সরকারকে উদ্যোগী হতে হবে। দেশের কৃষি ব্যবস্থাকে দৃঢ়ভাবে আগলে রাখতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে এর বিকল্প নেই। মানুষের ঘরে যদি খাবার থাকে, তাহলে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে। সরকারকে এ বিষয়টি মাথায় রাখতে হবে। দেশের খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি তা যথাযথভাবে মজুত ও সুষ্ঠু বিতরণের ব্যবস্থা করতে হবে। কৃষক যাতে উৎপাদন খরচ মিটিয়ে লাভ করতে পারে এ পদক্ষেপ নিতে হবে। দেখা যাচ্ছে, যে পেঁয়াজ কয়েকদিন আগেও কেজি প্রতি এক শ টাকার উপরে ছিল, তা এখন ৩০-৩৫ টাকায় নেমেছে। এতে কৃষক প্রকৃতমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মূল্য না পাওয়ার কারণ সে অতিরিক্ত উৎপাদন করেছে। কৃষক যদি শস্য উৎপাদন করে দাম না পায়, তাহলে সে সেই শস্য উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন আবার সংকট দেখা দেবে। সরকারকে এসব বিষয় বিবেচনায় নিয়ে কৃষি উৎপাদন বাড়াতে কৃষককে যেমন উৎসাহ দিতে হবে, তেমনি তার কৃষিপণ্যের লাভজনক মূল্য দিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, সফল হতে হলে তাকে জ্বালানি ও খাদ্যÑ এ দুটোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।