চাঁ দার দাবিতে গত এক মাসে খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পাঁচটি ঘটনা শুধু চাঁদাবাজদের বেপরোয়া ভাবই প্রকাশ করিতেছে না, সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাও তুলিয়া ধরিতেছে। রবিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, বিভাগীয় ঐ শহরটিতে গত মাসের মাঝামাঝি হামলা হয় নগরীর রয়েল মোড়ে সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।
ইহার পর প্রায় ধারাবাহিক হামলা চলে সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে, ‘চাইনিজ প্যালেস’ রেস্তোরাঁ, রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি আব্দুল্লাহ প্যাথলজিতে এবং পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। স্থানীয় ব্যক্তিদিগের বক্তব্য হইতে জানা যাইতেছে, প্রতিটি ভাঙচুরের পশ্চাতে রহিয়াছে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম ও তাহার ‘বাহিনী’। মূলত তাহারা দাবি করা চাঁদা না পাইয়া এবং ভয় দেখাইতে প্রতিষ্ঠানগুলিতে ভাঙচুর চালাইয়াছে। অন্যদিকে, প্রতিটি ঘটনাতেই দুর্বৃত্তরা চলিয়া যাইবার পর পুলিশ ঘটনাস্থলে পা রাখিয়াছে; যদিও খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন শনিবার ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করিয়া গ্রেপ্তার অভিযান শুরু হইয়াছে বলিয়া দাবি করিয়াছেন। তবে গত ২৪ অক্টোবর সংঘটিত সন্ধানীতে হামলার ঘটনা ব্যতীত অন্য ঘটনায় অদ্যাবধি কেহই গ্রেপ্তার হয় নাই। উপরন্তু সন্ধানীতে হামলায় সংশ্লিষ্ট সকলে শনাক্ত হইলেও গ্রেপ্তার হইয়াছে মাত্র তিনজন।
প্রতিবেদনে বলা হইয়াছে, এমতাবস্থায় ভয় ও আতঙ্কে ভুক্তভোগী ব্যবসায়ী সকলেই ‘নির্বাক’ হইয়া গিয়াছেন। থানায় মামলা করা হইতে তাহারা শুধু বিরতই থাকেন নাই, সাংবাদিকদের সহিত কথা বলিতেও অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। উল্লেখ্য, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর এহেন দৌরাত্ম্য শুধু খুলনা নহে, রাজধানীসহ দেশের প্রায় সর্বত্রই চলমান। রাজধানীর মিরপুর ১-এর লেগুনা স্ট্যান্ডে চাঁদা আদায়-সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীদেরই পুলিশে দেওয়ার অভিযোগ করিয়াছেন সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দ। গত সেপ্টেম্বরে রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে নির্মাণাধীন একটি ভবনকে কেন্দ্র করিয়া সংঘটিত চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে তথাকার ভবন মালিকগণ মানববন্ধন করিয়াছেন। গত কয়েক মাসে চট্টগ্রামে চাঁদা না পাইয়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের একাধিক ঘটনা সংবাদমাধ্যমে আসিয়াছে। চাঁদাবাজদের ঔদ্ধত্য এমন সময়ে বৃদ্ধি পাইয়াছে যখন দেশে বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈশ্বিক কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজমান। একই কারণে দেশি-বিদেশি বিনিয়োগও প্রায় বন্ধ রহিয়াছে। চাঁদাবাজি ও জানমালের নিরাপত্তা সংকট নিঃসন্দেহে উক্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাইবে, যাহা নূতন করিয়া চুরি-ডাকাতিসহ বিবিধ অপরাধে ইন্ধন জোগাইতে পারে। এমনকি বহুল প্রত্যাশিত রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করিয়া তুলিতে পারে।
ইহা সত্য, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার লঘু-গুরু অপরাধ বিশেষত গত অন্তর্বর্তী সরকারের আমলেই সীমা অতিক্রম করিয়াছিল। সেই হিসাবে, বিদ্যমান পরিস্থিতি বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে পাইয়াছে, বলা যায়। তবে ইহাও অস্বীকার করা যায় না, অতীতের সকল সরকারের ন্যায় বর্তমান সরকারও আইনশৃঙ্খলার বাস্তবাবস্থা অস্বীকার করিয়া চলিয়াছে। এমনকি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিবিধ অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ থাকিলেও কিছু ক্ষেত্রে সাংগঠনিক পদক্ষেপ ব্যতীত সেই সকল অভিযোগ নিরসনে দৃঢ় কোনো আইনি পদক্ষেপ অদ্যাবধি দৃশ্যমান নহে। ইহা সমাজের অন্যান্য অপরাধীর জন্য প্রণোদনারূপে কাজ করে।
আলোচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে প্রথমেই এহেন উষ্ট্রপক্ষী নীতির অবসান ঘটাইতে হইবে বলিয়া আমরা মনে করি। খুলনাসহ বিভিন্ন শহরে যাহারা চাঁদাবাজিসহ বিবিধ অপরাধে সংশ্লিষ্ট, তদন্ত সাপেক্ষে তাহাদের দ্রুত আইনি বেষ্টনীতে আনয়নপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করিলে পরিস্থিতির উন্নতি ঘটিবে।
