সম্প্রতি সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করিয়া গ্রাহকের অগোচরে তৃতীয় ব্যক্তিগণ কর্তৃক বিপুল পরিমাণ অর্থ ব্যাংক হইতে তুলিয়া লইবার যেই ঘটনা ঘটিয়াছে, উহা বিস্ময়কর। সকল প্রকার প্রটোকলকে ফাঁকি দিয়া এহেন জালিয়াতি যেইরূপে নির্বিঘ্নে সংঘটিত হইয়াছে, উহা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করাইয়াছে, যদিও অনুরূপ জালিয়াতির অন্য দুই অপচেষ্টাকে ব্যর্থ করিতে সক্ষম হইয়াছে বলিয়া বাংলাদেশ বাংক দাবি করিয়াছে। এই চাঞ্চল্যকর ঘটনা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপ ব্যাংকিং খাতের নিরাপত্তা কতটা সুদৃঢ় করিয়াছে– তদ্বিষয়েও জনমনে শঙ্কা সৃষ্টি করিয়াছে। বুধবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মার্জার তথা একীভূতকরণের প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকসহ বেশ কিছু দুর্বল ব্যাংক হইতে গ্রাহকরা সঞ্চয়পত্রের অর্থ তুলিতে পারিতেছেন না। এই কারণে ব্যাংক পরিবর্তনের আবেদন বৃদ্ধি পাইয়াছে। গ্রাহকের সমস্যা বিবেচনায় প্রতিষ্ঠানগুলিও ব্যাংক পরিবর্তনের সেই আবেদনে সাড়া দিতেছে। সম্ভবত এই সুযোগকে কাজে লাগাইয়া একটা চক্র জালিয়াতির ঘটনা ঘটাইতেছে। কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক এবং নজরদারির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ যথেষ্ট সতর্কতা অবলম্বন করিয়াছেন বলিয়া মনে হয় না। নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রে কোনো তথ্য পরিবর্তন ও সুদ বা আসল গ্রহণ করিবার ক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয়ের অফিসে আবেদন করিতে হয়। আবেদন করিবার পর ব্যাংকে সংরক্ষিত গ্রাহকের মোবাইল নম্বরে ওটিপি বা পাসওয়ার্ড যায়; উপস্থিত গ্রাহক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীকে যাহা দেখাইবার পর উক্ত আবেদন মঞ্জুর হয়। অথচ সমকালের প্রতিবেদক ভুক্তভোগী তিন গ্রাহকের সহিত কথা বলিয়া নিশ্চিত হইয়াছেন, তাহাদের মোবাইল ফোনে এইরূপ পাসওয়ার্ড যায় নাই। তবে কীভাবে লেনদেন সম্পন্ন হইল?

আমরা জানি, একসময় ম্যানুয়াল পদ্ধতিতে সঞ্চয়পত্র ক্রয়, ভাঙানো ও মুনাফা লওয়া হইত, এখন উহা অনলাইন হইয়াছে। আলাদা ইউজার আইডি, পাসওয়ার্ড ইত্যাদির মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোনে যাচাই করিয়া সঞ্চয়পত্রের লেনদেন সম্পন্ন হইয়া থাকে। গ্রাহকের মূলধন যথায় অধিকতর সুরক্ষার জন্য অনলাইন পদ্ধতি প্রবর্তন করা হইয়াছে তথায় জালিয়াতির অঘটন নিঃসন্দেহে এই পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে প্রশ্নের জন্ম দিতে পারে। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস হইতে সরকারের ঋণ গ্রহণ করিবার বড় খাত সঞ্চয়পত্র। অনেকেই চাকুরি হইতে অবসরের পর জীবনযাত্রার ব্যয় নির্বাহে সঞ্চয়পত্রে বিনিযোগ করেন। চাকুরিজীবী ব্যতীত অনেকেই সঞ্চয়পত্রকে দুর্দিনের ত্রাণ ব্যবস্থা মনে করেন। সঞ্চয়পত্রের উপর আস্থা থাকিবার কারণেই গ্রাহক যথায় বিনিয়োগ করিয়া থাকেন, তথায় এহেন জালিয়াতিতে শুধু সংশ্লিষ্ট ভুক্তভোগীই নহে, রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হইবে।

জানা গিয়াছে, ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধানের পর উক্ত জালিয়াতির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হইয়াছে; অর্থ আত্মসাতের প্রকৃত তথ্য উদ্ঘাটনে একটা তদন্ত কমিটিও গঠন করা হইয়াছে। আমরা মনে করি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। জালিয়াতির মাধ্যমে যেই অর্থ প্রতারক চক্র তুলিয়া লইয়াছে, উহা উদ্ধার করাও জরুরি। ইহার সহিত সঞ্চয়পত্রের লেনদেন আরও সুরক্ষিতকরণে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দিকেও মনোযোগী হইতে হইবে।

আমাদের মনে আছে, কীভাবে সাইবার জালিয়াতির মাধ্যমে প্রায় এক দশক পূর্বে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চৌর্যবৃত্তি সংঘটিত হইয়াছিল। উহার পরও ব্যাংকিং খাতে নানা ধরনের জালিয়াতি হইয়াছে। সেই কারণেই কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ সতর্কতা জরুরি। স্থান-কাল-প্রেক্ষাপটভেদে প্রতারক চক্রের সম্ভাব্য সকল অপকৌশল আমলে লইয়াই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। কেন্দ্রীয় ব্যাংক, তৎসহিত সকল ব্যাংক এবং গ্রাহকের সচেতনতা, সতর্কতাও এই ক্ষেত্রে উপেক্ষণীয় নহে।