প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক মুসলিম বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশ। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে জিডিপি বা মোট দেশজ উৎপাদনের দিক থেকেও তাদের অবস্থান শীর্ষে। যার পরিমাণ ১.৫৭ থেকে ১.৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি। তুরস্কের অর্থনীতিতে শিল্প খাতের অবদান সমীহ করার মতো। মোটরগাড়ি, ইলেকট্রনিক পণ্য, জাহাজ নির্মাণ, বস্ত্রশিল্পে এগিয়ে থাকা দেশও তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে মানসম্মত ড্রোন, যুদ্ধবিমান ও বিশ্বমানের সমরাস্ত্র তৈরির সক্ষমতা দেখিয়েছে দেশটি। এসব খাতে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা দুই দেশকেই লাভবান করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করছেন মূলত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে। মঙ্গলবার বিকালে তিনি তুরস্কের আনতালিয়া বিমানবন্দরে পৌঁছলে তাঁকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া হয় বিশেষ গার্ড অব অনার। ওই দিন সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ৩০ মিনিটের বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার। শিল্পোন্নত দেশগুলোর কারণে বিশ্বের আবহাওয়ায় নেতিবাচক পরিবর্তন ঘটছে। আবহাওয়ায় উষ্ণতার কারণে বাড়ছে সাগরপৃষ্ঠের উচ্চতা। ফলে সাগরপারের বিভিন্ন দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যার মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অনেক এলাকা ডুবে যাচ্ছে সাগরের জোয়ারের পানিতে।

নষ্ট হচ্ছে ফসল। জলাবদ্ধতার শিকার হচ্ছে বহু এলাকা। লাখ লাখ মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত আনতালিয়া সম্মেলনে এ সম্পর্কে বাংলাদেশের কথা তুলে ধরবেন। সম্মেলনের অবসরে বিশ্বনেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে। দেশের অগ্রগতিতে যা কাজে লাগবে। আমাদের মতে, বাংলাদেশ ও তুরস্ক বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। বিশেষ করে বাংলাদেশে তুর্কি বিনিয়োগে সমৃদ্ধ হবে দুই দেশের অর্থনীতি।