রহস্য উপন্যাসের জগতে আগাথা ক্রিস্টি চিরস্মরণীয়। সূক্ষ্ম প্লট, অপ্রত্যাশিত বাঁক, মানব-মনস্তত্ত্বের অনুপম বিশ্লেষণ তাঁকে রহস্যোপন্যাস জঁরায় এখনো বিশ্বনন্দিত করে রেখেছে। এখানে দুটি পৃথক সাক্ষাৎকার একত্র হয়েছে। প্রথমটি ১৯৫৫ সালের ১৩ ফেব্রুয়ারি নেওয়া, সম্ভাব্য স্থান সম্ভবত চেক প্রজাতন্ত্র। দ্বিতীয়টি ১৯৬০ সালে পর্তুগালের রাজধানী লিসবনে গৃহীত। সাক্ষাৎকার দুটি চেক প্রজাতন্ত্রী লেখক আইভান ডাখ্‌স হ্লাদিকের ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত, শ্রুতিলিখিত ও অনূদিত। গ্রন্থনা তারেক মিনহাজ

lযদি প্রশ্ন করা হয়, আপনি কেন লেখেন? এর উত্তরে কী বলবেন?

llআমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়– আমি কেন লিখি। অনেকেই মনে করেন, আমার উত্তরটা বুঝি খুব সিরিয়াসভাবে নেওয়ার মতো নয়। তা নয় কিন্তু। একেবারে সোজাসাপ্টা। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তাই একটা তাড়না থেকে আমি লিখতে শুরু করি। এখানে একটা বিষয় না বললেই নয়। শেষ পর্যন্ত আমি প্যারিসে একটা স্কুলে গিয়েছিলাম এবং তখন আমার বয়স ষোলো। এর আগে সামান্য অঙ্ক শেখা ছাড়া পড়তে বা লিখতে শেখার মতো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না। সে সময় আমরা বাচ্চারা খুব অলস জীবন কাটাতাম। অবসাদ পেয়ে বসত। যদিও নিজেদের অনেক কাজ নিজেকেই করতে হতো। নিজেরাই পুতুলের আসবাব বানাতাম, বন্ধুদের জন্য বড়দিনের উপহার তৈরি করতাম। এরই ফাঁকে হঠাৎ একদিন আমি গল্প বানাতে শুরু করি। নানা চরিত্রের ভূমিকায় নিজেও অভিনয় করতাম। ‘বোর’ হতে হবে। লেখালেখির সবচেয়ে বড় প্রেরণার নাম অবসাদ। এর চেয়ে ভালো প্রেরণা আর হয় না। ষোলো-সতেরো বছর বয়সেই আমি বেশ কিছু ছোটগল্প লিখে ফেললাম। আর একটা লম্বা আর ভীষণ বিরক্তিকর উপন্যাসও।

lসেক্ষেত্রে প্রথম বই কবে প্রকাশিত হয়?

llএকুশ বছর বয়সে প্রথম বই প্রকাশিত হয়। দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস। প্রথমে এক-দুজন প্রকাশকের কাছে পাঠিয়েছিলাম। তারা প্রকাশের সম্ভাবনা নাকচ করে দেন। পরে বইটি জন লেন-এর কাছে যায় এবং প্রায় এক বছর পর জানতে পারি পাণ্ডুলিপি তিনি গ্রহণ করেছেন, বই প্রকাশিত হবে। আর সেখান থেকেই শুরু! এরপর থেকে আমি বোধহয় পঞ্চান্নটি বই লিখে ফেলেছি। সঙ্গে ছয়-সাতটি নাটক।

lলেখার তো অনেক পদ্ধতি। কোনটায় বেশি স্বচ্ছন্দ?

llবন্ধুরা খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, “কিভাবে লেখো?” ওদের আমার হতাশ করতে হয়। কারণ সত্যটা হলো, নির্দিষ্ট কোনো পদ্ধতি, আবহ, পরিবেশ নেই। আমি বহু বছর ধরেই একটি পুরোনো বিশ্বস্ত টাইপরাইটারে খসড়া টাইপ করি। ছোটগল্প লেখার সময় বা নাটকের কোনো অংশ নতুন করে সাজাতে ডিক্টাফোন টাইপিং কাজে দিত কিন্তু উপন্যাসের ব্যাপার তো একটু আলাদা। অতো জটিল কাঠামো গড়ে তুলতে ডিকটেশন ঠিক উপযুক্ত মনে করি না।

lলেখালেখির কোন অংশ লেখকের জন্যে সবচেয়ে কঠিন?

llআমার মনে হয় সবচেয়ে কঠিন ও আসল কাজ গল্পের গঠন। ভাবতেই থাকো, ভাবতেই থাকো, যতক্ষণ না কাঠামো ঠিকঠাক দাঁড়ায়। ভাবার সময়টাই সবচেয়ে দীর্ঘ আর ক্লান্তিকর লাগে। এটাই সবচেয়ে বেশি সময় নেয়। সব উপকরণ একবার জোগাড় হয়ে গেলে তখন দরকার শুধু লিখতে খানিকটা সময়। আমার জন্যে সেটা অন্তত তিন মাস। যদি ঠিকভাবে মন বসানো যায়, তাহলে তিন মাসের ভেতর একটা বই শেষ করতে পারাই যৌক্তিক।

lঅনেক নাটক লিখেছেন। নাটক ও উপন্যাসের পার্থক্য কী?

llনাটক ও উপন্যাস লেখার ধরন-গড়ন, রকম-সকম একেবারেই আলাদা। আমি মনে করি নাটক দ্রুত লেখা উচিত। সংলাপ স্বাভাবিক ও প্রাণবন্ত রাখতে হলে দ্রুত লিখতে হয়। অন্তত আমার জন্যে এটাই প্রযোজ্য। উপন্যাসের চেয়ে নাটক লেখায় বেশি আনন্দ পাই। কারণ এখানে জায়গা বা মানুষের দীর্ঘ বর্ণনা দেওয়ার দরকার হয় না। আর সব সময়ই নাটককে নাটক হিসেবেই লিখি। আমার কোনো উপন্যাসকে নাট্যরূপ দিতে আমি ঠিক পছন্দ করি না। কিন্তু সব কিছু আমার একার সিদ্ধান্তে চলবে কেন। যখন অন্যেরা আমার উপন্যাসের নাট্যরূপ দেয়, দেখে বা পড়ে খুব একটা ভালো লাগে না, সন্তুষ্ট হতে পারি না। অগত্যা নিজেকেই করতে হয়।

lএরকুল পোয়ারে নিয়ে লেখা শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?

llএই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। সম্ভবত মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস।

lআপনার তৈরি কোন চরিত্রটিকে বেশি পছন্দ করেন? এরকুল পোয়ারো না মিস মার্পল?

llএটা সময়ে-সময়ে বদলে যায়। তবে শেষ পর্যন্ত আমার মনে হয়, মিস মার্পলই প্রিয় চরিত্র। কারণ চরিত্র হিসেবে তিনি একেবারেই আলাদা আর আকর্ষণীয়। খুবই আকর্ষণীয় আমার কাছে।