ইরানে রেজিম চেঞ্জের লক্ষ্য নিয়ে পরিচালিত ইসরাইল-আমেরিকার আগ্রাসন তাদের জন্যই এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। প্রথম আক্রমণে স্কুলের শত শত শিশু হত্যা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়িসহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার মধ্য দিয়ে তারা ইরানের প্রতিরোধ যুদ্ধকে একটি ভয়াবহ আক্রমণাত্মক ধারায় ঠেলে দিয়েছে। ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো মার্কিন সামরিক ঘাঁটিকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। যুদ্ধ শুরুর আগেই ইরানের তরফ থেকে এমন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছিল যে, ইরান আক্রান্ত হলে এ অঞ্চলের যেখানেই মার্কিন সামরিক উপস্থিতি থাকবে সেখানেই আক্রমণ করা হবে। ইরান তাদের ঘোষণা ও পরিকল্পনা অনুসারে প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলোতে হামলা করেই ক্ষান্ত হচ্ছে না, তারা পারস্যসাগর, ওমান সাগরেও আধিপত্য বজায় রেখেছে। তবে যুদ্ধ ক্রমশ আঞ্চলিক বৃত্ত থেকে বিস্তৃত হতে শুরু করেছে। এমনিতেই হরমুজ প্রণালী, বাব এল মান্দেব এলাকায় জাহাজ চলাচল বন্ধের কারণে ইরান যুদ্ধের আঁচ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। প্রথম ৫ দিনের যুদ্ধে শত শত বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। তেল রফতানির উপর নির্ভরশীল আরব দেশগুলোর জীবনযাত্রা স্থবির হয়ে পড়ায় তাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ শত শত বিলিয়ন ডলার। এসব ক্ষয়ক্ষতির প্রভাব শুধু আরব বা মার্কিনীদের জীবনযাত্রায়ই পড়ছে না, পুরো বিশ্বঅর্থনীতিকেই গভীরভাবে সংকটময় করে তুলেছে।
ইউনিপোলার বিশ্বের প্রধান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে শুধুমাত্র ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর প্ররোচনায় এ যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধের পেছনে মার্কিন জনগণ কিংবা বিশ্বসম্প্রদায়ের কোনো স্বার্থ না থাকলেও মার্কিন সেনা সদস্যরা প্রাণ হারাচ্ছে, শত শত বিলিয়ন ডলারের সামরিক স্থাপনা ধ্বংস ও সামরিক বাজেট খরচ করে মার্কিন জনগণের উপর বাড়তি ঋণের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। প্রায় চারবছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে, ইরান যুদ্ধ সে প্রভাবকে আরো গভীর ও ধ্বংসাত্মক পরিনতির দিকে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত নিরাপত্তার দোহাই দিয়ে হাজার হাজার বছরের সভ্যতা ও ঐতিহ্যের উত্তরাধিকার ইরানকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার বাস্তবতা মেনে নেয়া যায় না। বেশিরভাগ মার্কিন জনগণ এবং ডেমোক্রেটসহ অধিকাংশ কংগ্রেস সদস্য এই যুদ্ধ সমর্থন করছেন না। এমনকি তিনশতাধিক মার্কিন জেনারেল ও সেনা কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের বিপজ্জনক যুদ্ধ ও পররাষ্ট্রনীতির বিপক্ষে দাঁড়িয়েছেন। ট্রাম্পের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন।
ফিলিস্তিনিদের উপর সাত দশকের নিপীড়ন, ইরাক-আফগানিস্তানে দখলদারিত্ব, গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রধান কুশীলব ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন বা মানবিক দায়-দায়িত্ব তোয়াক্কা করছে না। অন্যায় যুদ্ধের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। আরব বিশ্বকেও নিজেদের সম্পদ রক্ষার্থে, নিরাপত্তা ও অখ-তা রক্ষায় আরো ঐক্যবদ্ধ ও গঠনমূলক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। কোনো উস্কানিতেই যেন কোনো পক্ষ যুদ্ধকে আরো বিস্তৃত ও দীর্ঘাায়িত করার ফাঁদে পা না দেয় সেদিকে সকলের কঠোর অবস্থান বজায় রাখা জরুরি। যুক্তরাষ্ট্র ইসরাইলের প্ররোচনায় বার বার যুদ্ধে জড়িয়ে মধ্যপ্রাচ্য ও মার্কিন জনগণকে দুর্ভোগে ঠেলে দিচ্ছে।
পশ্চিমা দেশগুলোও বশংবদের মতো এসব অন্যায় যুদ্ধে সমর্থন ও সহযোগিতা করে চলেছে। তবে এবার খোদ ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেনের সরকার বেআইনী যুদ্ধের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে। আরবরাও ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে না দেয়ার পক্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। ইরানের পাল্টা আক্রমণের মুখে দিশাহারা ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বললেও তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এহেন বাস্তবতায় যুদ্ধ আরো বিস্তৃত ও দীর্ঘায়িত হয়ে পড়ার আশঙ্কা অমূলক মনে করা যায় না। তাহলে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর কোটি কোটি মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। কর্পোরেট অস্ত্র ব্যবসায়ী ও ওয়ার কন্ট্রাক্টরদের মুনাফাবাজি ও জায়নবাদী ইসরাইলের গ্রেটার ইসরাইল গঠনের ষড়যন্ত্রের গ্যাঁড়াকলে এই ধ্বংসাত্মক যুদ্ধের আঁচ থেকে কেউই রেহাই পাচ্ছে না। আগ্রাসন ও যুদ্ধ কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধান দিতে পারেনি, পারবে না। আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। পশ্চিমা দেশগুলো এবং প্রায় সব পরাশক্তি মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন সব রকম বিভক্তি এড়িয়ে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণ করতে হবে। যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিন সমস্যাসহ আঞ্চলিক সমস্যাগুলোর কূটনৈতিক সমাধান বের করতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে নিয়ে আসতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন, চীন-রাশিয়ার পাশাপাশি আরব দেশগুলোর সক্রিয় ও স্বাধীন অবস্থান নিশ্চিত করতে হবে। জাতিসংঘের মত সংস্থার ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বিশ্বসম্প্রদায়কে নতুন করে ভাবতে হবে।
