আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদ্য বিদায়ী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত ঘুষ চাওয়ার অভিযোগের তদন্ত করবে ট্রাইবুন্যাল। এ জন্য চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং বা তদন্ত কমিটি গঠিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দিতে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা। তবে সে সময়কার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাইমুমের পক্ষপাতদুষ্ট আচরণে সন্দেহ বশত: তাঁকে মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেন বলে প্রকাশিত খবরে জানা যায়। তবে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে নিয়োগের পর আওয়ামী এমপির পরিবারের কাছে সাইমুমের কোটি টাকা ঘুষ চাওয়ার প্রসঙ্গটি অডিওসহ খবরে চলে আসলে তাঁকে প্রসিকিউটরের দায়িত্ব থেকে সরিয়ে দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযুক্তকে সরিয়ে দিয়ে ঘুষ চাওয়ার ঘটনার ত্বরিৎ তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কর্মকান্ডকে স্বচ্ছ ও বিতর্কমুক্ত রাখার দৃশ্যমান বার্তা বহন করে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

আসামি পক্ষকে জামিন পাইয়ে দিতে বিশেষ ট্রাইবুনালের একজন প্রসিকিউটরের ঘুষ চাওয়ার ঘটনা পুরো ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও বিচার প্রক্রিয়াকে কলঙ্কিত করার অপপ্রয়াস বলে গণ্য করা যায়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ ধরণের ঘটনা ট্রাইবুনাল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন। তবে তিনি যথাশীঘ্র বিষয়টির প্রতি গুরুত্ব অনুধাবন করে তদন্তের যে উদ্যোগ নিয়েছেন তা ট্রাইবুনালের সংশ্লিষ্ট সকলের জন্য এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রাখার বার্তা দিচ্ছে। হত্যা মামলার আসামিকে জামিন দিতে ট্রাইবুনালের প্রসিকিউটরের ঘুষ চাওয়ার অভিযোগ অভিযুক্ত সাইমুম রেজা অস্বীকার করেছেন এবং ট্রাইবুনালের তরফে আভ্যন্তরীন তদন্তের উদ্যোগ নেয়া হলেও মামলার বাদী শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা এই ঘটনাকে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের ন্যায়বিচার পাওয়ার অধিকারের সাথে গাদ্দারি বলে অভিহিত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ফাঁস হওয়া এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিদ্যমান অসঙ্গতি-অস্বচ্ছতা বা অনিয়ম সম্পর্কে চিফ প্রসিকিউটরসহ নতুন প্রসিকিউশন টিম বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশিত। বিশেষত কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠণের মধ্য দিয়ে চিফ প্রসিকিউশন তাঁর আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন।

আওয়ামী লীগ আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত, বিচার প্রক্রিয়া ও রায় নিয়ে দুর্নীতি, অস্বচ্ছতাসহ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার বিস্তর অভিযোগ ছিল। অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় বিএনপি-জামায়াত নেতাদের মৃত্যুদন্ডে দন্ডিত করার ঘটনা দেশে এবং আন্তর্জাতিকভাবেও প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থানের পর পুর্নগঠিত ট্রাইবুনালের স্বচ্ছতা ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ বা ফাঁক-ফোকড় রাখা হয়নি। ইতিমধ্যে ট্রাইবুনালের বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ শীর্ষ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ হলেও কোনো পক্ষই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলতে পারেনি। উপযুক্ত দেশি-বিদেশি ফ্যাক্টস ফাইন্ডিং ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় রায় হয়েছে।

আসামী পক্ষের কাছ থেকে প্রসিকিউটর সাইমুম রেজার ঘুষ চাওয়ার ঘটনাটি এ প্রক্রিয়ায় একটি কলঙ্ক চিহ্ন এঁকে দেয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। এর মধ্য দিয়ে ট্রাইবুনালের সামগ্রিক প্রক্রিয়া, আইনগত নিরপেক্ষতা, মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন করার অপপ্রয়াস হিসেবে বিবেচনা করা যায়। একটি হাই-প্রোফাইল বিচার প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার এমন অপপ্রয়াসের বিরুদ্ধে ট্রাইবুনালকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ঘুষ নেয়ার বিনিময়ে প্রসিকিউটরের পক্ষপাতিত্বে একজন আসামির জামিন পাওয়ার দৃষ্টান্ত স্থাপিত হলে একই প্রক্রিয়ায় অন্য আসামিরাও জামিন পাওয়ার সমুহ সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া নিয়ে জুলাই শহীদ পরিবারসহ বিচার প্রত্যাশিরা বঞ্চনার শিকার হতেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এই ঘটনা দেশের বিচার ব্যবস্থার একটি নগ্ন, দু:খজনক বাস্তবতাকে উন্মোচন করছে। আলোচ্য ঘটনার প্রেক্ষাপটে দেশের বিচার ব্যবস্থা ও প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে ওঠে। অতীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে সাক্ষী গুম করে ভারতে নিয়ে যাওয়া, মিথ্যা ও সাজানো সাক্ষী দিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং বিচারকদের উপর সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে ফরমায়েশি রায়ের প্রামাণ্য অভিযোগ রয়েছে। বর্তমান ট্রাইবুনালের বিরুদ্ধে কোনো অস্বচ্ছতা কিংবা সরকারি প্রভাবের কোনো অভিযোগের সুযোগ নেই। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নাতীত ও গতিশীল রাখতে প্রসিকিউটর টিমের প্রত্যেক সদস্যকে স্বচ্ছতা, সততা ও নিয়মনিষ্ঠতায় উত্তীর্ণ হতে হবে। তবে রাজনৈতিক কারণে কোনো পক্ষ উদ্দেশ্যমূলকভাবে প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াসে লিপ্ত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় উচ্চ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সরকারের সংশ্লিষ্টদের নীতিগত অবস্থান সমুন্নত রাখার বিকল্প নেই।