বাংলাদেশের চারটি জেলা– রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং চট্টগ্রামের একটি অংশকে পানি সংকটপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রীষ্মকালে অগভীর নলকূপ শুকিয়ে যাচ্ছে, যা আমাদের ভবিষ্যৎ পানি নিরাপত্তার জন্য অশনিসংকেত। পানির এই সংকট মোকাবিলায় সরকার কিছু নীতিমালা গ্রহণ করেছে। ১১ দফার এ নীতিমালার বেশির ভাগই গতানুগতিক ধারার। এতে বাস্তবায়নের স্পষ্ট পদ্ধতি বা কাঠামোর অভাব রয়েছে। দেশের জটিল প্রশাসনিক বাস্তবতায় এসব নীতি কতটা কার্যকর হবে তা অনিশ্চিত।

পারস্পরিক সাংঘর্ষিক নীতিমালা দেশে উত্তোলিত ভূগর্ভস্থ পানির মাত্র ২ শতাংশ ব্যবহৃত হয় শিল্পকারখানায়, ১০ শতাংশ বাসাবাড়িতে, বাকি প্রায় ৮৮ শতাংশ কৃষিক্ষেত্রে, যার মধ্যে ধান চাষে প্রায় ৮০ শতাংশ। অর্থাৎ পানি সংকট মোকাবিলায় বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল ধান চাষে পানির ব্যবহার কমানোয়। অথচ নীতিমালায় শিল্প খাত (নীতি ৩ ও ৯) বেশি গুরুত্ব পেয়েছে, যা ভূগর্ভস্থ পানির ওপর তুলনামূলক খুব কম চাপ ফেলে।

পানি সংকটপূর্ণ এলাকায় খাবার পানি ছাড়া অন্য কোনো কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে (নীতি ২)। প্রশ্ন হলো, এ অঞ্চলের কৃষক তাহলে ধান চাষে সেচ দেবেন কীভাবে? উল্লেখ্য, এসব এলাকার তিন-চতুর্থাংশের বেশি জমিতে ধান চাষ হয়। কৃষির বিষয়েও একটি নির্দেশনা আছে: অধিক পানিনির্ভর ফসল কমিয়ে পর্যায়ক্রমে পানি সাশ্রয়ী ফসলের আবাদ চালু (নীতি ১০)। কিন্তু এটি এক মন্থর প্রক্রিয়া। কৃষক সহজে তাদের ফসলের ধরন বা জাত পরিবর্তন করেন না। তাই এ পরিবর্তনের সুফল পেতে আরও অনেক সময় লাগবে। ততদিন পর্যন্ত ভূগর্ভস্থ পানি থেকেই সেচ দিতে হবে, যদি বিকল্প উৎসের ব্যবস্থা করা না যায়।

সেই বিকল্প উৎস কীভাবে তৈরি হবে? নীতিমালায় বলা হয়েছে, খাল-বিল, পুকুর ও নদী জনগণের জন্য উন্মুক্ত রাখা হবে (নীতি ৪)। কিন্তু সেগুলোতে পর্যাপ্ত পানিপ্রবাহ কীভাবে নিশ্চিত করা হবে, তা উল্লেখ করা হয়নি। বাস্তবে দেশের বেশির ভাগ ছোট নদীতে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি থাকে না, যা বোরো ধান চাষের সেচের জন্য প্রয়োজনীয়।

এ ছাড়া নীতিমালায় বলা আছে, কোনো জলাধারের পানি পুরোপুরি আহরণ করা যাবে না (নীতি ৭)। কিন্তু কতটা পানি তোলা যাবে এবং সেটি কীভাবে নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করা হবে, তার কোনো দিকনির্দেশনা নেই। ফলে শুষ্ক মৌসুমে অপর্যাপ্ত পানির জলাধার থেকে সেচের পানি আহরণ সাধারণভাবে নিরুৎসাহিত হতে পারে।

তাহলে প্রশ্ন ওঠে, বোরো ধান চাষ, যা দেশের মোট ধান উৎপাদনের অর্ধেকেরও বেশি দেয় এবং যেটিতে প্রচুর সেচ দরকার, তা কীভাবে হবে? পানি সংরক্ষণের স্বার্থে ধানের সেচ ব্যবস্থাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যার সমাধান করতে হবে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত না করে। আসুন, একটি সম্ভাব্য ও কার্যকরী সমাধান নিয়ে কথা বলি।

ধান চাষে পানি সাশ্রয়ের কার্যকর উপায় ২০০৪ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বোরো মৌসুমের সেচকে আরও দক্ষ ও পানি সাশ্রয়ী করতে একটি প্রযুক্তির প্রবর্তন করে– অলটারনেটিভ ওয়েটিং অ্যান্ড ডাইং (এডব্লিউডি)। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে এডব্লিউডি ভালো ফল দিয়েছে। কিন্তু দুই দশকের গবেষণার পরও প্রযুক্তিটি দেশে খুব একটা ছড়ায়নি। এর মূল কারণ আমাদের দেশের পানি-কৃষি-পরিবেশ নীতিমালা ও প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা। অন্যদিকে সরকারি নীতিমালার মাধ্যমে সৌরচালিত সেচ ব্যবস্থাকে উৎসাহিত করা হয়েছে, যা পানি উত্তোলনের খরচ আরও কমিয়েছে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়িয়েছে। ফলে একদিকে এডব্লিউডি নিরুৎসাহিত হয়েছে, অন্যদিকে পানির সংকট আরও বেড়েছে।

নীতি সমন্বয়ই মূল চাবিকাঠি যদিও পরিবেশ অধিদপ্তরের নীতিতে এডব্লিউডির উল্লেখ আছে; কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা খুবই সীমিত। আমরা চাই রাজনৈতিক দলগুলো এ প্রযুক্তিকে অগ্রাধিকার দিক। আমাদের লক্ষ্য হওয়া উচিত পানি, কৃষি ও পরিবেশের সুরক্ষা। এ জন্য নীতিগত অসংগতি দূর করা এবং পরিবেশবান্ধব, কার্যকর ও টেকসই প্রযুক্তির ব্যবহার জরুরি।

আমরা যেমন চাই আমাদের ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পানিসম্পদ, তেমনি চাই খাদ্য নিরাপত্তা ও বাসযোগ্য পরিবেশ। এই লক্ষ্যে শুধু এডব্লিউডি বা এ ধরনের পানি সাশ্রয়ী প্রযুক্তিকে কৃষি সম্প্রসারণের মূলধারায় আনতে পারলে দেশের পানি সংকট যেমন অনেকটা কমবে; কৃষকদের জন্য খাদ্যশস্য চাষ হবে লাভজনক, আর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ এগিয়ে যাবে আরও কয়েক ধাপ। ড. সোহেল রানা: পরিবেশ ও কৃষিপ্রযুক্তি বিষয়ক গবেষক, বন বিশ্ববিদ্যালয়, জার্মানি srana@uni-bonn.de, রায়হানুল ইসলাম: গবেষক, বন, জার্মানি rayhanul.islam09@gmail.com