জাতীয় নির্বাচন সামনে রেখে জোট গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে জোরদার। এর আগে আসন সমঝোতার আলোচনা চলছিল। এটা বেড়েছে নির্বাচনের সময়সীমা সুনির্দিষ্ট হওয়ার পর। তপশিল ঘোষিত হতে যাচ্ছে। এ অবস্থায় প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার কার্যক্রম চলমান। আসন সমঝোতা, জোটের বিষয় স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকায় অবশ্য কিছু পরিবর্তন আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীই যে এ মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী– তাতে কারও সন্দেহ নেই। আসন সমঝোতা বা জোট; যেটাই হোক, সে ক্ষেত্রেও বিএনপি ও জামায়াত ঘিরে অন্যান্য দল আবর্তিত হচ্ছে।
‘দ্বি-দলীয় রাজনীতির বৃত্ত’ থেকে বেরিয়ে আসার আওয়াজ অবশ্য নতুন নয়। এমনটিও বলা হতো, বিএনপি ও আওয়ামী লীগ আসলে একই রাজনীতি করছে। তবে দেশের মানুষ দু’ভাগে বিভক্ত হয়ে একেক নির্বাচনে একেক দলকে ক্ষমতাসীন করেছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতেই কেবল ঘটেছে ক্ষমতার পালাবদল। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিরোধী দল ক্ষমতায় আসতে পারেনি। জোট গঠন করেও লাভ হয়নি। ২০১৮ সালের নির্বাচন এর বড় উদাহরণ। সেটা ‘রাতের ভোট’ বলেও পরিচিত। এ ভোটই আবার শেখ হাসিনা সরকারের করুণ পরিণতি নির্ধারণ করে দিয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের আমলে শিগগিরই নির্বাচন হবে না বলে জল্পনা ছিল। বিচার ও সংস্কার সুসম্পন্ন করেই নির্বাচনে যাওয়া উচিত– এমন দাবি ছিল জোরালো। তবে মাঠে থাকা প্রধান দল বিএনপির অবস্থান ও সামগ্রিক পরিস্থিতির চাপে সরকার নির্বাচন এগিয়ে এনেছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও হতে যাচ্ছে এবার। রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট এ দেশে প্রথম। এর আগে কেবল সরকার ব্যবস্থা পরিবর্তন ইস্যুতে গণভোট হয়েছিল। সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটও এ দেশে প্রথম।
সরকার থেকে বলা হচ্ছে, ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার। তপশিল ঘোষণার পর অন্তত এর আলামত দেখতে চাইবে মানুষ। ভোট দিতে স্বভাবতই আগ্রহী তারা। গণঅভ্যুত্থানের পরিণতিতে একটি বড় দল মাঠে অনুপস্থিত হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি হবে না। এর আগের তিনটি নির্বাচন ভোটারের মনোযোগ কাড়তে পারেনি প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলে। ফলও ছিল অনুমেয়। এবার পরিস্থিতি ভিন্ন। নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে এগোচ্ছে সবাই। জয়ী না হলেও উল্লেখযোগ্য আসন নিয়ে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা মাথায় আছে একটি পক্ষের। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বণ্টন হলেও বিরোধী দল রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
গণঅভ্যুত্থানের পর প্রত্যাশা তৈরি হয়েছিল যে, এতে নেতৃত্ব প্রদানকারী ছাত্র-তরুণরা রাজনৈতিক দল গঠন করলে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। ক্ষমতায় যেতে না পারলেও নির্বাচনে ভালো করবে– এমন ধারণাও ছিল। কিন্তু যত দিন গেছে ততই দুর্বল হয়েছে ওই ধারণা। বিভিন্ন জরিপেও সেটা কমবেশি প্রতিফলিত। এনসিপির সমর্থনপুষ্টরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনেও খারাপ করেছে। প্রশাসন, রাজনীতি ও সমাজে ঘটা বিভিন্ন নেতিবাচক ঘটনায় তাদের একাংশের নাম আসায় এরও প্রভাব পড়েছে জনসমর্থনে। তরুণ জনগোষ্ঠীতে জামায়াতের সমর্থন বাড়লেও এনসিপির বাড়েনি। নির্বাচন আসতে আসতে সেটা আরও কমতে পারে। বয়স্কদের মধ্যে তাদের বিষয়ে মনোভাব আরও নেতিবাচক বলে মনে হয়।
আলাদা করে ভোটে দাঁড়ালে এনসিপি একটি আসনও পাবে না বলে ধারণা। এ অবস্থায় এমন পরামর্শও রয়েছে– নির্বাচনে অংশ না নেওয়াই ভালো। ইতোমধ্যে দলটি নিবন্ধিত। পছন্দের প্রতীক পাওয়া নিয়ে লড়াইও কম করেনি। টকশোয় এনসিপি নেতাদের মুখর দেখা যাচ্ছে। নির্বাচনে অংশ না নিলে রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার প্রক্রিয়া বেগবান হবে বলে তাদের আশঙ্কা। নির্বাচনে কেমন ফল হবে, সে বিষয়ে নিশ্চয় ধারণা আছে তাদের। এ কারণে নিজেদের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় থাকলেও আসন সমঝোতা ও জোট গঠনে পিছিয়ে নেই এনসিপি। মাঝে তারা জামায়াত, বিএনপি উভয় দলের সঙ্গেই প্রত্যাশামতো আসন নিয়ে আলোচনা করেছে বলে খবর রয়েছে। এতে দোষের কিছু নেই। নির্বাচন সামনে রেখে পুরোনো আর এনসিপির চেয়ে বড় দলও আসন সমঝোতার প্রয়াস চালাতে পারে। এ ক্ষেত্রে অবশ্য অনেকে নীতির প্রশ্ন তোলেন। বেশি আসন পেলে নীতির প্রশ্ন পাশে সরিয়ে রাখার উদাহরণও কম নেই।
বিচার এবং সংস্কারে জামায়াত ও এনসিপিকে নিকটবর্তী দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল, এনসিপি নির্বাচনেও কোনো না কোনোভাবে জামায়াতের সঙ্গে থাকবে। আসন সমঝোতার খবরে মনে হচ্ছে, বেশি আসন ও জয়ের সম্ভাবনাই এ ক্ষেত্রে তাদের প্রধান বিবেচ্য। আদর্শগত বিবেচনা মুখ্য নয়। আদর্শগত দিকটি অবশ্য এখনও স্পষ্ট করতে পারেনি এনসিপি। দলটিতে নানান ঝোঁক এখনও দৃশ্যমান। সেটা অস্বাভাবিকও নয়। বিভিন্ন দল-মতের প্ল্যাটফর্ম থেকে আসা ছাত্র-তরুণরা গড়ে তুলেছেন এনসিপি। এর আগে তারা যে জাতীয় নাগরিক কমিটি গড়েছিলেন, তাদের সবাই আবার এর অন্তর্ভুক্ত হননি। ইসলামী ছাত্রশিবির থেকে আসা একাংশের (আপ বাংলাদেশ) কথা এখানে তোলা যায়। হালে এনসিপিসহ তিন দলের যে জোট (গণতান্ত্রিক সংস্কার জোট) গঠিত হয়েছে, তাতেও যুক্ত হয়নি আপ বাংলাদেশ। শোনা যায়, আপ বাংলাদেশ যুক্ত হলে রাষ্ট্র সংস্কার আন্দোলন জোটে আসত না। গণঅধিকার পরিষদও শেষ মুহূর্তে এর অংশ হয়নি, যে কারণেই হোক।
ক্ষমতাপ্রত্যাশী কোনো দলের সঙ্গে আসন সমঝোতা না হওয়াতেই যে তিনদলীয় এ জোটের জন্ম হয়েছে, তাতে সন্দেহ নেই। জোট গঠন করেও তারা আসন সমঝোতা বিষয়ে আরও জোরালোভাবে আলোচনা শুরু করতে পারেন। হয়তো সেটাই এর লক্ষ্য। জোটের সম্প্রসারণও হতে পারে। তপশিল ঘোষণার পর এসব প্রক্রিয়া আরও দৃশ্যমান হবে। ‘জোট’ গঠন করে কার্যক্রম সবার আগে শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি প্রার্থীও স্থির করেছে সবার আগে। প্রচারণায়ও সবচেয়ে এগিয়ে। ‘হাইপ’ও বেশি। নির্বাচন আসতে আসতে প্রকৃত বাস্তবতা অবশ্য স্পষ্ট হবে। এনসিপির অবস্থানও স্পষ্ট হবে বলে আশা। তার মধ্যকার প্রবণতাগুলো পরস্পর লড়ে শেষতক বিভক্তও হয়ে পড়তে পারে।
ভালো হতো এনসিপি নিজেদের ফেলে আসা সময়ের দিকে তাকিয়ে বস্তুনিষ্ঠ পর্যালোচনা করলে। গণঅভ্যুত্থানের সাধারণ প্রত্যাশার সঙ্গে নিজেদের চিন্তাভাবনা ও কার্যক্রম তুলনা করে দেখা বোধ হয় সবচেয়ে জরুরি। আর আগামী নির্বাচনই তো শেষ কথা নয়। এটা বরং নতুন এক পর্বে আমাদের নিয়ে যাবে, যেখানে মুক্তির অন্বেষা পাবে নতুন রূপ। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন তার দুয়ার খুলে দিতে পারে। সেখানে পার্লামেন্টে যেতে না পারা দলটিও হয়তো ভূমিকা রাখতে পারবে। সেদিকে তাকিয়েই কি গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেছেন, তাদের জোট নিছক নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট? ‘জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্ন’ সামনে রেখেই নাকি তারা ঐক্যবদ্ধ হয়েছেন। এ লক্ষ্য অর্জনে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে থাকতে হবে, সন্দেহ নেই। তার আগে আসছে নির্বাচনটা হতে হবে সুষ্ঠু। এটা বানচাল করার শক্তি যেন কোনোভাবে সফল না হয়। হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক
