যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ঢালাওভাবে আরোপ করা শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট। পাল্টা ব্যবস্থা হিসাবে ট্রাম্প অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন, যা বিশ্বের সবদেশের ওপর কার্যকর হবে। ১৯৭৪ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী, এই ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য কোনো আইন বলে বা আইনের ধারা বলে আগের শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে অনুসন্ধান করতে প্রশাসনের কর্মকর্তাদের তিনি নির্দেশও দিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে প্রণীত জরুরি অর্থনীতি আইনের আওতায় ২০২৫ সালে ২ এপ্রিল নতুন শুল্কনীতি ঘোষণা করেন ট্রাম্প।
সেই নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে, এমন সব দেশের ওপর ১৯ শতাংশ ‘বেসলাইন শুল্ক’ আরোপের পাশাপাশি ‘রেসিপ্রোকাল শুল্ক’ আরোপ করেন তিনি। এই শুল্ক নীতির ফলে এক বছরে শুধু শুল্ক থেকে অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার উপার্জন করেছে যুক্তরাষ্ট্র। সুপ্রিমকোর্ট তার রায়ে বলেছেন, ১৯৭৭ সালের আইনটি বিধিবহির্ভূতভাবে ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। ফলে এই আইনের আওতয় যেসব শুল্ক আরোপ করা হয়েছে, তা অবৈধ, তবে এই অবৈধ শুল্ক থেকে উপার্জিত অর্থ কী হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেননি সুপ্রিমকোর্ট। বিশেষজ্ঞদের মতে, আগামীতে নিম্ন আদালতগুলো এই সিদ্ধান্ত দেবেন। বলার অপেক্ষা রাখে না, ট্রাম্পের একতরফা শুল্কনীতি ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে, বিশ্বের এমন সব দেশেই ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হয়। কিছু দেশ বিশেষত চীন এই শুল্কনীতির পাল্টা ব্যবস্থা নিতে তৎপর হয়। অনেক দেশ সমঝোতা বা চুক্তি করে শুল্কচাপ কমাতে সচেষ্ট হয়। এমত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সঙ্গতকারণেই ট্রাম্প এই রায় দেয়ায় বিচারপতিদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। রায়ের জন্য বিচারপতিদের লজ্জিত উচিত বলে তিনি মন্তব্য করেছেন। তাদের দেশপ্রেমের অভাব আছে বলেও উল্লেখ করেছেন। প্রায় এক বছরে ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার উপার্জনের পথ বন্ধ হওয়ায় তার ক্ষুদ্ধ হওয়ারই কথা। তিনি এর পাল্টা ব্যবস্থাও সঙ্গে সঙ্গে নিয়েছেন। অবশেষে পরিস্থিতি কোথাও গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের রেসিপ্রোকাল শুল্ক অবৈধ ঘোষণার পর ট্রাম্প প্রশাসন নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করায় এবং আরো ৫ শতাংশ শুল্ক আরোপ করার সুবিধা থাকায় বিশ্বের বাণিজ্য ব্যবস্থার হিসাব-নিকাশ পাল্টানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্পের শুল্কনীতির আওতায় বাংলাদেশও পড়েছিল। বাংলাদেশের রফতানি খাত বিশেষ করে গার্মেন্ট রফতানি ঝুঁকির সম্মুখীন হয়েছিল। বাস্তবতার এই প্রেক্ষাপটে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বাণিজ্য চুক্তির বিষয়ে দেশের মানুষ বলতে গেলে কিছুই জানে না। জাতীয় নির্বাচনের দুই দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে চুক্তিটি স্বাক্ষর করেছে। চুক্তি নিয়ে ইতোমধ্যেই নানা কথা উঠেছে।
দেশের স্বার্থ ওই চুক্তিতে যথাযথভাবে রক্ষিত হয়নি বলে সাধারণ একটি অভিমত গড়ে উঠেছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারে এভাবে চুক্তি করা সঙ্গত হয়নি। বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত ছিল। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান চুক্তির বিষয়ে পত্রিকান্তরে জানিয়েছেন, মার্কিন প্রশাসন রেসিপ্রোকাল শুল্ক আরোপ করায় বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়। বাংলাদেশকে তার প্রধান রফতানি পণ্য গার্মেন্টের শুল্কহার কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্ক, সামরিক কেনাকাটা, বোয়িং কেনা এবং জাতীয় নিরাপত্তা স্বার্থ লঙ্ঘন হয়, এমন অনেক শর্ত মানতে হয়।
তার মতে, এখন যেহেতু রেসিপ্রোকাল শুল্ক বাতিল হয়েছে, সুতরাং এই চুক্তির কার্যকারিতা আর থাকার কথা নয়। আর চুক্তি তো স্বাক্ষর হয়েছে, কার্যকর হয়নি। সেজন্য ৬০ দিন সময় আছে। যেহেতু চুক্তি থেকে বাংলাদেশ তেমন কোনো সুবিধা পাচ্ছে না, কাজেই বাংলাদেশের উচিত চুক্তি পুনর্মূল্যায়নে দ্রুত পদক্ষেপ নেয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ থেকে পণ্য রফতানির ক্ষেত্রে আরোপ করা রেসিপ্রোকাল শুল্ক ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। পক্ষান্তরে এই শুল্ক বাতিল হওয়ার পর ট্রাম্পের ভিন্ন আইনে ১৯ শতাংশ শুল্ক আরোপের স্থলে মূলত শুল্ক দাঁড়াচ্ছে ১০ শতাংশ অর্থ্যাৎ আগের চেয়ে ৯ শতাংশ কম। এটা বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে লাভজনক। প্রশ্ন হচ্ছে, রেসিপ্রোকাল শুল্ক বাতিল হওয়ার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল বা অকার্যকর প্রতিপন্ন হবে কিনা? অনেকের মতে, যেহেতু রেসিপ্রোকাল শুল্কের কারণে বাণিজ্য চুক্তি, সুতরাং বাণিজ্য চুক্তি বাতিল হবে। আবার অনেকের মতে, রেসিপ্রোকাল শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দুটি পৃথক বিষয়। ফলে একটা বাতিলে অন্যটি বাতিল হবে না। এ নিয়ে কার্যত এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, যার অবসান জরুরি।
যতটুকু জানা, বাণিজ্য চুক্তিতে মোটাদাগে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। চুক্তিতে কৃষি পণ্য বিশেষত তুলা, গম, সয়াবিন ও সয়াজাত পণ্য আমদানির কথা বলা হয়েছে। তুলা আমদানির কারণে গার্মেন্ট পণ্যে শূন্য শুল্কের সুবিধা পাওয়া গেলেও অন্যান্য কৃষিপণ্য আমদানির ফলে দেশের উৎপাদিত সমজাতীয় পণ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ার আশংকা থাকবে। জ্বালানি, সামরিক সরঞ্জাম ও বোয়িং কেনাতে প্রায় একচেটিয়া সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি তো কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এহন প্রেক্ষাপটে বাংলাদেশকে চুক্তির পুনর্মূল্যায়নের বিকল্প নেই। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। বিশেষজ্ঞ ও ওয়াকিবহাল মহল এবং ব্যবসায়ী মহল মনে করে, নতুন নির্বাচিত সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। অবিলম্বে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা ও আলোচনার সূত্রপাত করতে হবে। চুক্তির খুঁটিনাটি পর্যালোচনা ও মূল্যায়ন করতে হবে। জাতীয় স্বার্থের প্রতিকূলে দ্রুত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা অন্তর্বর্তী সরকারের মোটেই উচিত হয়নি। চুক্তি না করলে এখন চুক্তি নিয়ে আমাদের ভাবতে হতো না। চুক্তি বলে বাংলাদেশি পণ্যে শুল্ক রেয়াতে যতটা সুবিধা পাওয়ার কথা, রেসিপ্রোকাল শুল্ক বাতিল হওয়ার ফলে তার চেয়ে প্রায় দ্বিগুণ শুল্ক বেয়াতের সুবিধা পাওয়া যাচ্ছে। চুক্তি বাতিল হওয়াই সঙ্গত। যদি বাতিল সম্ভব না হয় তবে চুক্তির অনুপুংখ মূল্যায়ন করে জাতীয় স্বার্থানুকূল করা অত্যাবশ্যক। এ ব্যাপারে সরকার জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।
