নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আন্দোলন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আন্দোলনের অংশ হিসেবে বন্দর কার্যক্রমে বিরতি পালনের কর্মসূচি নেয়া হয়েছিল, যাতে কার্যত বন্দর অচল হয়ে পড়ে। আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহল এতে উদ্বেগ প্রকাশ করে। সরকারের তরফে আশ্বাস দিয়ে বলা হয়, প্রয়োজনে সরকার প্রক্রিয়া থেকে সরে আসবে। এ প্রেক্ষিতে ধর্মঘটে দু’দিনের বিরতি দেয়া হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, নৌপরিবহন উপদেষ্টার দেয়া আশ্বাস পূরণ না হওয়ার ফলে আন্দোলনকারীরা ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। এনসিটি ইজারা দেয়ার প্রশ্নে সরকারের আচরণ ও ভূমিকা নিয় গোড়া থেকেই প্রশ্ন রয়েছে।

বন্দরসংশ্লিষ্ট সকল পক্ষ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, এনসিটি তথা বন্দরের সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। এমতাবস্থায়, কোনো বিদেশি কোম্পানির কাছে তা ইজারা দেয়া স্বাধীনতা-সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা উপেক্ষার শামিল। অতএব, কোনো বিবেচনাতেই এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া যাবে না, বিস্ময়ের ব্যাপার, সরকার এসব কথায় কান না দিয়ে ইজারা প্রক্রিয়া চলমান রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। আন্দোলন-ধর্মঘটের বাস্তবতায় নৌপরিবহন উপদেষ্টা এই মর্মে আশ্বাস দিয়েছিলেন যে, স্বল্পতম সময়ের মধ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে এনসিটির ইজরা প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু বাস্তবে দেখা গেলো, সরকার আগের অবস্থানেই দৃঢ় আছে। শুধু তাই নয়, সরকার তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নিবর্তনমূলক ব্যবস্থা বা পদক্ষেপ নিতেও দ্বিধা করেনি। শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি ও হয়রানিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের কার্যক্রমকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বলে অভিহিত করা হয়েছে। এনসিটি ইজারা দেয়ার ব্যাপারে সরকারের এই একগুঁয়েমি ও জেদ কেন, সে প্রশ্ন সঙ্গতকারণেই উঠেছে, যার সুস্পষ্ট জবাব সরকার ছাড়া কারো জানা নেই। এনসিটি ইজারা দেয়ার বিষয়ে সরকার বিশ্বাসযোগ্য ও জনতুষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পক্ষান্তরে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা এর বিরোধিতা করছে। সরকারের উচিত ছিল এই বিরোধিতাকে বিবেচনায় নিয়ে ইজারা প্রক্রিয়া থেকে সরে আসা। সরকার তা না করে আন্দোলন উসকে দেয়ার পথই বেছে নিয়েছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক।

চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানির প্রধান বন্দর হিসেবে বিবেচিত। এ বন্দর দিয়ে আমদানি-রফতানির তিন-চতুর্থাংশের বেশি সম্পাদিত হয়। এনসিটি হলো বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধুনিক টার্মিনাল। এটা অত্যন্ত লাভজনক টার্মিনালও বটে। জাতীয় অর্থায়নে তৈরি এমন একটি টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া জাতীয় স্বার্থের সরাসরি প্রতিকূল। এই অন্যায্য উদ্যোগের কারণে এখন বন্দরের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার দায়ভার সরকারকেই বহন করতে হবে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বন্দর অচল হওয়ার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে গার্মেন্ট ব্যবসায়ীদের। তারা যথাসময়ে রফতানি কার্যক্রম চালাতে পারবেন না। এমনিতেই তারা ভিয়েতনাম, ভারত ও অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছেন না।

অর্ডার কমে গেলে বা বাতিল হয়ে গেলে তাদের প্রতিযোগিতাসক্ষমতা স্বভাবতই হ্রাস পাবে এবং গোটা শিল্পই অনাকাক্সিক্ষত ক্ষতির মধ্যে নিক্ষিপ্ত হবে। আগের ২৮ ঘণ্টার ধর্মঘটে কার্গো ডেলিভারি, ভ্যাসেল মুভমেন্ট, লোডিং-আনলোডিং ইত্যাদি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। এখন পুনরায় একই পরিস্থিতি দেখা দিয়েছে। এতে ক্ষতির মাত্রা ও পরিমাণ যে বাড়বে, তাতে সন্দেহ নেই। আরো একটি বিষয়ও উল্লেখ করা দরকার। এ মাসেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। এ মাসে পণ্য আমদানি বেড়ে যায়। রমজানের জন্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, খালাস, বাজারজাতকরণ সম্পন্ন না হলে রোজাদাররা বিপাকে পড়বে। পণ্যের সংকট দেখা দেবে এবং অতিরিক্ত দামে তাদের পণ্য কিনতে হবে। এই প্রেক্ষাপটে যতদ্রুত সম্ভব উদ্ভূত সমস্যার সমাধানের বিকল্প নেই। বন্দর বা টার্মিনাল ইজারা নেওয়া বা দেয়া কোনো বিরল ঘটনা নয়। কিন্তু সেই ইজারা চুক্তি হতে হবে ইজারা দেয়া দেশের স্বার্থের অনুকূলে। চুক্তি হতে হবে স্বচ্ছ ও যৌক্তিক। আলোচ্য চুক্তি কতটা স্বচ্ছ ও যৌক্তিক ও জাতীয় স্বার্থানুকূল তা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তি না করাই হবে উত্তম।

অন্তর্বর্তী সরকার তার শেষ সময়ে কতিপয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কচুক্তি, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইত্যাদি এই পদক্ষেপগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব চুক্তির মধ্যে কী আছে, দেশের মানুষ তা জানে না। অথচ, তাদের না জানিয়েই চুক্তিগুলো করা হয়েছে বা হচ্ছে। একইভাবে সরকারের বিদায় বেলায় এমন কিছু প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা বিতর্কযোগ্য। চরম অর্থাভাবে যখন গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে, তখন বিপুল ব্যয়সাপেক্ষ ও প্রশ্নবিদ্ধ কিছু প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটে ১৯৫২ কোটি, কুমিল্লায় ১৫০০ কোটি ও পটুয়াখালীতে ৪০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। অন্যদিকে ঋণে জর্জরিত ওয়াসার সেবার উন্নয়নে প্রকল্প না নিয়ে নেয়া হয়েছে ৭১১ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রশিক্ষণ একাডেমি নির্মাণের প্রকল্প। এসব প্রকল্প সম্পর্কে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘বুঝাই যাচ্ছে, এসব প্রকল্পের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র আছে এবং তা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে।’ উল্লেখ করা যেতে পারে, অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার। তার রাজনৈতিক অভিলাষ থাকার কথা নয়। তাহলে এরকম রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রকল্প কেন সে নিলো? মনে হচ্ছে, শেষ সময়ে এসে অন্তর্বর্তী সরকার নিজেকে বিতর্কিত সরকার হিসেবে প্রতিপন্ন চেষ্টায় মেতে উঠেছে। কেন, তা সরকারই ভালো বলতে পারবে। পর্যবেক্ষক মহল মনে করে, এটা সরকারের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। অরাজনৈতিক ও নিরপেক্ষ এবং দেশ ও মানুষের কল্যাণপ্রয়াসী সরকার হিসেবে বিদায় নেয়াই তার জন্য বেহতর হবে। অতএব, এনসিটি ইজারা চুক্তিসহ অস্বাক্ষরিত যেসব চুক্তি রয়েছে এবং যেসব বিতর্কিত উন্নয়ন প্রকল্প সরকার অনুমোদন করেছে, সেসব উদ্যোগ ও পদক্ষেপ থেকে সরে আসা তার জন্য মঙ্গলজনক হবে। আগামী নির্বাচিত সরকারের জন্য এসব রেখে দেয়াই হবে সবচেয়ে বিচক্ষণতার পরিচায়ক।