লিটারপ্রতি ৬ টাকা বৃদ্ধি করিয়া বোতলজাত প্রতি লিটার সয়াবিন তৈলের দাম সরকার হতাশাজনকভাবে ১৯৫ টাকা নির্ধারণ করিল। রবিবার সমকাল অনলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহিত বৈঠক করিয়া বাণিজ্য মন্ত্রণালয় আরও ঘোষণা দিয়াছে, সোমবার হইতে এক লিটার খোলা সয়াবিন তৈল ১৭৬ টাকা এবং এক লিটার খোলা পামঅয়েল ১৬৬ টাকায় বিক্রয় হইবে।
বস্তুত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিরেকে গত সপ্তাহে ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তৈলের দাম ভোক্তা পর্যায়ে লিটারে ৯ টাকা বৃদ্ধি করিয়াছিল। উহাতেই এক প্রকার সিলমোহর লাগানো হইল। সয়াবিন তৈলের এই মূল্য বৃদ্ধি এমন সময়ে ঘটিয়াছে যখন বাজারে চাউলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যেরই দাম ঊর্ধ্বমুখী। পেঁয়াজের দর পুনরায় বৃদ্ধি পাইয়াছে; সবজির দামও কমিতেছে না। সয়াবিন তৈল অধিকাংশ মানুষের প্রাত্যহিক রান্নায় ব্যবহৃত হয়। তজ্জন্য এই মূল্যবৃদ্ধি মানুষকে আরও ভোগাইবে। এই বৎসরই ইতোপূর্বে দুইবার ভোজ্যতৈলের মূল্য বৃদ্ধি পাইয়াছে।
এপ্রিল মাসে বোতলজাত সয়াবিন তৈলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধি করিয়া ১৮৯ টাকা করা হয়। একই সময়ে প্রতি লিটার খোলা সয়াবিন ও পামঅয়েলের দাম ১২ টাকা বৃদ্ধি করিয়া ১৬৯ টাকা করা হয়। গত অক্টোবরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তৈলের দাম বৃদ্ধি করিয়া ধার্য করা হয় ১৯৫ টাকা; প্রতি লিটার খোলা সয়াবিন তৈলের দাম হয় ১৭৭ টাকা। এক বৎসরে এতবার মূল্যবৃদ্ধি শুধু অস্বাভাবিক নহে; অমানবিকও বটে। উপরন্তু অন্য কয়েকবারের ন্যায় এইবারও মূল্যবৃদ্ধির ঘটনা ঘটিল সরকারের অগোচরে। সেই কারণেই বিষয়টি খতাইয়া দেখা জরুরি।
বিস্ময়কর হইল, বাণিজ্য উপদেষ্টা তৈল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলিয়াছেন। সংবাদমাধ্যমের খবর অনুসারে, ইতোমধ্যে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়াছে। তথাপি সয়াবিন তৈলের দাম পূর্বাবস্থায় যায় নাই। এইদিকে, সয়াবিন তৈলের এই মূল্যবৃদ্ধি ঘটিয়াছে যখন আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী। ইহা স্পষ্ট, ব্যবসায়ীরা কারসাজি করিয়া সিন্ডিকেটের মাধ্যমেই মূল্য বৃদ্ধি করিয়াছে। আমরা জানি, ভোজ্যতৈলের অভ্যন্তরীণ চাহিদার পাঁচ ভাগের চার ভাগই আমদানি করিতে হয় এবং গুটিকয়েক কোম্পানি এই তৈল আমদানি করে বলিয়া এইখানে সিন্ডিকেট করা অসম্ভব নহে। এই সিন্ডিকেট ভাঙ্গিতে হইলে এবং তৈলের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কেবল সাত-আটটি নহে, বরং আরও অধিক প্রতিষ্ঠানকে আমদানির সুযোগ দিতে হইবে। ভোজ্যতৈল লইয়া যাহাতে কৃত্রিম সংকট তৈয়ার না হয়, তজ্জন্য আমদানি, বিতরণ ও ভোক্তা পর্যায়ে বিপণনে কঠোর তদারকি নিশ্চিত করিতে হইবে। বাজার স্থিতিশীল রাখিতে সরকার টিসিবির মাধ্যমে তৈল ক্রয় করিলেও উহার সুফল পাওয়া যাইবে। সমকালের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে টিসিবির জন্য দেড় কোটি লিটার ভোজ্যতৈল ক্রয় করিবার প্রস্তাবে অনুমোদন দেওয়া হইয়াছে। আমরা চাই, যত দ্রুত উহা ক্রয়ের ব্যবস্থা করা হউক। এতদ্ব্যতীত পেঁয়াজের ন্যায় কৃষকদের প্রণোদনা দিয়া সরিষার উৎপাদন বৃদ্ধি করিয়া সরিষার তৈল উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ব্যবহার বৃদ্ধি করা যাইতে পারে। তৎসহিত সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির সক্রিয়তাও কম গুরুত্বপূর্ণ নহে।
বাজার নিয়ন্ত্রণ এবং স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে বাজারমূল্য অপেক্ষা কম দামে টিসিবি যে ভোজ্যতৈল, ডাউল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রয় করিয়া থাকে, উহা আরও সম্প্রসারণ প্রয়োজন। আমরা চাই, সরকার বাজারের পণ্য সরবরাহ নিশ্চিত করিয়া তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখুক।
ভোজ্যতৈলরূপে সয়াবিনের উপর মানুষের যেই ভরসা, তথায় এই মূল্য বৃদ্ধি অগ্রহণযোগ্য। মনে রাখিতে হইবে, ভোজ্যতৈলের মূল্য এমনিতেই অধিক। নূতন করিয়া মূল্য বৃদ্ধির কোনো কারণ থাকিতে পারে না। বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সহিত বিষয়টি লইয়া বৈঠক করিবার কথা জানাইয়াছেন। আমরা মনে করি, ইহাতে একটি সঠিক সমাধান আসিবে।
