সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ধারাবাহিকভাবে মৌয়ালের সংখ্যা হ্রাস পাইবার বিষয়টি কাকতালীয় নহে। গত বৃহস্পতিবার সমকালে প্রকাশিত ‘মৌয়ালের মনে বনদস্যুর ভয়’ শীর্ষক প্রতিবেদনটি মধু আহরণকারীদের লবণাক্ত বাস্তবতাই তুলিয়া ধরিয়াছে। বস্তুত মৌয়ালের সংখ্যা এবং মধু ও মোম আহরণের পরিমাণ হ্রাস কেবল সম্প্রদায়বিশেষের অর্থনৈতিক সংকট নহে; সুন্দরবননির্ভর উপকূলীয় জীবিকা, বনসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতারও সূচক।

আমরা জানি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক মধু জিআই স্বীকৃতিপ্রাপ্ত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত। উহা যদ্রূপ হাজারো পরিবারের আয়ের অন্যতম উৎস, তদ্রূপ দেশের প্রধান সম্পদও বটে। দুঃখজনক হইলেও সত্য, তথাকার মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করিতে পারিতেছে না প্রশাসন। সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা, মৌয়ালদের নিকট চাঁদা দাবি, অপহরণ ও মুক্তিপণের ভয়ে প্রকৃত বনজীবীগণ মধু সংগ্রহে নিরুৎসাহিত হইতেছেন। অথচ বন বিভাগ হইতেই বনজীবীরা মধু সংগ্রহের অনুমতিপত্র সংগ্রহ করিয়া থাকেন। এমনকি বুধবারই সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ এই বৎসরের কার্যক্রমের উদ্বোধন করিয়াছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ইহার পরও যদি দস্যুদের সহিত দরকষাকষি করিয়া পেশাজীবীদের বনে প্রবেশ করিতে হয়, তাহা হইলে আইনশৃঙ্খলা বাহিনী কী করিতেছে?

একই সঙ্গে চোরাই ও অদক্ষ মধু আহরণের বিষয়ও গুরুত্বপূর্ণ। তথায় নির্ধারিত সময়ের পূর্বেই মৎস্য ও কাঁকড়া আহরণের অনুমতিপত্র লইয়া কিছু অসাধু বনজীবী মৌচাক কর্তন করিতেছে। উহাতে প্রকৃত মৌয়ালরা প্রত্যাশিত মধু পাইতেছেন না। উপরন্তু মধুর উপযুক্ত উৎপাদনও সম্ভবপর হইতেছে না। সুন্দরবনের মধুর চাহিদা ও মূল্য বৃদ্ধির সুযোগে অসাধু চক্র জ্বালানো চিনি মিশ্রিত করিয়া বাজারজাত করিতেছে। ইহাতে যদ্রূপ ভোক্তা প্রতারিত হইতেছে, তদ্রূপ সুন্দরবনের মধুর সুনাম নষ্ট হইতেছে। জনস্বাস্থ্যের প্রশ্নটিও উড়াইয়া দেওয়া যাইবে না। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মধু সংগ্রহের সংকটকে আরও জটিল করিয়া তুলিয়াছে। সমকালের প্রতিবেদকের নিকট মৌয়ালরা বলিয়াছেন, ফাল্গুন-চৈত্রে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় খলিশা, কেওড়া, গেওয়া, গরানসহ বিভিন্ন ফুলগাছে সময়োচিত ও পর্যাপ্ত ফুল ফুটিতেছে না। মৌসুমের শুরুতে মধুর জোগান হ্রাস পাওয়া জলবায়ু পরিবর্তনেরই সরাসরি অভিঘাত, যাহা ভবিষ্যতে আরও ভয়াবহ হইবার আশঙ্কা রহিয়াছে।

বলিবার অপেক্ষা রাখে না, সুন্দরবনের মধু কেবল বনজ পণ্য নহে, ইহা উপকূলের জীবন-জীবিকা, স্থানীয় সংস্কৃতি এবং প্রাকৃতিক অর্থনীতির অংশ। তাই মৌয়ালদের নিরাপত্তা, প্রশিক্ষিতদের জন্য অনুমতিপ্রত্র নিশ্চিতকরণ, বনদস্যু দমন, চোরাই আহরণ বন্ধ, জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা, ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ সকল বিষয়কে সমন্বিতভাবে দেখিতে হইবে। প্রশাসনের নিয়মিত অভিযান, কঠোর শাস্তি এবং স্থানীয় জনসচেতনতা ব্যতীত উহা সম্ভবপর নহে। তৎসহিত বনজ সম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু অভিযোজন পরিকল্পনাও যুক্ত করা জরুরি।

সুন্দরবনের মধু সুরক্ষা উপকূলের হাজারো মানুষের জীবিকা এবং বিশ্ব ঐতিহ্যের ভবিষ্যৎ রক্ষার অংশ। সুন্দরবনের সার্বিক পরিবেশ সংরক্ষণ এবং ইহার নিরাপত্তা নিশ্চিত না হইলে বনের অন্যান্য সম্ভাবনাও কাজে লাগানো কঠিন হইবে। ইহা প্রাকৃতিক সৌন্দর্যের আধাররূপে পর্যটনস্থলই নহে, বরং উপকূলের প্রাকৃতিক দুর্যোগের রক্ষাকবচরূপেও সুন্দরবনের ভূমিকা অনস্বীকার্য। অথচ মনুষ্যসৃষ্ট অবিমৃষ্যকারিতায় বনটি বিভিন্ন দিক হইতে ক্ষতিগ্রস্ত হইতেছে, যাহার অন্যতম মধু আহরণ হ্রাস। বুধবার চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রমের যেই শুভসূচনা প্রতিমন্ত্রী করিয়াছেন, আমরা প্রত্যাশা করিব, নিরাপত্তা ও নিয়ম প্রতিষ্ঠিত হইবার মধ্য দিয়া মৌয়ালরা উহার সুফল ভোগ করিবেন। আমরা বিশ্বাস করিতে চাহি, বনদস্যু অপেক্ষা প্রশাসনের হস্তই দীর্ঘ।