রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। মহান রাব্বুল আলামীন এ মাসের রোজাকে ফরজ করেছেন। যে পাঁচটি স্তম্ভের ওপর ইসলাম ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত তার একটি সিয়াম বা রোজা। মানুষের দৈহিক, মানসিক, আত্মিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে এ মাসের রোজা অত্যন্ত ফলপ্রসূ। সংযম, সহিষ্ণুতা ও আত্মশুদ্ধির অনন্য চেতনায় ভাস্বর মাহে রমজান। মহানবী (সা.) এ মাসকে এক সুমহান মাস হিসেবে অভিহিত করেছেন। এ মাসের প্রথম ১০ দিন রহমত, মধ্য ১০ দিন মাগফিরাত এবং শেষ দিনগুলো জাহান্নাম থেকে মুক্তির। অন্যান্য মাস অপেক্ষা রমজান মাসের শ্রেষ্ঠত্বের বড় কারণ এই যে, এ মাসেই বিশ্ব মানবতার মুক্তিসনদ পবিত্র আল কোরআন নাজিল হয়। পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন, রমজান সেই মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে।

কোরআন, যা মানুষের হেদায়াত, সত্যের পথযাত্রীদের জন্য সু¯পষ্ট পথনির্দেশক আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে। এ মাসেই এমন একটি রাত রয়েছে, যাকে বলা হয় লাইলাতুল কদর বা সৌভাগ্যরজনী। আল্লাহপাক এ স¤পর্কে বলেছেন, এটি (আল কোরআন) কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জান, কদরের রাত কী? কদরের রাত হাজার মাস অপেক্ষাও অধিক উত্তম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পবিত্র রমজান মাস, রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদত কতটা মর্যাদা ও গুরুত্বপূর্ণ তা সহজেই উপলব্ধি করা যায়। পবিত্র কোরআনের আলোকে জীবন গঠনের একটা প্রশিক্ষণ হয় মাহে রমজানে। আত্মিক উন্নয়ন, পবিত্রতা অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের জন্য রমজানের রোজার কোনো তুলনা হয় না। আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তা তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্থ সতর্ক, সংযত ও সাবধান থাকা। আল্লাহর ভয়ে, আখেরাতের জবাবদিহির ভয়ে সব ধরনের অন্যায়, অশ্লীলতা, পাপ ও অপরাধ থেকে দূরে থাকা। বলা বাহুল্য, তাকওয়ার গুণ মানুষকে সকল প্রকার পাপাচার, অন্যায়, অপরাধ, অপকর্ম, অশ্লীলতা, অনিয়ম, দুর্নীতি ও দুষ্কৃতি থেকে মুক্ত রাখতে পারে। রোজা রেখে মিথ্যাচার, পরচর্চা, ক্রোধ, হিংসা, নিন্দা, অহঙ্কার, আত্মগর্ব, কৃপণতা, চোগলখোরী ইত্যাদি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজা রাখা সত্ত্বেও যে ব্যক্তি মিথ্যাচার ও পাপকর্ম থেকে বিরত রইল না, ক্ষুধা ও পিপাসায় কাতর হওয়া ছাড়া রোজা তার কোনো কাজেই এলো না। রোজা মানুষকে প্রকৃত আধ্যাত্মিক ও জাগতিক মানুষ হতে অনুপ্রাণিত করে, কার্যকরভাবে সহায়তা করে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরের নেতৃত্ব ও সাধারণ মানুষ পবিত্র রমজানের শিক্ষা ও নির্দেশনা মেনে তাকওয়া অর্জনে সচেষ্ট হলে একটি শান্তিময় দেশ ও সমাজ গঠন করা সম্ভব হবে।

বাংলাদেশে এমন এক সময়ে পবিত্র মাহে রমজান সমাগত হয়েছে, যখন দীর্ঘ আেেন্দালন-সংগ্রামের পর একটি নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রমজান মাসকে সামনে রেখে বাজার সিন্ডিকেটের অপতৎপরতা ও পণ্যমূল্য বৃদ্ধি সব সময়ই আমাদের দেশে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অথচ বিভিন্ন দেশে অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমিয়ে কিংবা ডিসকাউন্ট দিয়ে থাকে। খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে ব্যবসায়ীরা পণ্যমূল্য কমিয়ে কিংবা ডিসকাউন্ট দিয়ে ক্রেতাদের খুশি রাখে। বিভিন্ন মুসলমান দেশেও রমজান উপলক্ষে পণ্যমূল্য কমিয়ে রোজাদারদের সন্তুষ্ট করা হয়। রোজাকে তারা সহজ করে দেয়। আমাদের দেশে এর ব্যতিক্রম। রমজানকে উপলক্ষ করে ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সরকারি সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। বিগত সময়ে সরকারের মন্ত্রী-আমলারা বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি অথবা যোগসাজশে লিপ্ত থাকার দায়ে অভিযুক্ত ছিল। কিন্তু এবার রমজান মাস শুরুর মাত্র একদিন আগে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই পবিত্র রমজান মাসের শুরুতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আশা করব তার নেতৃত্বাধীন সরকার ও বিরোধিদল এবার রমজানের পবিত্রতা রক্ষা ও রোজাদারের জীবনযাত্রা সহজসাধ্য ও স্বাভাবিক রাখতে সফলকাম হবেন। দেশের মানুষ আর বাজার সিন্ডিকেটের গল্প শুনতে চায়না, দেখতে চায়না। বিএনপি ও জামায়াতের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে যে প্রত্যয় ঘোষিত হয়েছে, এখন থাকে বাজারে ও জনজীবনে তার প্রতিফলন দেখা যাবে, এই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের।

পতিত স্বৈরাচার দেড় দশকের বেশি সময় ধরে দেশে অর্থনৈতিক লুটপাটি ও মাফিয়াতন্ত্র চালিয়েছিল। এ সময় দেশে কর্মসংস্থান সঙ্কুচিত হয়ে বেকারত্বের হার বেড়েছে। ব্যাংকিং সেক্টর ও আর্থিক খাতে ধস নেমে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে ঠেলে দেয়া হয়েছে। কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। এই রমজানে মানুষের পাশে দাঁড়ানো সরকার ও বিত্তবানদের অপরিহার্য কর্তব্য। বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠি, শিল্পগোষ্ঠি, ব্যাংক ইত্যাদির সামাজিক দায়বদ্ধতা থেকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিৎ। রাজনৈতিক দলগুলোও তাদের কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারে। রমজানের শুরুতে দীর্ঘদিন পর একটি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাদেকে বাড়তি দায়িত্বের চাপ ও চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে।

আশা করা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ এবং সরকারের কর্মকান্ডে জনবান্ধব ও কল্যাণমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, সরকারি ও বিরোধীদলের এমপিরা সরকারি প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি না নেয়ার ঘোষণা দিয়েছেন। বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমীর ডা: শফিকুর রহমান বুধবার ফজরের পর নিজ এলাকায় নিজ হাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে নতুন রাজনৈতিক সংস্কৃতির জানান দিয়েছেন। সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি বর্জনের মত অন্যান্ন জনহিতৈষী কর্মকান্ডে সরকারি ও বিরোধী দলের মধ্যে প্রতিযোগীতা হবে, এমনটাই কাম্য। সাধারণত রোজার মাসে চুরি, ছিনতাই, চাঁদাবাজি অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যায়। ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইকারির কবলে পড়ে অনেকে সর্বস্বান্ত হয়ে পড়ে। ফলে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক তৎপর থাকতে হবে। রোজার সময় গ্যাস ও বিদ্যুতের কষ্ট যাতে মানুষ না পায়, এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিল্প প্রতিষ্ঠানে যাতে বেতন-বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত না হয়, এ ব্যাপারে আগাম ব্যবস্থা নিতে হবে। বলার অপেক্ষা রাখে না, রমজান মুসলমানদের মহামিলনের মাস। সবকিছু শুধু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। নিজেদেরও দায়িত্ব নিতে হবে। একে অপরের প্রতি সম্প্রীতি, সমবেদনা ও সহমর্মিতা রমজানের মহান শিক্ষা। বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নানা দিক থেকে আক্রমণ আসছে। ইসলাম শুধু অনুষ্ঠানসর্বস্ব ধর্ম নয়, এর মূল বাণীই হচ্ছে মানবতার উৎকর্ষ। পবিত্র রমজানে মুসলমানের জীবন-জীবিকার সর্বত্র সততা, সংযম ও পবিত্রতার ছোঁয়া লাগুক, এটাই কাম্য।