স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার থেকে তিন দিনে ৫৫টি দলের সাথে মতবিনিময় করবে ইসি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ হয়েছিল, সেগুলোসহ সম্প্রতি নিবন্ধন পাওয়া নতুন চারটি রাজনৈতিক দলের সাথে সংলাপ হবে।

মূলত নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা, বিশেষ করে নির্বাচনী পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পরিচালনায় সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে দলগুলোর সাথে আলোচনা করবে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রায় বছর পেরিয়ে গেছে। কিন্তু তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন সক্রিয় করার গণতান্ত্রিক বিধিব্যবস্থা ফিরিয়ে আনা হয়নি। স্থানীয় সরকার নির্বাচন না হলে সেটি সম্ভব নয়। নাগরিকদের দৈনন্দিন সেবা নিশ্চিত করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং গণতান্ত্রিক প্রতিনিধিত্ব জোরদার করার জন্যই স্থানীয় সরকারের নির্বাচন গুরুত্বপূর্ণ। এতে স্থানীয় পর্যায়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণে বড় ভূমিকা রাখে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজ ও নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছায়।

দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরও স্থানীয় সরকারের নির্বাচন প্রত্যাশিত ছিল। কিন্তু বিএনপি সরকার নির্বাচনের পরিবর্তে বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে, যাদের অনেকেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত অথবা দলীয় মনোনয়ন না পাওয়া। দলীয় নেতাদের পুনর্বাসনের এ প্রক্রিয়া সংবিধানের সাথে, এমনকি আদালতের নির্দেশের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হয়েছে— ‘প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে।’ অর্থাৎ স্থানীয় সরকারের প্রতিটি ধাপের প্রশাসন ও কার্যক্রম নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়েই পরিচালনা করতে হবে।

এক বছর পরে এসেও যে নির্বাচনের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে এটি ইতিবাচক। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রত্যাশা ও প্রস্তাবনা জানতে সংলাপের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম পর্যায় হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। ইসির তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। ইউপি নির্বাচনের পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির।

কিন্তু এই মূহূর্তে দেশে কিছুটা অস্থিরতা আছে। পতিত স্বৈরাচার মাথাচাড়া দিচ্ছে। দেশজুড়ে নাশকতা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মধ্য দিয়ে তাদের পুরনো স্বরূপ উন্মোচন করেছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।