রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান এই ভূখণ্ডের নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়াকে যে ভাষায় কটূক্তি করিয়াছেন; ন্যূনতম জ্ঞানসম্পন্ন কোনো মানুষ তাহার প্রতিবাদ না করিয়া থাকিতে পারে না। বুধবার প্রকাশিত সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রদত্ত এক পোস্টে বেগম রোকেয়ার বিভিন্ন রচনা হইতে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে কিছু অংশ উদ্ধৃত করিয়া উক্ত শিক্ষক বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ আখ্যা দেন। প্রসঙ্গবহির্ভূত এহেন মন্তব্য শুধু অনভিপ্রেত নহে; সংবিধানবিরুদ্ধও বটে। সংবিধানে কাহারও বক্তব্য বা রচনার জন্য সমালোচনা অনুমোদন করা হইলেও সমালোচিত ব্যক্তিকে অপমান করিবার অধিকার সমালোচনাকারীকে প্রদান করা হয় নাই। উপরন্তু এহেন মন্তব্য সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে ঘৃণা ছড়ায়, যাহা প্রচলিত আইনেও স্বীকৃত নহে। বেগম রোকেয়া এমন সময়ে জন্মগ্রহণ করিয়াছিলেন যখন নারীর জন্য ঘর হইতে দুই পা বাহিরে ফেলাও নিষেধ ছিল। এই সকল কিছুর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে বেগম রোকেয়া অক্লান্ত পরিশ্রম ও লেখালেখি করিয়াছেন। তাহারই ফলস্বরূপ শত বৎসর পর বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের নারীরাও গৃহের চৌকাঠ অতিক্রম চলিতে-ফিরিতে পারিতেছেন। শিক্ষা-চাকুরিসহ সর্বক্ষেত্রে দেশের গণ্ডি ছাড়াইয়া পাড়ি জমাইতে পারিয়াছেন বিদেশেও। উক্ত গর্হিত মন্তব্যের মধ্য দিয়া তাই নারীসমাজ ও নারীশিক্ষাকেও হেয় করা হইয়াছে বলিয়া আমরা মনে করি।
যিনি এই মন্তব্য করিয়াছেন, তিনি আবার সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। যেইখানে স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নারীশিক্ষা ও প্রগতির পক্ষে অবস্থান গ্রহণের কথা, সেইখানে এহেন মন্তব্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও উদ্বেগের জন্ম দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হইল, উক্ত শিক্ষক এমন সময়ে এই অপপ্রচারে লিপ্ত হইয়াছেন যখন সমগ্র জাতি বেগম রোকেয়ার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করিতেছে। বিগত বহু বৎসর যাবৎ বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিবস জাতীয় পর্যায়ে পালিত হইয়া আসিতেছে। গত মঙ্গলবারও উক্ত দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে চার বিশিষ্ট নারীর হস্তে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া পদক’ তুলিয়া দেওয়া হইয়াছে। উক্ত অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করিয়াছেন। এই দিক দিয়া উক্ত শিক্ষকের মন্তব্যটি রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানেরও অযৌক্তিক বিরুদ্ধাচরণ বলিয়া মনে করিবার যথেষ্ট কারণ ঘটাইয়াছে। অবশ্য গত বৎসর ৫ আগস্টের পর হইতে একদিকে বহু প্রথিতযশা ব্যক্তির সহিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্তানে যেভাবে বেগম রোকেয়ার ভাস্কর্য ও ছবিতে কালি লেপন করা হইয়াছে; কোথাও কোথাও তাঁহার ভাস্কর্য ভাঙচুরও করা হইয়াছে; অন্যদিকে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করিয়াছে। তৎপ্রেক্ষিতে আলোচ্য মন্তব্য বিস্ময়কর কিছু নহে।
আমরা জানি, বেগম রোকেয়ার হাত ধরিয়া শত বৎসর পূর্বে নারী জাগরণের যে যুদ্ধের সূচনা হইয়াছিল, তাহা এখনও চলমান। অদ্যাবধি প্রাপ্য অধিকারের জন্য নারীকে লড়িতে হয় পুরুষতন্ত্রের বিরুদ্ধে। বিগত চার দশকে প্রতীচ্য একাডেমিতে উত্তর-ঔপনিবেশিক ও নারীবাদের উত্থানে বেগম রোকেয়ার নাম অত্যন্ত গুরুত্বের সহিত উচ্চারিত হইয়াছে। নব্বই দশকের শেষের দিকে যখন বিদেশি উচ্চশিক্ষার পীঠস্থানগুলিতে তৃতীয় বিশ্বের নারীবাদ চর্চার বিকাশ ঘটিতেছিল, তখনও বেগম রোকেয়ার নাম ছিল প্রথম সারিতে। তাঁর রচিত ‘সুলতানাস ড্রিম’ (১৯০৫) কেবল জাতীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও উচ্ছ্বসিত প্রশংসা পাইয়াছে। এতদ্ব্যতীত ‘পদ্মরাগ’ (১৯২৪), ‘অবরোধবাসিনী’ (১৯৩১) প্রভৃতি রচনায় তাঁহার অসাধারণ চিন্তার প্রকাশ ঘটিয়াছে। অতএব কেহ চাহিলেই বেগম রোকেয়ার নাম মুছিয়া ফেলিতে পারিবে না। তবে শিক্ষক মাহমুদুল হাসানের মতো যাহারা সমগ্র নারীসমাজের বিরুদ্ধে তৎপরতা চালাইতেছে, তাহাদিগের বিরুদ্ধে আইন ও সামাজিক-সাংস্কৃতিক পদক্ষেপ গ্রহণ জরুরি হইয়া পড়িয়াছে। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে, আমরা তাহা দেখিবার অপেক্ষায় আছি। তাই সরকার, তৎসহিত সমাজের সচেতন অংশকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ লইতে হইবে।
