বাংলাদেশে নতুন শনাক্ত এইচআইভি সংক্রমিতদের মধ্যে শিক্ষার্থীদের অংশ বাড়ছে। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী, যা মোট শনাক্তের প্রায় ১৭ শতাংশ। ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের অংশ ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। ২০২৫ সালে নতুন শনাক্তদের ২১ শতাংশের বেশি ছিলেন ২০-২৪ বছর বয়সী এবং প্রায় ৫ শতাংশ ১৫-১৯ বছর বয়সী। বাংলাদেশ যেহেতু তরুণনির্ভর অর্থনীতির দেশ এবং কর্মক্ষম জনগোষ্ঠীর বড় একটি অংশ এ বয়সসীমায় অবস্থান করছে, তাই তাদের মধ্যে এইচআইভি সংক্রমণের ঊর্ধ্বগতি উদ্বেগজনক। বিষয়টি তরুণদের যৌনস্বাস্থ্যবিষয়ক জ্ঞান, স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ এবং সংক্রমণ প্রতিরোধে বিদ্যমান উদ্যোগের কার্যকারিতা পর্যালোচনার প্রয়োজনীয়তা সামনে আনছে।

কৈশোর ও তারুণ্য জীবনের এমন একটি পর্যায়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি সম্পর্ক, যৌনতা ও ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। কিন্তু বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এসব বিষয়ে খোলামেলা আলোচনা এখনো সীমিত। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য দেয়ার প্রবণতা কম। ফলে তরুণদের একটি অংশ নির্ভরযোগ্য তথ্যের পরিবর্তে বন্ধু, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনির্ভরযোগ্য অনলাইন উৎসের ওপর নির্ভর করে। এইচআইভি কীভাবে ছড়ায়, কীভাবে প্রতিরোধ করা যায়, কখন পরীক্ষা করানো প্রয়োজন এবং সংক্রমণ শনাক্ত হলে কী ধরনের চিকিৎসা পাওয়া যায়, এসব বিষয়ে স্পষ্ট ধারণার অভাব ঝুঁকি বাড়াতে পারে। যৌনস্বাস্থ্য নিয়ে নীরবতা বজায় রেখে তরুণদের নিরাপদ আচরণে উদ্বুদ্ধ করা সম্ভব নয়, বরং তথ্যের ঘাটতি ও সামাজিক সংকোচের সুযোগে ভুল ধারণা প্রতিষ্ঠিত হয়।

এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে বয়সোপযোগী যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এ শিক্ষা কেবল এইচআইভি সংক্রমণের উপায় বা প্রতিরোধের তথ্য দেয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিরাপদ যৌন আচরণ, সম্মতি, ব্যক্তিগত স্বাস্থ্য, যৌনবাহিত সংক্রমণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, নির্ভরযোগ্য শিক্ষাসামগ্রী এবং পরামর্শসেবার ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালু করা দরকার।

সচেতনতার পাশাপাশি এইচআইভি পরীক্ষা করানোর সুযোগও বাড়াতে হবে। বাংলাদেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের আনুমানিক সংখ্যা ১৭ হাজার ৪৮০। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। অর্থাৎ সংক্রমিত মানুষের একটি অংশ এখনো শনাক্তের বাইরে। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মাত্র ২৩ জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা রয়েছে। জেলা পর্যায়ে সেবার এ সীমাবদ্ধতা তরুণদের জন্যও বড় বাধা। পরীক্ষা করাতে দূরে যাওয়া, সেবার খরচ, পরিচয় প্রকাশের আশঙ্কা কিংবা স্বাস্থ্য কেন্দ্রে বৈষম্যের শিকার হওয়ার ভয় অনেককে নিরুৎসাহিত করতে পারে। তাই জেলা পর্যায়ে পরীক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তরুণদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করা প্রয়োজন।

এইচআইভি নিয়ে সামাজিক নেতিবাচকতার বিষয়টি বিশেষভাবে গুরুত্বের দাবি রাখে। আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই সামাজিকভাবে হেয় হওয়া, পরিবার ও পরিচিতজনদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়া কিংবা কর্মক্ষেত্রে বৈষম্যের আশঙ্কায় থাকেন। তরুণদের ক্ষেত্রে এ ভয় আরো জটিল হতে পারে। সংক্রমণের বিষয়টি জানাজানি হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সামাজিক পরিসরে কী প্রতিক্রিয়া তৈরি হবে, সেই আশঙ্কায় অনেকে পরীক্ষা করাতে চান না। অথচ এইচআইভি শনাক্ত হওয়া মানেই স্বাভাবিক জীবনযাপনের সুযোগ শেষ হয়ে যাওয়া নয়। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণের মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শনাক্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৫৭৯ জন এ চিকিৎসা নিচ্ছেন। তবে শনাক্তদের সবাই চিকিৎসার আওতায় আসেননি। ফলে পরীক্ষা করানোর পর চিকিৎসা শুরু এবং তা নিয়মিত চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, রোগীর তথ্যের গোপনীয়তা এবং বৈষম্যহীন আচরণ এক্ষেত্রে অপরিহার্য।

তরুণদের মধ্যে সংক্রমণ প্রতিরোধকে কেবল স্বাস্থ্য বিভাগের দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই। শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও যুব উন্নয়নসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক প্রতিরোধসেবা, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।

এইচআইভি সম্পর্কে সচেতনতা ও সতর্কতা তৈরিতে একসময় বিভিন্ন সম্প্রচারমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হলেও বর্তমানে এ ধরনের উদ্যোগ অনেকটাই কমে গেছে। জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যমে প্রচারণা পুনরায় জোরদার করা প্রয়োজন। পাশাপাশি তরুণ ও সাধারণ জনগণের কাছে সহজে পৌঁছাতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।

বিদেশী উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত সচেতনতামূলক কার্যক্রম এক্ষেত্রে ভূমিকা রাখলেও দীর্ঘমেয়াদে শুধু প্রকল্পনির্ভর উদ্যোগের ওপর নির্ভর করা সমীচীন নয়। এইচআইভি প্রতিরোধে সচেতনতা কার্যক্রমকে নিয়মিত ও টেকসই করতে পর্যাপ্ত বরাদ্দ রাখা প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্য খাতের নিয়মিত কর্মসূচির সঙ্গে যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম যুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়নের সক্ষমতা গড়ে তোলা জরুরি। বিদেশী সহায়তা থাকলে তা দেশীয় অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পরিপূরক হিসেবে কাজ করতে পারে, বিকল্প হিসেবে নয়। তরুণদের বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে নিজস্ব অর্থায়নে শিক্ষা, সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসার সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে না পারলে সংক্রমণ প্রতিরোধের উদ্যোগ দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়তে পারে।