চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রতিষ্ঠিত হলে এক লাখ লোকের কর্মসংস্থান এবং ১.৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে আশা করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত সোমবার আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, এ শিল্পাঞ্চল শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন গতি আনবে এবং শিল্পায়নের শক্ত ভিত্তি তৈরি করবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যে কাজ করছে, তাতে এই অর্থনৈতিক অঞ্চলেই এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্ণফুলী নদীর পূর্ব তীরে আনোয়ারার এই ভূমিতে আজ শুধু একটি প্রকল্পের নির্মাণকাজের সূচনা হচ্ছে না, বাংলাদেশে শিল্প রূপান্তরের নতুন ইতিহাস রচিত হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনা, দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় গৃহীত উদ্যোগের বাস্তব প্রতিফলন হচ্ছে এই প্রকল্প। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যেই সিইআইজেডে প্রথম কারখানার উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় ডেভেলপার প্রতিষ্ঠান প্রকল্পটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছিল। তবে প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্য নির্ধারণ করে দেন। ডেভেলপার প্রতিষ্ঠানও সেই সময়সীমার মধ্যে উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক কাজের সূচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহায়তার ভিত্তি রচিত হয়েছে।

২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং যখন ঢাকা সফর করেছিলেন, তখন চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আলোচনা ও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। তবে এক দশকেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। সে সময় ভারতের সেবাদাসের ফ্যাসিস্ট সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। একইভাবে ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়ার সরকার চট্টগ্রামের এই আনোয়ারা এলাকায় দেশের প্রথম ও একক কোনো বিদেশি বিনিয়োগের অর্থনৈতিক জোন কোরিয়ান ইপিজেড স্থাপনে দক্ষিণ কোরিয়ার সাথে চুক্তি করেছিলেন। পরবর্তীতে তা দীর্ঘসূত্রীতায় পরিণত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ইপিজেডের জমির দলিল আটকে রাখায় তা পুরোপুরিভাবে চালু হতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে এই ইপিজেডের জমির দলিল মাত্র দুই মাসে হস্তান্তর করে।

বর্তমানে এখানে ৪৮টি শিল্পকারখানায় প্রায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত। পূর্ণাঙ্গভাবে চালু হলে ব্যাপক বিনিয়োগসহ প্রায় ৩ লাখ লোকের কর্মসংস্থান হবে। কেন ও কি কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এটির জমির দলিল দেয়নি এবং দখলে রেখেছিল, তা বুঝতে অসুবিধা হয় না। অর্থনীতিবিদদের মতে, এতে দেশের প্রভূত অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইপিজেডে যেসব বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ। বর্তমান সরকার আগামী ৮ বছরের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জন কঠিন হলেও অসম্ভব নয়। এজন্য, প্রয়োজন দেশি-বিদেশি ব্যাপক বিনিয়োগ, বিনিয়োগের পরিবেশ ও নিরাপত্তাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা। দেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস হতে পারে চীন।

কারণ, বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীনের অর্থনৈতিক সহায়তা নিয়ে দক্ষিণ অফ্রিকা, ল্যাটিন আমেরিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্রুত উন্নতির পথে হাঁটছে। দেশগুলোতে উন্নয়নের অংশীদার হয়ে চীন শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কোনো সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে নয়, পারস্পরিক স্বার্থ রক্ষা করে চীন বিনিয়োগ ও বাণিজ্যের অবারিত হাত বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মতো চীন ঋণ ও আর্থিক সহায়তা, শুল্ক ইত্যাদিকে অস্ত্র বানিয়ে সাম্রাজ্যবাদী আচরণ করে না। ফলে অনেক দেশ চীনের বন্ধুত্বসুলভ অর্থনৈতিক সহায়তার মাধ্যমে নিজেদের উন্নতির পথ ধরেছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ভারতের দাদাগিরিকে তোয়াক্কা না করে চীনের দিকে ঝুঁকেছে। তারা লাভবান হচ্ছে। তাদের পেছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদেরও পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকারের ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য পূরণে সবচেয়ে বেশি সহায়তা করবে প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনেতিক করিডোর। এই করিডোর বাস্তবায়ন হলে এটি হবে বিদেশি বিনিয়োগের অন্যতম লাইফলাইন। করিডোরটি শুধু বাংলাদেশ চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যুক্ত হওয়ার পাশাপাশি কানেক্টিভিটির মাধ্যমে ইউরোপের দেশগুলোর সাথেও যুক্ত হবে। বাংলাদেশ হবে এই করিডোরের অর্থনৈতিক হাব। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আসার পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হবে, তা কল্পনাতীত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটি বারবার বলেন, আমরা অন্যদেশের উন্নতির উদাহরণ দিতে চাই না, আমরা অন্যদেশের জন্য উদাহরণ হতে চাই, তার এ কথা বাস্তবায়নের অন্যতম মাধ্যম হতে পারে এই অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের মাধ্যমে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সুযোগ তৈরি করেছে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। এই করিডোর বাস্তবায়নে আঞ্চলিক ও ভূরাজনৈতিক বাধাবিপত্তি থাকা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশকে করিডোর বাস্তবায়নের লক্ষ্যকে আঁকড়ে ধরে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এসব বাধা অতিক্রম করতে হবে। যেকোনো উপায়ে করিডোর বাস্তবায়ন করার দৃঢ়তা দেখাতে হবে। এই করিডোরের মাধ্যমে অর্থনীতির যে স্বর্ণদুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তা বন্ধ করা যাবে না। কোনো কারণেই পিছিয়ে যাওয়া যাবে না। এজন্য বিরোধীদলসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। করিডোর দ্রুত বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা মনে করি, চট্টগ্রামে যে চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু হয়েছে, এটি অর্থনৈতিক করিডোরকে অপরিহার্য করে তুলবে। একে করিডোরের সূচনাকেন্দ্রও বলা যায়। ফলে, এই করিডোর বাস্তবায়ন করার অর্থ হচ্ছে, অসীম সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়া। চীন আমাদের পরীক্ষিত বন্ধু। দেশের শীর্ষ উন্নয়ন অংশীদার। সবচেয়ে বড় বিনিয়োগ অংশীদারও। কাজেই দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কোনো অবস্থায়ই চীনের হাত ছাড়া যাবে না। আমরা আশা করি, বিরোধীদলসহ সকলের সহযোগিতা ও ঐকমত্যের ভিত্তিতে সরকার চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেবে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সমৃদ্ধ করার যে সহযোগিতার হাত চীন বাড়িয়ে দিয়েছে, সে হাত শক্ত করে ধরবে। মনে রাখা দরকার, দেশের অর্থনীতি যদি কলাপস বা ধসে পড়ে, তাহলে কোনো দর্শনই টিকে থাকবে না।

বিরোধীদলসহ সকলের সহযোগিতা ও ঐকমত্যের ভিত্তিতে সরকার চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেবে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সমৃদ্ধ করার যে সহযোগিতার হাত চীন বাড়িয়ে দিয়েছে, সে হাত শক্ত করে ধরবে।