গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে যেই চিত্র উঠিয়া আসিয়াছে, যেই কোনো বিচারে উহা ভয়াবহ। কমিশন রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট এই প্রতিবেদন জমা দিয়া সোমবার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনও করিয়াছে। প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলে চার হইতে ছয় সহস্র মানুষ গুম হইয়াছেন বলিয়া কমিশন মনে করে, যদিও কমিশনের নিকট প্রায় দুই সহস্র অভিযোগ আসিয়াছিল, তদন্তে দেড় সহস্রাধিক গুমের ঘটনার সত্যতা মিলিয়াছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এক সহস্র ২৮২ জনকে পরবর্তী সময়ে জীবিত অবস্থায় পাওয়া যায়। ২৫১ জনের আর সন্ধান মিলে নাই। তাহাদের হত্যা করা হইয়াছে বলিয়া কমিশন উপসংহারে উপনীত। অবশিষ্ট ৩৬ জনের লাশ পাওয়া গিয়াছে বিভিন্ন সময়ে। প্রতিবেদন অনুযায়ী, এখনও নিখোঁজ ২৫১ জনের মধ্যে ১৫৭ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। সামগ্রিক বিচারে কমিশন মনে করে, গুমের উদ্দেশ্য ছিল মূলত রাজনৈতিক। অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নিকৃষ্ট পন্থারূপে তৎকালীন শাসকগোষ্ঠী গুমরূপী মানবতাবিরোধী অপরাধের আশ্রয় লইয়ায়াছিল। এই কারণে প্রতিবেদন অনুসারে, সেই সময়ে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাইলেই গুমের সংখ্যা বৃদ্ধি পাইত।
লক্ষণীয়, ২০০৯ সালে গুম শুরু হইলেও কমিশন যদ্রূপ বলিয়াছে, নির্বাচনের পূর্বে গুমের সংখ্যা বৃদ্ধি পাইত। ২০১৩ সালে ১২৮ জন গুমের শিকার হন, যাহা পূর্ববর্তী বৎসরে সংঘটিত গুমের সংখ্যার দুই গুণের অধিক। প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনের পূর্বেও গুম বৃদ্ধি পায়। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে গুমের সংখ্যা ছিল যথাক্রমে– ২১৫, ১৯৪ ও ১৯২। ২০২১ সালে গুমসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে অন্যতম অভিযুক্ত রাষ্ট্রীয় বাহিনী র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞায় গুম হ্রাস পাইলেও ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পূর্বে উহা পুনরায় বৃদ্ধি পায়।
আমরা জানি, ২০১৪ সালে দেশে বিতর্কিত ও একতরফা নির্বাচনের মধ্য দিয়া আওয়ামী লীগ স্বাধীনতার পর তৃতীয় দফায় টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হয়। ২০১৮ সালের নির্বাচনে সকল বিরোধী দল অংশগ্রহণ করিলেও প্রশাসন ও শাসক দলের ব্যাপক জালিয়াতির কারণে উহাও দেশ-বিদেশে চরমভাবে বিতর্কিত হয়। ২০২৪ সালের একতরফা নির্বাচনও ব্যাপক বিতর্কের জন্ম দেয়। জনগণের অংশগ্রহণবিহীন উল্লিখিত নির্বাচনসমূহ দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায় নাই বলিয়া উহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারগুলিও ছিল অগণতান্ত্রিক। স্পষ্টত, অগণতান্ত্রিক শাসনের সহিত গুমের ন্যায় অপরাধ বৃদ্ধির যোগসূত্র রহিয়াছে। এই ধরনের শাসনে সরকারসহ সমগ্র রাষ্ট্রযন্ত্রের জবাবদিহি শূন্যের কাছাকাছি নামিয়া আসে। এই সুযোগে বলিতে গেল সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রই এক প্রকার দানবে পরিণত হয়।
সংবিধান অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী কোনো নাগরিককে সন্দেহবশত বা গুরুতর অপরাধের দায়ে গ্রেপ্তার করিলেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করিতে বাধ্য। কিন্তু বিগত আমলে এ বিধানের আকছার ব্যত্যয় ঘটিত। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বা সাদা পোশাকের ব্যক্তিরা তুলিয়া লওয়ার পর গ্রেপ্তারের কথা অস্বীকার করিত।
কমিশনের প্রতিবেদন বলিতেছে, এই সকল ক্ষেত্রে ভুক্তভোগীকে তিন দিন হইতে এক বৎসর পর হঠাৎ পাওয়া যাইত। কোনো কোনো ভুক্তভোগীকে সড়কে ফেলিয়া যাইত। তবে বৃহৎ অংশকেই কোনো না কোনো মামলায় কারাগারে পাঠানো হইত আদালতের মাধ্যমে। দুর্ভাগ্যবশত, আদালতও সংবিধান ও আইনের এহেন ব্যত্যয় লইয়া প্রশ্ন তুলিত না। আমাদের প্রত্যাশা, গুম কমিশনের পরামর্শ অনুযায়ী গুম সংঘটনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে যদ্রূপ যথাযথ আইনি পদক্ষেপ গৃহীত হইবে, তদ্রূপ ভুক্তভোগী ও তাহার স্বজনদের জন্য উপযুক্ত প্রতিকার নিশ্চিত করা হইবে। সর্বোপরি রাষ্ট্র যেন সর্বদা জনগণের নিকট জবাবদিহি করিতে বাধ্য থাকে– তাহাও নিশ্চিত করা জরুরি।
