প্রাকৃতিক সৌন্দর্যের লীলভূমি কক্সবাজারে উন্নয়নের নামে পরিবেশ–প্রতিবেশ ধ্বংসের আয়োজন কিছুতেই বন্ধ করা যাইতেছে না। মাত্র তিন সপ্তাহ পূর্বে সেখানকার বাঁকখালি নদীর উদ্ধার হওয়া অংশে ইকোপার্ক, রিসোর্ট ইত্যাদি নির্মাণের নামে সমগ্র কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীববৈচিত্র্যে ভরপুর নদীটিকে কার্যত হত্যা করার আয়োজনের কথা আমরা জানিয়াছি। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন বলিতেছে, কক্সবাজারে এখন খোদ সমুদ্রসৈকতের বালিয়াড়ি কাটিয়া সড়ক নির্মাণের প্রকল্প বাস্তবায়িত হইতেছে। ৬৩ কোটি ৫০ লক্ষ টাকার এ প্রকল্পটি গ্রহণ করিয়াছে কক্সবাজার পৌরসভা, যেখানে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট হইতে কলাতলী পর্যন্ত বিস্তৃত সড়কটির প্রশস্ততা হইবে ২৮ মিটার (৯২ ফুট)। বিশেষজ্ঞদের বরাত দিয়া প্রতিবেদনে বলা হইয়াছে, যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শহর রক্ষার যুক্তি উপস্থাপন করিয়া প্রকল্পটি গৃহীত হইলেও বাস্তবে উহা উপকূলের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করিয়া তৈয়ার হইতেছে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবৎসরে সৈকত ঘিরিয়া লওয়া হইয়াছিল একটি সমন্বিত উপকূলীয় সড়ক পরিকল্পনা, যাহার অধীনে কলাতলী হইতে নাজিরারটেক পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক এবং লাবনী পয়েন্ট পর্যন্ত পর্যটনবান্ধব মাল্টিফাংশনাল সড়ক নির্মাণের কথা বলা হইয়াছিল। রহস্যজনক কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন না করিয়া এখন বালিয়াড়ি কাটিয়া আলোচ্য চার লেনের সড়ক নির্মাণ চলিতেছে।

উপকূলের প্রাকৃতিক ঢাল বালিয়াড়ি কোনো অনাবশ্যক বালুর স্তূপ নহে। ইহা সমুদ্রের ঢেউ, জলোচ্ছ্বাস ও ঝড়ের অভিঘাত হইতে স্থলভাগকে সুরক্ষার প্রাকৃতিক বর্ম। ইহার সহিত রহিয়াছে এলাকাটি সমুদ্রের জীববৈচিত্র্যের আবাসস্থল হওয়ার দিক।

বলা বাহুল্য, কক্সবাজারের সুগন্ধা-কলাতলী সৈকত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। উপরন্তু পরিবেশ আইন অনুযায়ী সমুদ্রসৈকতের ৩০০ মিটারের মধ্যে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। স্বাভাবিকভাবেই উক্ত এলাকায় যে কোনো উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশগত বিবেচনা সর্বোচ্চ গুরুত্ব পাইবার কথা। তাই প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্র লইয়া প্রশ্ন উঠিয়াছে। কিন্তু এই ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের বক্তব্য স্পষ্ট নহে। অভিযোগ উঠিয়াছে, কক্সবাজার পৌরসভা পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ‘পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকেই এই বিশাল প্রকল্পের কার্যক্রম শুরু করিয়াছে। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত না করিয়া জনস্বার্থের ছুতা দেখাইয়া এহেন কার্যক্রম চালাইবার সুযোগ নাই বলিয়া আমরা বিশ্বাস করি। এইখানে আইনের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম আট সপ্তাহের জন্য বন্ধ রাখিবার নির্দেশ দিয়াছিলেন। ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগও উক্ত নিষেধাজ্ঞা বহাল রাখিয়াছেন। আদালতের এই নির্দেশের তাৎপর্য হইল, প্রকল্পটির বৈধতা ও পরিবেশগত গ্রহণযোগ্যতা বিচারাধীন। এমন পরিস্থিতিতে আদালতের নির্দেশ যথাযথভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিতকরণ অপরিহার্য।

উন্নয়নের নামে প্রকৃতির ক্ষতি করিবার পর সেই ক্ষতি সামাল দিতে আবার কোটি কোটি টাকা ব্যয় করিবার নজির বাংলাদেশে কম নাই। টেকনাফের সাবরাংয়ে প্রাকৃতিক ঝর্ণার গতিপথ বন্ধ করিয়া অবকাঠামো নির্মাণের পর সমুদ্রের ঢেউয়ে তাহা ক্ষতিগ্রস্ত হইবার উদাহরণও তৈয়ার হইয়াছে। আমরা মনে করি, আদালতের নির্দেশ বহাল থাকা অবস্থায় প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখিতে হইবে। তৎসহিত স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিবেশগত এবং উপকূলীয় ঝুঁকি মূল্যায়ন করিতে হইবে। কক্সবাজারের সৈকত কেবল পর্যটকের বিনোদনস্থল নহে; উহা জীবন্ত প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস হইলে শেষ পর্যন্ত সেখানে পর্যটন ব্যবসাও কার্যত ক্ষতিগ্রস্ত হইবে। কারণ প্রকৃতির সান্নিধ্যই এলাকাটির পর্যটনমূল্য সৃষ্টি করিয়াছে। যেই সৈকত শুধু কক্সবাজার নহে; বিশ্বব্যাপী সমগ্র দেশেরই পরিচয় তুলিয়া ধরে, তাহাকে বিপন্নতার দিকে ঠেলিয়া দেওয়া জাতীয় স্বার্থের প্রশ্নেও অগ্রহণযোগ্য। বিষয়টি সরকারকে যদ্রূপ বিবেচনায় লইতে হইবে, তদ্রূপ এই বিষয়ে সরকারকে বাধ্য করিতে সচেতন নাগরিকদেরও সোচ্চার থাকিতে হইবে।