ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় গত শুক্রবার দুপুরে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের বেশ কয়েকটি কক্ষের দেওয়াল উড়িয়া গিয়াছে; আহত হইয়াছেন নারী-শিশুসহ চারজন। রবিবার প্রকাশিত সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, সিআইডি, অ্যান্টি-টেররিজম ইউনিট ও র‍্যাব টানা দুই দিন অভিযান চালাইয়া ঘটনাস্থল হইতে ৯টি ককটেল, ৪০০ লিটার তরল রাসায়নিক, ল্যাপটপ ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। স্পষ্টতই ঐ ভবনে বোমা তৈরি করা হইতেছিল, যাহা বহু প্রশ্নের জন্ম দেয়।

প্রথমত, স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বলিয়াছে, জননিরাপত্তা বিঘ্নিত করিবার কোনো বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে এই বিস্ফোরক মজুত করা হইয়াছিল কিনা, তাহা খতাইয়া দেখা হইতেছে। কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগ এতদিন কী করিয়াছে? বোমা তৈরির ৪০০ লিটার রাসায়নিক উপকরণ তো নিতান্ত স্বল্প নহে যে তাহা বোতল বা কৌটায় ভরিয়া পরিবহন করা যাইবে। আনিলেও এক দিবসে তাহা সম্ভব নহে, বহুদিনের প্রচেষ্টা প্রয়োজন। পুলিশের ধারাবাহিক নজরদারি থাকিলে নিশ্চয় তাহা ধরা পড়িত। দ্বিতীয়ত, বহুদিন পূর্বেই থানাগুলিতে নির্দেশনা দেওয়া আছে, উহাদের এখতিয়ারাধীন কোনো বাসাবাড়িতে ভাড়াটিয়া আসিলে তাহার পরিচিতিমূলক সমস্ত তথ্য সংগ্রহ করিতে হয়। সেই সকল তথ্য যাচাই করিবারও নিয়ম রহিয়াছে। প্রতিবেদন অনুযায়ী, উক্ত মাদ্রাসার পরিচালক তিন বৎসর পূর্বে বাড়িটি ভাড়া নেন।

যদি স্থানীয় পুলিশ তাহাদের দায়িত্ব ঠিকঠাক পালন করিত, তাহা হইলে নিশ্চয় তাঁহার অতীত যাচাই করা যাইত। স্মর্তব্য, কেহই অকস্মাৎ অপরাধকর্মে যুক্ত হয় না। বোমা প্রস্তুতের কলাকৌশলও এক দিবসে শিক্ষণীয় নহে। এমন নহে যে, বাড়িটি ফাঁকা ছিল; বরং সেইখানে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিল। তাহাদের সহিত অভিভাবকদেরও নিশ্চয় যাতায়াত ছিল। পুলিশ সক্রিয় থাকিলে ঐ শিক্ষার্থী বা তথায় যাতায়াতকারীরাও সতর্ক থাকিত। ইহাও স্মরণে রাখা প্রয়োজন, কেরানীগঞ্জের বিস্ফোরণের ঘটনাটি এমন সময়ে ঘটিয়াছে, যখন দেশে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটিয়াছে, অন্যদিকে রহস্যজনক খুনের ঘটনা তৎসহিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটিতেছে। গত ২৪ ডিসেম্বর খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের পূর্বদিন মগবাজার উড়াল সড়ক হইতে নিক্ষিপ্ত বোমায় এক তরুণের প্রাণহানির ঘটনাটি এই ক্ষেত্রে স্মর্তব্য। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী অপরাধ নিয়ন্ত্রণে সদাসচেষ্ট থাকাই সমীচীন। কিন্তু আলোচ্য ঘটনায় এই বিষয়ে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্যই স্পষ্ট হইল।

অবশ্য দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার একদিকে যেইভাবে বিশেষত শীর্ষ সন্ত্রাসী বলিয়া পরিচিত অনেকের সহিত উগ্রবাদী তৎপরতার দায়ে অভিযুক্তদেরও জামিনের ব্যবস্থা করিয়াছে; অন্যদিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিকে অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালনা করিতেছে, তাহাতে ভিন্ন ফল প্রত্যাশা করা যায় না। দেশে গত ১৭ মাসে যখনই আলোচিত অপরাধমূলক ঘটনা ঘটিয়াছে, তখনই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অতীতের ন্যায় তদন্ত ব্যতিরেকে ঘটনায় দায় আওয়ামী লীগের উপর চাপাইয়াছেন। এই সরকার উক্ত সময়ে ‘ডেভিল হান্ট’ নামক দুই দফা বিশেষ অভিযান পরিচালনা করিয়াছে; কয়েক সহস্র মানুষ গ্রেপ্তারও হইয়াছে। তাদের মধ্যে প্রকৃত অপরাধী কতজন– সেই প্রশ্নও উঠিয়াছে।

সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনার অংশরূপে এই দেশে বিভিন্ন সময়ে বহু বোমা হামলার ঘটনা ঘটিয়াছে। বোমা প্রস্তুত করিতে গিয়া বিস্ফোরণে অনেকের প্রাণহানিও ঘটিয়াছে। অতএব, কেরানীগঞ্জের ঘটনাকে হালকাভাবে দেখিবার কোনো অবকাশ নাই। স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে উহার রহস্য উন্মোচন সম্ভব; দোষীদের আইনের আওতায় আনিয়া এই ধরনের অপরাধের মূলোৎপাটন জাতীয় স্বার্থেই জরুরি।