জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শনিবার অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের যেই আহ্বান জানাইয়াছেন, আমরা উহাকে স্বাগত জানাই। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রমতে, তিনি ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা’ উক্তি উচ্চারণ করিয়া সকলের, বিশেষত রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা চাহিয়াছেন। তিনি যথার্থই বলিয়াছেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভুল বোঝাবুঝি কিংবা উত্তেজনা ঘটিলেও উহা যেন প্রতিশোধ কিংবা প্রতিহিংসায় পর্যবসিত না হয়। দল-মত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাহাই হউক; কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মানিয়া লওয়া হইবে না বলিয়া তিনি যেই প্রত্যয় ব্যক্ত করিয়াছেন, তাহাও সাধুবাদযোগ্য।

আমরা অবশ্য দেখিয়াছি, নির্বাচনে বিজয় উদযাপনে নেতাকর্মীর প্রতি সংযম ও সতর্কতার আহ্বান সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর বিএনপি নেতাকর্মীরা ন্যক্কারজনক হামলা চালাইয়াছে। এহেন হামলা বন্ধের পাশাপাশি সংঘটিত হামলাগুলির জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনের আওতায় না আনা হইলে গত ১৮ মাস যাবৎ দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলার আরও অবনতি ঘটিতে পারে। সেই ক্ষেত্রে ন্যায়পরায়ণতাকে আদর্শ হিসেবে লইয়া বিএনপির চেয়ারম্যান দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যেই অঙ্গীকার করিয়াছেন, উহা কথার কথা হইয়া থাকিতে পারে। ক্ষমতাসীন বা বিরোধী দল; সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হইবে বলিয়া তিনি যেই প্রতিশ্রুতি ব্যক্ত করিযাছেন, উহার বাস্তবায়নও শপথ গ্রহণের পর প্রথম দিন হইতে শুরু করিতে হইবে। নিঃসন্দেহে আলোচ্য আহ্বানে বিরোধীরা সাড়া না দিলে ক্ষমতাসীন দলের একার পক্ষে প্রতিশ্রুতিসমূহ কার্যকর করা সম্ভবপর নাও হইতে পারে। জাতীয় সংসদকে কার্যকর করিবার পাশাপাশি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাও তাই দুরূহ হইয়া পড়িবে। এই ক্ষেত্রে বরাবরই ক্ষমতাসীন দলের দায়িত্ব অধিকতর এবং তাহাদেরই প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করিতে হইবে।

স্মর্তব্য, প্রায় কুড়ি বৎসর পর বিএনপি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করিতে যাইতেছে। ইহা এমন সময়ে ঘটিতেছে, যখন দেশের অর্থনীতি ভঙ্গুর দশায় নিপতিত। সমস্যাটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে শুরু হইয়াছে, সত্য। তবে অন্তর্বর্তী সরকারও যে অর্থনীতির পতন ঠেকাইতে পারে নাই– উহাও সত্য। এই সময়ে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি গত দেড় দশকের সাধারণ গড় হইতে অনেক নিম্ন নামিয়া গিয়াছে। দেশি-বিদেশি বিনিয়োগ হ্রাস পাওয়ার পাশাপাশি কয়েকশত কারখানা বন্ধের কারণে শত সহস্র শ্রমিক বেকার হইয়াছে, অন্যদিকে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে ভয়ংকর সংকট সৃষ্টি করিয়া চলিয়াছে। এই ক্ষেত্রে উন্নতির প্রথম শর্ত হইল জনগণের মধ্যে ভরসা ও আস্থা গড়িয়া তোলা, সরকার ও বিরোধী দলের মধ্যে যৌক্তিক সম্পর্ক ব্যতীত যাহা সম্ভবপর নহে। বিশেষত মব সহিংসতার কারণে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে যেই স্থবিরতা নামিয়া আসিয়াছে এবং সর্বোপরি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী সেই সহিংসতার শিকার হইবার কারণে যেইভাবে সামাজিক বুনন ক্ষতিগ্রস্ত, সেইগুলির মেরামতও জরুরি। এই ক্ষেত্রেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধন গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলিয়াছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্নমত– প্রত্যেক নাগরিকের ক্ষেত্রেই আইনের প্রয়োগ করা হইবে বিধিবদ্ধ নিয়মে। এই নীতি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলির সহিত অন্যান্য দলের জন্যও প্রযোজ্য হইবে বলিয়া আমাদের বিশ্বাস। অন্যথায় একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যেই আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করিয়াছেন, উহা অধরাই থাকিয়া যাইতে পারে।