নির্বাচনের আর বেশি দেরি নেই। ২৫ দিনের মতো বাকি। ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্বৈরাচার শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গণঅভ্যুত্থানে তার পতনের পর অবাধ ও স্বাধীনভাবে তাদের ভোট দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ইতোমধ্যে পোস্টাল ব্যালট নিয়ে যে অনিয়ম পরিলক্ষিত হয়েছে, তাতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের কাছে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে এবং সেগুলো যেভাবে ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

গত কয়েক দিন ধরে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও দেখা যায়। এসব ভিডিওর মধ্যে বাহরাইন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট গণনার দৃশ্য রয়েছে। বাহরাইনে একটি ইসলামী দলের নেতার বাসায় ২০০-৩০০ ব্যালট পাওয়া গেছে। কোথাও ভোট প্রদান শুরু হয়েছে। কোথাও একজনের নম্বর দিয়ে আরেকজন ব্যালট গ্রহণ করছে। অথচ প্রবাসে ভোট শুরু হওয়ার কথা ২২ জানুয়ারি থেকে। এমন চরম অনিয়ম ও জালিয়াতির কারণে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যবেক্ষকদের মতে, পোস্টাল ভোটের এই অনিয়ম শতাধিক আসনে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিএনপির পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই অনিয়মের কথা তুলে ধরে প্রতিকারের ব্যবস্থা করার কথা বলেছেন।

এছাড়া পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষ অবমূল্যায়ণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। ব্যালট পেপারে ধানের শীষের প্রতীক মাঝামাঝি জায়গায় এমনভাবে রাখা হয়েছে যে, তা ভোটারদের খুঁজে পেতে সমস্যা হবে। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির প্রতিনিধি দল অভিযোগ করেছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কাজ হয়েছে বলে আমাদের যে ধারণা ছিল, তা এখন প্রমাণিত হচ্ছে। এদিকে, গতকাল একটি দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অতি সংবেদনশীল তথ্য বিক্রি চক্রের দুই সদস্যকে সিআইডি গ্রেফতার করেছে। চক্রটি এক সপ্তাহে ১ লাখ ১২ হাজার ১৫০টি এবং এক মাসে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডির তথ্য বিক্রি করেছে। এই দুইজন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারি কাম কম্পিউটার অপারেটর। এদের একজনের কাছে নির্বাচন কমিশনের একটি গোপন আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে, যার মাধ্যমে সারাদেশের নাগরিকদের এনআইডি তথ্য যাচাই করা সম্ভব।

নির্বাচনের অল্প কিছুদিন আগে এ ধরনের অনিয়ম ও জালিয়াতি যে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায়, নির্বাচন কমিশন কতটা ঢিলাঢালা এবং উদাসীন। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, উল্লেখিত ঘটনা নির্বাচনে অনিয়ম হওয়ার ‘টিপস অফ আইসবার্গ’। ভেতরে আরও কি অনিয়ম হচ্ছে এবং এসবের সাথে কারা জড়িত, তা যদি এখনই শনাক্ত এবং কঠোর পদক্ষেপ না নেয়া হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। পোস্টাল ব্যালট নিয়ে যে ভয়াবহ অনিয়ম পরিলক্ষিত হয়েছে, তা নির্বাচন কমিশনে একটি রাজনৈতিক দল গিয়ে অভিযোগ ও আপত্তি জানানোর পর কমিশন কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছে। অথচ স্বউদ্যোগে নির্বাচন কমিশনের এই অনিয়মের প্রতিকার ও কঠোর ব্যবস্থা নেয়ার কথা।

যেখানে সারাদেশের মানুষের মধ্যে এ নিয়ে তোলপাড় চলছে, সেখানে নির্বাচন কমিশনে অভিযোগ আসার আগেই তার ব্যবস্থা নেয়া উচিৎ ছিল। তা না করে সে যেন দেখেও না দেখার ভান করে বসেছিল। এমন উদাসীনতা প্রদর্শন করলে এই কমিশন কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে? নির্বাচন কমিশনের যারা পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণের দায়িত্বে ছিলেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে, এই অনিয়ম ও গাফিলতি করেছে, তা বলার আপেক্ষা রাখে না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের উচিৎ ছিল, প্রবাসীদের ভোটদানের ক্ষেত্রে আগে পাইলট প্রকল্প হাতে নিয়ে এর সমস্যা চিহ্নিত করা। কারণ, অনেক দেশ পোস্টাল ভোটের আইন করে তা বাস্তবায়ন করতে পারেনি। অনেক দেশ এই পদ্ধতি চালু করে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এ ধরনের পদ্ধতি কার্যকর করার জন্য প্রতিটি ধাপে সতর্ক পদক্ষেপ নেয়া দরাকার। নির্বাচন কমিশন অতি প্রত্যাশা নিয়ে এই ঝুঁকি নিয়েছে, যার নেতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। এর পেছনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি।

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও দৃঢ়তার বিকল্প নেই। দেশের মানুষ দেড় যুগ ধরে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। ভোটাররা ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তাদের প্রত্যাশা, তাদের ভোটে একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার গঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করে এমন সরকার গঠন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। দুঃখজনক বিষয় হচ্ছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পোস্টাল ব্যালট ও এনআইডি কার্ড নিয়ে কেলেঙ্কারির ঘটনাগুলো সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় সৃষ্টি করেছে। নির্বাচন বিশেষজ্ঞরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ করছেন। এসব আলামত কোনোভাবেই কাম্য হতে পারে না। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান নেয়া ছাড়া বিকল্প নেই। পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এবং যেসব ব্যালট পেপার প্রকাশিত হয়েছে, নির্বাচন কমিশনকে তা অবিলম্বে বাতিল করতে হবে। যারা এসব পোস্টাল ব্যালট তৈরি ও প্রেরণ এবং এনআইডির তথ্য পাচারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের নাম-পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তা অসত্য প্রমাণে তাকে নিরপেক্ষ কার্যক্রম দিয়ে প্রমাণ করতে হবে।