আলুর অতিরিক্ত উৎপাদনে যেইখানে চাষির মুখে অমলিন হাসি থাকিবার কথা, সেইখানে হাহাকার আমাদের জন্যও বেদনাদায়ক বটে। আলুর দাম নিম্নমুখী হওয়ায় ভোক্তা লাভবান হইলেও কৃষক ক্ষতিগ্রস্ত। লাভের আশায় তাহারা অধিক পরিমাণে আলু উৎপাদন করিলেও এখন লোকসানের সম্মুখীন। আলুচাষির দুর্দিনে সরকার তাহাদের পার্শ্বে দাঁড়াইবার কথা থাকিলেও কথা রাখে নাই। ঘোষণা অনুযায়ী, সরকার দ্রুত ৫০ হাজার টন আলু না ক্রয় করিলে আগামী মৌসুমে এমন পরিস্থিতি দাঁড়াইবে যাহাতে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হইবেন।
কৃষিপণ্যের দাম নির্ধারণে ভোক্তা, তৎসহিত কৃষকের স্বার্থও দেখা জরুরি। হিমাগার মালিক সমিতির তথ্য অনুযায়ী, দেশের সাড়ে তিন শত হিমাগারে এখনও প্রায় ২০ লাখ টন আলু অবিক্রীত। সেইখানে কেজিপ্রতি আলুর দাম ৯-১০ টাকায় নামিবার ফলে কৃষক উৎপাদন খরচই তুলিতে পারিতেছেন না। কৃষি মন্ত্রণালয় আগস্টের শেষ সপ্তাহে যদ্রূপ আলু ক্রয়ের প্রতিশ্রুতি দিয়াছিল, তদ্রূপ ঘোষণা দিয়াছিল হিমাগারের ফটকে আলুর কেজি ন্যূনতম ২২ টাকা হইবে। কোনোটাই সরকার বাস্তবায়ন করিতে পারে নাই। উপরন্তু সরকারের ঘোষণার পর আলুর দাম আরও নিম্নমুখী।
রোববার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাইকারি বাজারে আলুর কেজি বিক্রয় হইতেছে ১০ হইতে ১২ টাকায়, যাহা খুচরায় ১৫ হইতে ২০ টাকা। মাসখানেক পূর্বেও দাম ছিল ২৫ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির তথ্য বলিতেছে, গত এক বৎসরে আলুর দর প্রায় ৬৩ শতাংশ হ্রাস পাইয়াছে। ইহা হইয়াছে চাহিদার তুলনায় প্রায় ৪০ লাখ টন আলু অধিক উৎপাদন হওয়ায়। আমরা মনে করি, সরকার পরিকল্পিতভাবে এই উদ্বৃত্ত আলু ব্যবহার করিলে উহাতে কৃষক উপকৃত হইতেন; অর্থনৈতিকভাবে দেশও লাভবান হইত। আমরা মনে করি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাইবার পূর্বে এখনই বাজার স্থিতিশীল রাখিতে পরিকল্পিতভাবে বাফার স্টক গড়িয়া তোলা, তৎসহিত ন্যূনতম দাম বাস্তবায়ন এবং রপ্তানির নূতন বাজার অন্বেষণ করিতে হইবে।
স্মরণে রাখিতে হইবে, বিশ্বব্যাপী আলুর কদর রহিয়াছে। মানুষের প্রধান খাদ্য হিসেবে ভুট্টা, গম আর চাউলের পরই ইহার অবস্থান। খাদ্য হিসাবেও আলু সুষম ও পুষ্টিকর হইবার কারণে আমরা দেখিয়াছি, দেশের এক রাজনীতিক ভাতের পরিবর্তে আলু খাওয়ার পরামর্শ দিয়াছিলেন। বলা বাহুল্য, আলু আমাদের প্রধান খাদ্য না হইলেও খাদ্য তালিকায় ভাতের পরই আলুর অবস্থান। আলুর ভর্তা-ভাজি ছাড়াও আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস ইত্যাদি বেশ জনপ্রিয় হইবার পরও আলু ব্যবস্থাপনায় সরকারে ব্যর্থতা অমার্জনীয়।
বস্তুত আলুর বাজারে সরকারের হস্তক্ষেপ সময়মতো ও বাস্তবসম্মত না হইবার কারণেই কৃষক ক্ষতির মুখে পড়িয়াছেন। দুঃখজনক হইলেও সত্য, সরকার সবসময় কৃষকের স্বার্থ রক্ষার কথা বলিলেও বাস্তবে প্রয়োজনীয় পদক্ষেপ লইতে দেখা যায় না। এই বৎসর যে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করিয়াছে, উহা কর্তৃপক্ষের অবহিত থাকিবার কথা। এইবার যেহেতু অধিক উদ্বৃত্ত হইয়াছে, সেই পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় চাহিলে এই খাতের বিশেষজ্ঞ ও অংশীজন লইয়া পরামর্শ সভার আয়োজন করিতে পারিত। তাহাদের সম্ভাব্য পরামর্শ আমলে লইলে উদ্ভূত সংকটের সমাধান সহজ হইত। ইহার পরও সরকার যেই প্রতিশ্রুতি ও ঘোষণা দিয়াছে, উহা যথাসময়ে বাস্তবায়ন করিলে হয়তো কৃষক কিছুটা উপকৃত হইতেন।
আলুর এই বৎসরের অভিজ্ঞতা আমলে লইয়া আমরা প্রত্যাশা করি, দীর্ঘমেয়াদে কৃষি ব্যবস্থাপনা লইয়া সরকারকে ভাবিতে হইবে। হঠাৎ কোনো কৃষিপণ্য উদ্বৃত্ত হইলে যদ্রূপ উহা রপ্তানিসহ অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সম্ভাব্য বিকল্প তৈয়ার করিবে তদ্রূপ উৎপাদন কম হইলেও আমদানিসহ ঘাটতি পূরণের ব্যবস্থা লইবে। ইহাতে গ্রাহক, কৃষক এবং দেশও উপকৃত হইবে।
