সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে অল্প সময়ের ব্যবধানে পাঁচটি লাশ উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ রবিবার ততা হইতে দুইটি মরদেহ উদ্ধার করা হইলেও লাশগুলি দগ্ধ করিবার কারণে পরিচয় জানা যায় নাই। সংগত কারণেই এই ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করিয়াছে। ইতোপূর্বে সমকালসহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশ পাইয়াছে, পরিত্যক্ত এই ভবন হইতে গত বৎসরের আগস্ট হইতে ডিসেম্বর পর্যন্ত আরও তিনটি মরদেহ উদ্ধার করা হইয়াছিল। যাহা বিস্ময়কর, প্রায় সকলকেই অগ্নিদগ্ধ কিংবা অর্ধগলিত অবস্থায় পাওয়া গিয়াছে। তৎকারণে পুলিশ উহাদের পরিচয় শনাক্ত করিতে পারে নাই। এই সকল প্রাণহানি নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতাই নির্দেশ করে। পরিত্যক্ত সরকারি ভবনে একাদিক্রমে লাশ উদ্ধারের পরও তথায় নজরদারি কিংবা সুরক্ষা ব্যবস্থা গড়িয়া উঠে নাই কেন?
এই প্রশ্নও সংগত, সাভারের ন্যায় গুরুত্বপূর্ণ এলাকায় কমিউনিটি সেন্টার দীর্ঘ কাল কীভাবে পরিত্যক্ত রহিয়াছে? উহার চতুষ্পার্শ্বে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাব ও সাভার সেনা ক্যাম্পের ন্যায় শিক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠান থাকিবার পরও তথায় কী প্রকারে একাদিক্রমে লাশ রাখিয়া অপরাধীরা দিব্যি নিষ্কণ্টক কাল অতিক্রম করিতেছে? আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কেবল লাশ উদ্ধারেই সীমাবদ্ধ থাকিতে পারে না। মরদেহসমূহের পরিচয় শনাক্ত, মৃত্যুর কারণ নির্ণয় এবং দায়ীদের চিহ্নিত করিয়া আইনের আওতায় আনা অতীব জরুরি। আমরা জানি, আধুনিক ফরেনসিক সুবিধা ব্যবহার করিয়া, নিখোঁজ ব্যক্তিদের ডেটাবেজের সহিত মিলাইয়া এবং সিসি টিভিতে ধৃত চিত্র বিশ্লেষণ করিয়া লাশের পরিচয় শনাক্ত কঠিন হইতে পারে না। নাগরিক হিসাবে তো বটেই, মানুষ হিসাবেও তাহার মর্যাদা যেই মানবাধিকার সর্বজনীনভাবে স্বীকৃত, তথায় এইরূপ মৃত্যু এবং নিহতদের পরিচয়হীনতা মানবতারই অবমাননা। তৎসহিত এই সকল মৃত্যু পরিত্যক্ত ভবনের ঝুঁকিও সম্মুখে অনিয়াছে। তজ্জন্য স্থানীয় প্রশাসনের উচিত পরিত্যক্ত ভবনগুলির তালিকা করিয়া সেইগুলি সংস্কার কিংবা বাস্তবতার আলোকে নূতন করিয়া গড়িবার ব্যবস্থা করা। বিভিন্ন এলাকায় পরিত্যক্ত অবকাঠামো অপরাধের আশ্রয়স্থল হইয়া উঠিবার দায় প্রশাসন উপেক্ষা করিতে পারে না। এই ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং জোরদার, এলাকাবাসীর সহিত নিয়মিত যোগাযোগ এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে দ্রুত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করিতে হইবে। ইহা কেবল সাভার নহে, সমগ্র দেশের জন্যই জরুরি।
স্বস্তির বিষয়, সাভারে দুই দগ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হইয়াছে। আমরা চাই, এই সকল হত্যাকাণ্ডের পশ্চাতের অপরাধীদের হস্তেও লৌহবেড়ি পড়ুক। পরিত্যক্ত সেই ভবনে লইয়া মানুষকে হত্যা করা হইয়াছে, নাকি অন্য কোথাও হইতে মরদেহ সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে আনিয়া দগ্ধ করা হইয়াছে, সেই তথ্যও জানা প্রয়োজন। স্মরণে রাখিতে হইবে, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এইরূপ হত্যাকাণ্ড এবং ইহার পর লাশ দগ্ধকরণের বিষয়টি কতটা ভয়ানক, উহা বলিবার অপেক্ষা রাখে না। সেই কারণেই সাভারের স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করিতেছে। তাহাদের আশ্বস্তকরণের জন্যও লাশের রহস্য উদ্ঘাটন জরুরি। সাভারের এই ধারাবাহিক লাশ উদ্ধারের ঘটনা আর চলিতে পারে না। বরং ইতোপূর্বে তিনটি লাশ উদ্ধার হইবার পরও কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ লওয়া হইল না, তজ্জন্য স্থানীয় প্রশাসনকে জবাবদিহি করিবার আবশ্যকতা রহিয়াছে। দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক পরিকল্পনার মাধ্যমেই কেবল জনমনে আস্থা ফিরিতে পারে। পরিত্যক্ত ভবন অবহেলার স্মারকরূপে থাকিতে পারে বটে, কিন্তু অদৃশ্য অপরাধের নীরব সাক্ষী হইয়া যেন না থাকে।
