শপথ গ্রহণের পূর্বাপর সময়ে চাঁদাবাজি, দখলদারিত্বসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও অপরাধীদের দৌরাত্ম্য হ্রাসমান বলিয়া মনে হইতেছে না। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী হইতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর বালু সন্ত্রাসীদের গুলিবর্ষণ এই সত্যই তুলিয়া ধরে। সমকালের প্রতিবেদন অনুযায়ী, ইহাতে গুলিবিদ্ধ হইয়াছেন ১০ জন; আহত হইয়াছেন অন্তত ২০ জন। অধিকন্তু সমকালেরই আরেক প্রতিবেদন অনুযায়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকা হইতে বালু লুটের অব্যাহত ঘটনা একই সাক্ষ্য বহন করে।

স্মরণ করা যাইতে পারে, গত নভেম্বরের মাঝামাঝি ভোলায় মেঘনা নদী হইতে অবৈধ বালু উত্তোলনে বাধা প্রদানের কারণে বালু সন্ত্রাসীরা নবীনগরের কায়দায়ই সন্ত্রাসী হামলা চালাইয়া চারজনকে আহত করিয়াছিল। বস্তুত নদী-খাল তথা বিভিন্ন জলাশয় হইতে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন দীর্ঘদিন যাবৎ চলমান। অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন হয় দর্শকের ভূমিকা পালন করে কিংবা এই অবৈধ কর্মের ভাগীদার হইয়া যায়। কতিপয় ক্ষেত্রে প্রশাসন বালু সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাইলেও ধারাবাহিকতার অভাবে পথ হারাইয়া যায়। কিছুদিন থামিয়া থাকিলেও অচিরেই শুরু হয় পূর্ববৎ লুটপাট। মূলত রাজনৈতিক আশীর্বাদপুষ্ট স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীই যে এহেন অপকর্মে লিপ্ত, উহা কাহারও অজানা নহে।

দেখা গিয়াছে, যখন যেই দলের সরকার ক্ষমতাসীন তখন সেই সরকারের আশীর্বাদধন্যরা দেশের সর্বত্র বৈধ-অবৈধ বালু মহালগুলি নিয়ন্ত্রণ করে। এমনকি কোথাও কোথাও শীর্ষস্থানীয় দলগুলির স্থানীয় নেতারা সম্মিলিতভাবেও এই অপকর্ম চালাইয়া যায়। এলাকাবাসীর বরাত দিয়া সাতক্ষীরার ঘটনায় প্রতিবেদনে বলা হইয়াছে, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক উপজেলা যুবদলের সদস্য সচিবের নামে বালুমহাল ইজারা লইয়াছেন। সার্বিক বিষয় তত্ত্বাবধানে আছেন জামায়াতে ইসলামীর যুব ইউনিটের গাবুরা ইউনিয়ন সভাপতি। তিন দলের যুব সংগঠনের প্রধানের দাপটে ভাঙনকবলিত অংশের বাসিন্দাদের আপত্তি ও অভিযোগ প্রশাসনের নিকট পাত্তাই পাইতেছে না। নবীনগরের ঘটনায় সন্ত্রাসীদের দলীয় পরিচয় প্রতিবেদনে না থাকিলেও উহাদের ঔদ্ধত্যের উৎস খুঁজিয়া পাওয়া কঠিন নহে। গত দেড় বৎসরে সমকালেই এই মর্মে বহু প্রতিবেদন প্রকাশিত হইয়াছে যে, বিগত আওয়ামী লীগ আমলে ক্ষমতাসীন দলের লোকেরা যেই সকল অবৈধ আয়ের উৎস নিয়ন্ত্রণ করিত; গণঅভ্যুত্থানের পর সেইগুলি চলিয়া যায় বিএনপি, জামায়াতসহ প্রভাবশালী অন্যান্য দল সমর্থিত ব্যক্তিদের হস্তে। বালুমহালের ক্ষেত্রেও ব্যতিক্রমী কিছু ঘটে নাই।

নদী-খাল বা প্রাকৃতিক জলাশয় হইতে অপরিকল্পিত বালু উত্তোলন পরিবেশ-প্রতিবেশের কতটা ক্ষতি করে, তাহা কাহারও অজানা নহে। মৎস্যসহ বিভিন্ন প্রকার জলজ জীবের আবাসভূমি ধ্বংস, তৎসহিত নদীভাঙনের পশ্চাতে নির্বিচার বালু উত্তোলনের ভূমিকাও আমরা জানি। কোটি কোটি টাকা ব্য়য়ে নির্মিত বহু সেতু ও বাঁধ এই বালু উত্তোলনের কারণে হুমকির সম্মুখীন হইবার খবর প্রায়শ সংবাদমাধ্যমে আসে। এমনকি এই কারণে খোদ নদীও মৃত্যুমুখে পতিত হইতে পারে। এই সকল উদ্বেগ হইতে আমরা ইতোপূর্বে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের নিকট বালু সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পুনঃপুন দাবি জানাইয়াছিলাম। কিন্তু নির্মম সত্য হইল, কোনো রহস্যজনক কারণে সেই সরকার উক্ত দাবির প্রতি কর্ণপাত করে নাই। আমাদের প্রত্যাশা, বর্তমান সরকার বিষয়টি বিবেচনায় লইবে। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং বালু সন্ত্রাসীদের যেই কোনো মূল্যে প্রতিহত করিতে উদ্যাগী হইবে। এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসাবে অবিলম্বে আলোচ্য বালু সন্ত্রাসীদের আইনের আওতায় আনিবে। বালু সন্ত্রাসকবলিত জনপদের মানুষদেরও প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখিতে হইবে বলিয়া আমরা মনে করি।