জঙ্গী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) পাকিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সরকারকে উৎখাত করতে চায়। এজন্য টিটিপি সরাসরি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে এবং রাজনীতিবিদদের হত্যার মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার কাজ চালিয়ে যাচ্ছে। টিটিপি ও আফগানিস্তানের তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে বলে মনে করা হয়। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, সীমান্ত পেরিয়ে তাদের দেশে হামলা চালানো টিটিপির সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিন্তান। তবে আফগান তালেবান পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। গত বৃহ¯পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে দুই সেনা নিহত হয়। এর পরপরই কাবুল, কান্দাহারসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় বেশ কিছু দিন ধরে থেমে থেমে সংঘর্ষ হচ্ছিল। এই প্রেক্ষাপটে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির অন্য কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্য শেষ হয়ে গেছে। পাকিস্তান এখন থেকে কার্যত যুদ্ধাবস্থায় নেমেছে। সরাসরি যুদ্ধ শুরু হলো। পাকিস্তান এই যুদ্ধের নাম দিয়েছে ‘অপারেশন গাজাব-লিল হক’। উভয় দেশের সীমান্তজুড়ে কয়েক সপ্তাহের সংঘর্ষের পর এই পরিস্থিতি তৈরি হলো। দুই পক্ষই দাবি করেছে, এই সংঘর্ষে এরই মধ্যে কয়েক শ মানুষ নিহত হয়েছে। অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে।
হঠাৎ করে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়া দুঃখজনক। বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য তা বেদনার। কারণ, মুসলমান দেশগুলোর মধ্যকার যুদ্ধ ও বিভেদের সুযোগ নিয়ে পশ্চিমা বিশ্ব ফায়দা হাসিল করে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের হামলাকে প্রশংসা করেছে। বলার অপেক্ষা রাখে না, যুক্তরাষ্ট্র যখন যুদ্ধের প্রশংসা করে, তখন বুঝতে বাকি থাকে না, এর পেছনে তার স্বার্থ রয়েছে। এই আফগানিস্তান থেকে প্রায় পাঁচ বছর আগে তালেবানদের হাতে চরমভাবে মার খেয়ে যুক্তরাষ্ট্র পালিয়ে যায়। প্রায় বিশ বছর আফগানিস্তানে আগ্রাসন চালিয়েও যুক্তরাষ্ট্র সফল হতে পারেনি। এর আগে রাশিয়াও সুদীর্ঘকাল আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল। সেও আফগানিস্তানে টিকতে পারেনি।
এর অন্যতম একটি কারণ হচ্ছে, পাকিস্তানে আফগানদের আসা, থাকা-খাওয়ার ব্যবস্থা করাসহ আফগান যোদ্ধাদের সরাসরি সহযোগিতা করা। আফগানিস্তানকে বিদেশি আগ্রাসন থেকে বের করে আনতে সহযোগিতার এমন কোনো প্রক্রিয়া ও পদক্ষেপ নেই যা নেয়নি। অথচ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের এই শত্রুতা ও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান টিটিপিকে আশ্রয় দিয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলতে চায়। আফগানিস্তানের তালেবান সরকার তা অস্বীকার করলেও টিটিপির সাথে যে তার সম্পর্ক রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। আফগানিস্তানের মূল তালেবান গোষ্ঠী ১৯৯৪ সালে দেশটি শাসন শুরু করে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন আগ্রাসনে তাদের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর তালেবান যোদ্ধারা পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যায়। সেখানে ২০০৭ সালে বেশ কিছু জঙ্গিগোষ্ঠী একটি জোট গঠন করে। তারা নিজেদের নাম দেয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যা মূলত পাকিস্তান তালেবান হিসেবে পরিচিত। পাকিস্তান চায়, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করুক। গত বছরের অক্টোবরে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতী হয়। তবে টিটিপি ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পাকিস্তান সরাসরি যুদ্ধ শুরু করতে হয়েছে বলে জানিয়েছে। এদিকে পর্যবেক্ষকদের মতে, কারো উসকানিতে পাকিস্তানের পা দেয়া উচিৎ হবে না। বরং যুদ্ধ প্রলম্বিত না করে কীভাবে দ্রুত বন্ধ করা যায়, পাকিস্তানের সেদিক বিবেচনা করা উচিৎ। কারণ, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে যুদ্ধ বাঁধা মানে তৃতীয় পক্ষের সুযোগ সৃষ্টি হওয়া। এদিক থেকে ভারত ও যুক্তরাষ্ট্র ওঁত পেতে বসে আছে। এ যুদ্ধের কারণে আফগানিস্তান ভারতের হাতে চলে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রেরও লাভ রয়েছে। ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি নিয়ে সে পাকিস্তান ও আফগানিস্তানের সাথে খেলতে পারবে। দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ লাগিয়ে ফায়দা হাসিল করতে পারবে। পাকিস্তানের মনে রাখা দরকার, তার অর্থনৈতিক-রাজনৈতিক পরিস্থিতি বিপর্যয়কর। যুদ্ধ প্রলম্বিত হলে তার আরো অবনতি ঘটবে। যুদ্ধ শুধু জীবন ক্ষয় করে না, অর্থনীতিকেও ধ্বংস করে দেয়।
২০২১ সালে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সাথে ঘন ঘন সংঘর্ষে জড়াচ্ছে। সে সময় আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর থেকে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত ৭৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা অনাকাক্সিক্ষত। এর অন্যতম কারণ টিটিপিকে তালেবানের প্রশ্রয় দেয়া। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় যে, একটি স্বাধীন দেশ সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে আরেকটি স্বাধীন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলা এবং অশান্ত করে তোলা। ইতোমধ্যে জাতিসংঘ, রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আমরাও চাই না, দুই মুসলমান দেশের মধ্যে যুদ্ধ লেগে থাকুক, যুদ্ধ করে অন্যকে সুযোগ নেয়ার পরিস্থিতি সৃষ্টি করুক। পাকিস্তান ও আফগানিস্তানকে এক্ষেত্রে সুবিবেচনার পরিচয় দিতে হবে। যুদ্ধ বন্ধে সব রকম উপায় খুঁজতে হবে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমাধানে পৌঁছতে হবে। জাতিসংঘ, আরব বিশ্ব ও পরাশক্তিগুলোকে যুদ্ধ বন্ধে ভূমিকা পালন করতে হবে।
