বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের এক-পঞ্চমাংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। গত বছর ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফে ধাক্কা খায় দেশের একক সর্বোচ্চ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্রের রপ্তানি বাজার। যার ফলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের জুলাই মাস বাদে বাকি পাঁচ মাসই দেশের রপ্তানিতে দেখা দেয় ঋণাত্মক প্রবৃদ্ধি।

৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ সই করে বাংলাদেশ। এ চুক্তি অনুযায়ী রেসিপ্রোকাল ট্যারিফ ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। এ চুক্তির বড় সাফল্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে পোশাক রপ্তানিতে কোনো ট্যারিফ দিতে হবে না। অর্থাৎ এ ক্ষেত্রে জিরো ট্যারিফ প্রযোজ্য হবে। বাংলাদেশের রপ্তানির ৫৪ শতাংশই নিটওয়ার পণ্য, যা প্রাকৃতিক তুলা দ্বারা উৎপাদিত হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে নিটওয়্যার পোশাক রপ্তানিতে জিরো ট্যারিফ সুবিধা পাওয়া যাবে। এখন সময় এসেছে এ সুবিধা কাজে লাগানোর। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালত ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ আটকে দেওয়ায় এর ভবিষ্যৎ এখনই বলা যাচ্ছে না।

তবে ইউরোপ বাংলাদেশের পোশাক রপ্তানির বড় বাজার। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় অর্ধেক হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। বড় বাজার ধরে রাখতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার ক্ষতিগ্রস্ত হবে কিনা, সে প্রশ্ন উঠছে। বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির ক্ষেত্রে জিএসপি, ইবিএ (এভরিথিং বাট আর্মস) সুবিধা পেয়ে আসছে। এখানে উল্লেখ্য, ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ চুক্তির আগে থেকেই যখন যুক্তরাষ্ট্র ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ ৫০ শতাংশ আরোপ করে তখনই ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

ভারতের সরকারি ও বস্ত্র খাতের প্রতিনিধিরা ইউরোপের বিভিন্ন বায়ার যেমন ইনডিটেক্স গ্রুপের জারা, পোলিস এলপিপি, জার্মান আলদি, লিডল, ফ্রান্সের ওশান সিঅ্যান্ডএ ইত্যাদি বায়ারকে কম মূল্যে পোশাক রপ্তানির প্রস্তাব দেয়। একইভাবে চীন যুক্তরাষ্ট্রের রপ্তানি বাজারের ধাক্কা সামলাতে ইউরোপীয় ইউনিয়নে কম মূল্যে পোশাক সরবরাহ শুরু করে। ফলে ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি পণ্যে ইউনিটপ্রতি দামও কমে যায়। সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় ডেটা অনুসারে ২০২৫ সালে বাংলাদেশের পোশাক পণ্যের ইউনিটপ্রতি দাম ৩.৮৪ শতাংশ কমেছে ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানি বাজারে। আমাদের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ ও বহুমুখীকরণের কথা আলোচিত হচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে উন্নয়ন ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব পরিলক্ষিত হচ্ছে।

আমাদের পোশাক রপ্তানির ৭০ শতাংশই তুলা বা তুলাজাত পণ্য। কিন্তু বিশ্ব পোশাক বাজারে এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। বিশ্বে ব্যবহৃত পোশাকের প্রায় ৭০ শতাংশই এমএমএফ বা ম্যানমেইড ফাইবার অথবা কৃত্রিম তন্তুর পোশাক। এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের বাজারে এমএমএফ অথবা কৃত্রিম তন্তুর পোশাক যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারের মাধ্যমে রপ্তানি করে জিরো ট্যারিফের সুবিধা নেওয়া। গতানুগতিক ইউরোপ, আমেরিকার বাজারের পাশাপাশি নতুন বাজার উপসাগরীয় দেশগুলো– জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং লাতিন আমেরিকার দেশগুলোতে রপ্তানি সম্প্রসারণ করা। এ ক্ষেত্রে সদ্য স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশদারিত্ব চুক্তি (ইপিএ), যেটাকে যুগান্তকারী চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটাকে পুরোপুরি কাজে লাগানো। এ চুক্তির আওতায় বাংলাদেশের ৯৯.৯ শতাংশ পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। মোট সাত হাজার ৩৮৯টি পণ্য শূন্য শুল্কে জাপানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ।

পরিশেষে আমরা আশাবাদী, শত প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পোশাক রপ্তানির কাঙ্ক্ষিত লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার অচিরেই অর্জিত হবে। ইতোমধ্যে নতুন সরকার এলডিসি থেকে উত্তরণ তিন বছরে পেছাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে। সেটা হলেও রপ্তানি সংকট কিছুটা কমবে। মোহাম্মদ ইছা: উপব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি