বিসিক শিল্পনগরী অঞ্চল নারায়গঞ্জের একটি গ্রাম কাঁচপুর। প্রায় লক্ষাধিক মানুষ এই গ্রামে অবস্থিত ছোট বড় শিল্প কারখানার উপরে নির্ভরশীল। গার্মেন্ট, পেপার মিল, স্টিল মিল, টেক্সটাইল নির্ভর ফ্যাক্টরি, ছোট-বড় মাঝারি শিল্প কারখানা মিলিয়ে প্রায় ১৫০-এর অধিক প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। করোনা মহামারীর পর থেকেই বিভিন্ন কারণে এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে, কারখানা মালিকের ঋণে জর্জরিত অবস্থা, রপ্তানি কমে যাওয়া, বাজার প্রতিযোগিতার সাথে টিকিয়ে উঠতে না পারা, কারখানা লাইসেন্স সংক্রান্ত সমস্যা, সরকারি নিয়মনীতি ঠিকমতো মান্য না করা, প্রভাবশালীদের ক্ষমতার অপপ্রয়োগ, শ্রমিকদের বিভিন্ন সময়ের আন্দোলন, নিজস্ব কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির কারণে কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে একসময় বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ কর্মজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সাধারণ মানুষ হন্যে হয়ে খুঁজে ফিরছে একটি চাকরি। চাকরি না পেয়ে অনেক পরিবার এই এলাকা ত্যাগ করতে বাধ্য হচ্ছে। কর্মজীবী মানুষের তুলনায় কর্মসংস্থান তো পর্যাপ্ত নয়ই, বরং যে প্রতিষ্ঠানগুলো মানুষের জীবন চালানোর জায়গা ছিলো তাও প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে। তাই, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে এবং বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে এবং তা সমাধান করে, প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করতে প্রশাসনের সঠিক পদক্ষেপ আশা করছি।
আশামনি শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
