জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় বিষয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলসমূহকে সরকারের বাঁধিয়া দেওয়া সাত দিন সময় আগামীকাল সোমবার শেষ হইবে। তবে দুর্ভাগ্যবশত, অদ্যাবধি উক্ত কাঙ্ক্ষিত সমঝোতার কোনো লক্ষণ দেখা যাইতেছে না। বরং উক্ত বিষয়ে স্বীয় অবস্থানে অনড় দলসমূহ পরস্পরের বিরুদ্ধে শব্দবোমা ছাড়িতেছে। শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সভায় বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে, জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের আলোচনার আহ্বানে তাহারা সাড়া দিবে না। কারণ এই ধরনের আলোচনাকে তাহারা বিদ্যমান সংকট সমাধানের ‘সঠিক পন্থা’ বলিয়া মনে করে না। কেবল সরকার উদ্যোগ লইলেই আলোচনায় বসিবে বিএনপি। অন্যদিকে, আলোচনার জন্য টেলিফোন করিয়া বিএনপির সাড়া না পাইয়া জামায়াতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি দিয়াছে। তাহারা রাজপথে নির্বাচনের পূর্বে গণভোটের দাবি আদায়ের কথা বলিতেছে। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সমকালকে বলিয়াছেন, সোমবারের উপদেষ্টা পরিষদের বৈঠক হইতে নভেম্বরে গণভোট আয়োজনের সিদ্ধান্ত দিয়া কোনো আদেশ জারি না হইলে জামায়াত এবং উহার সহিত যুগপৎ আন্দোলনরত আট দল পরের দিন হইতেই আন্দোলনে যাইবে।
প্রসঙ্গত, গত প্রায় এক বৎসরের আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ সম্পর্কিত চূড়ান্ত সুপারিশ সরকারের নিকট হস্তান্তর করে। ইহার পূর্বে গত ১৭ অক্টোবর বেশ আড়ম্বরের সহিত রাজধানীতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়, যেখানে বিএনপি-জামায়াতসহ মোট ২৫টি দল স্বাক্ষর করিয়াছে। কিন্তু বিএনপির অভিযোগ, স্বাক্ষরিত সনদের সহিত চূড়ান্ত জুলাই সনদের মিল নাই। বিশেষত বিএনপির নোট অব ডিসেন্ট সনদে রাখার প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। উপরন্তু, দলটির দাবি, জুলাই সনদ-সংক্রান্ত গণভোট হইতে হইবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দিনে। অন্যদিকে জামায়াত ও উহার মিত্রদের দাবি গণভোট হইতে হইবে জাতীয় নির্বাচনের পূর্বে। এনসিপি গণভোটের সময় বিষয়ে নমনীয় হইলেও জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকিতে পারিবে না বলিয়া শর্ত দিয়াছে। এ শর্ত জামায়াতেরও।
দৃশ্যত, দলসমূহের মধ্যে পরস্পর সন্দেহ-অবিশ্বাস সৃষ্টি হইয়াছে। বিএনপির সন্দেহ, গণভোটের নামে জামায়াত ও অন্যরা কার্যত জাতীয় নির্বাচন পিছাইবার ছেষ্টায় লিপ্ত। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলিয়াছেন, যে কয়েকটা দল গণভোটের চাপ দিতেছে তাহাদের খুব পরিষ্কারভাবে বলিতে চাই, গণভোট হইলে নির্বাচনের দিনই হইতে হইবে। নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হইতে হইবে। অন্যদিকে, জামায়াত এবং এনসিপির সন্দেহ, বিএনপি একবার ক্ষমতায় গেলে নিজেদের মতো করিয়া তত্ত্বাবধায়ক সরকার গঠন করিবে। তাই বিএনপি উক্ত সংস্কার প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়াছে। দুঃখজনকভাবে, দলসমূহের মধ্যে এই সন্দেহ-অবিশ্বাস দূর করিবার কার্যকর কোনো প্রয়াস কোনো মহল হইতেই পরিলক্ষিত হইতেছে না, বরং উহা দিন দিন বৃদ্ধি পাইতেছে। এই অবস্থা কেবল দেশের পুরানা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতিরই প্রকাশ ঘটাইতেছে না, নির্ধারিত সময়ে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানকেও শঙ্কায় ফেলিয়া দিতেছে। স্মরণে রাখিতে হইবে, বিএনপি ঢাকায় জামায়াতসহ আট দলের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি দেবে না বলিলেও, প্রতিবেদন মতে, প্রয়োজনে মাঠের সক্ষমতা প্রমাণে কর্মসূচি দিতে পারে। এমন পরিস্থিতি নিশ্চয় শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহায়ক হইবে না। অথচ জাতীয় অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক অবস্থা দ্রুত একটা নির্বাচিত সরকারের হস্তে ক্ষমতা হস্তান্তরের জোর তাগিদ দিতেছে।
আশার বিষয় হইল, দূতিয়ালিতে যুক্ত সরকারের একজন উপদেষ্টা সমকালকে বলিয়াছেন, দলগুলোর সহিত কথা বলিয়া তাহার উপলব্ধি দাঁড়াইয়াছে, ফেব্রুয়ারিতে নির্বাচন মাথায় রাখিয়াই তাহারা আগাইতেছেন। অর্থাৎ আন্তরিক উদ্যোগ লইলে দলসমূহের মধ্যে সমঝোতা সৃষ্টি সম্ভব। এই অবস্থায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত লইবার পূর্বে দলসমূহের সহিত কথা বলিবার যে ভাবনা ভাবিতেছে তাহা অবশ্যই কার্যকর হইবে বলিয়া আমাদের প্রত্যাশা।
