আমরা (বিএনপি সরকার) দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত শুরু হয়। দেশের জ্বালানি পণ্যের প্রচলিত সরবরাহকারীদের বড় অংশ মধ্যপ্রাচ্যে। ফলে স্বাভাবিকভাবেই জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। জ্বালানি ঠিকমতো পাওয়া না গেলে বিদ্যুৎ উৎপাদনেও তার প্রভাব পড়ে। এর সঙ্গে যোগ হয় আমাদের একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনা। ফলে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল। সে সময় অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। অনেক শিল্প-কারখানাও ভোগান্তিতে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের বাইরে স্পট মার্কেট থেকে, বিশেষত সিঙ্গাপুর থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে হয়েছে। আমরা দায়িত্ব নেয়ার সময় এলএনজির দাম ছিল ১২ ডলার; সর্বশেষ কিনতে হয়েছে ৩১ ডলারে। পরে হিসাব করে দেখলাম, এলএনজি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালানো এবং তেল দিয়ে চালানোর ব্যয় প্রায় কাছাকাছি হয়ে গেছে। তাই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হয়েছে। বর্তমানে সেগুলো পূর্ণ সক্ষমতায় চালানো হচ্ছে। বর্তমানে গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল। গত ১৫-২০ দিনে খুব কম জায়গায় লোডশেডিং হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না, সেগুলোর ক্ষেত্রে বড় কারণ ছিল কারিগরি ত্রুটি। সব মিলিয়ে বিদ্যুৎ পরিস্থিতি এখন সহনীয় পর্যায়ে রয়েছে। ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করেছি। এরপর জানুয়ারির জন্য পরিকল্পনা নেয়া হবে।

দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান রয়েছে। গরমের সময় চাহিদা অনেক বেড়ে যায়। আবার এখন দেখা যাচ্ছে, রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা বেশি থাকছে, যেটা আগে কম থাকত। এর একটি বড় কারণ ব্যাটারিচালিত যানবাহন। এসব যানবাহনের ব্যাটারি রাতে চার্জ করা হয়। এর বড় একটি অংশ অবৈধ সংযোগ থেকে চার্জ করা হয়। ফলে বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়ে এবং সিস্টেম লসও বাড়ে। আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছি, কিন্তু সমস্যাটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) ব্যবস্থায় প্রকৃত বিদ্যুৎ চাহিদা নিরূপণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো স্থাপন করা হয়নি। ফলে প্রকৃত চাহিদা কত, তা নির্ভুলভাবে জানা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অনুমানের ভিত্তিতে হিসাব করে পরিকল্পনা করতে হয়। এবারের গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে উঠেছিল। গড়ে আমরা প্রায় ১৪-১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি; কোনো কোনো সময় তা ১৬ হাজার মেগাওয়াট পর্যন্ত যায়। এ চাহিদা ও উৎপাদনের ব্যবধান কমাতে হবে, যাতে লোডশেডিং কমানো যায়।

দেশে বেশকিছু বিদ্যুৎ কেন্দ্র আছে, যেগুলো পর্যাপ্ত গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না। এসব কেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারলে আরো প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থা করতে আমরা কাজ করছি। এটি করতে পারলে বিদ্যুতের পরিস্থিতি আরো ভালো হবে। আমাদের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা একসময় মূলত গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। পরে কয়লাভিত্তিক বিদ্যুৎ যুক্ত হয়েছে। এখন সৌরবিদ্যুৎ আসছে, সামনে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎও যুক্ত হবে। এসব উৎসের বিদ্যুৎ উৎপাদনের ধরন ও ফ্রিকোয়েন্সি এক নয়। ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এজন্য আমাদের স্মার্ট গ্রিড প্রয়োজন। কিন্তু বর্তমান গ্রিড এখনো সে পর্যায়ে পৌঁছেনি। বিশেষ করে সৌরবিদ্যুতের ক্ষেত্রে উৎপাদন হঠাৎ কমে যাওয়ার ঝুঁকি থাকে। আকাশে মেঘ এলে সৌরবিদ্যুতের উৎপাদন দ্রুত কমে যায়। এ ওঠানামা সামাল দেয়ার মতো সঞ্চালন অবকাঠামো গড়ে তোলা জরুরি। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এ বিষয়ে কাজ করছে। ওঠানামা নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেয়া হচ্ছে, যাতে একটি উৎসের উৎপাদন কমে গেলে পুরো ব্যবস্থায় বড় ধরনের প্রভাব না পড়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হচ্ছে। শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে সঞ্চালন ও বিতরণের ব্যবস্থাও থাকতে হবে।

আদানির ও ভারতের সঙ্গে দেশের বিদ্যুৎ আমদানির যে চুক্তিগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এসব চুক্তি সার্বভৌম গ্যারান্টির আওতায় রয়েছে। এ গ্যারান্টি ব্যাংকযোগ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়েছে; এর ভিত্তিতে তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কোনো দেশের সার্বভৌম গ্যারান্টি দেয়ার পর সে চুক্তি নিয়ে আলোচনা করা যায়, কিন্তু গ্যারান্টি বাতিল করা যায় না। তা করলে দেশের ক্রেডিট রেটিং কমে যেতে পারে এবং আন্তর্জাতিকভাবে আমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে আমাদের টিম আলোচনা করেছে। ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টিও আলোচনায় রয়েছে। আমাদের বিদ্যুতের ঘাটতি আছে; তাই এমন কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না, যাতে বিদ্যুৎ সরবরাহে আরো বিরূপ প্রভাব পড়ে।

দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই ধরনের বিষয় রয়েছে। কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনেক চুক্তিই সার্বভৌম গ্যারান্টির আওতায়। এসব বিষয় আলোচনার টেবিলে আনা হয়েছে। মূল্য নিয়েও আলোচনা চলছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রে যুদ্ধের পর কয়লা পরিবহনের জাহাজ ভাড়া বেড়েছে। ফলে উৎপাদকরা আগের দামে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না বলে জানাচ্ছে। অন্যান্য জ্বালানির দামও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে মূল্য নিয়ে আলোচনা আরো সহজ হতো।

গত ১৭ বছরে দেশে গ্যাস অনুসন্ধানের কাজ যথেষ্ট হয়নি। এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান শুরু করেছি। নতুন আরো দুটি রিগ কেনার উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠানো হয়েছে। রিগগুলো পাওয়া গেলে অনুসন্ধানের কাজ আরো বাড়ানো যাবে। যেসব জায়গায় খনন করা হচ্ছে, সেখানে মোটামুটি ভালো ফল পাওয়া যাচ্ছে। সম্ভাবনা যাচাই করে বাণিজ্যিক অনুসন্ধানের দিকে যেতে চাই।

ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন জ্বলছে, সেটিও আমরা পর্যবেক্ষণ করছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছি, আগুন ১৫ দিনের বেশি জ্বললে নিচে গ্যাস থাকার সম্ভাবনা বোঝা যায়। সেখানে আগুন ১৫ দিনের বেশি সময় ধরে জ্বলেছে। এখন আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। এরপর সেখানে কতখানি গ্যাস রয়েছে, তা পরীক্ষা করা হবে। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে সেখানেও অনুসন্ধান চালানো হবে।

সমুদ্র অঞ্চলেও গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয়া হয়েছে। সমুদ্রসীমা অর্জনের পরও সেখানে আমরা প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারিনি। এরই মধ্যে অফশোর অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী মার্চে প্রক্রিয়াটি শেষ করার পরিকল্পনা রয়েছে। গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের মতো সক্ষমতা বাপেক্সের নেই। এজন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আহ্বান করা হয়েছে। ভালো সাড়া পাওয়া গেলে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে কাজ দেয়া হবে। দেশীয় গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলএনজির ওপর নির্ভরতা কমাতে চাই।

বিশ্বে এখনো কয়লা তুলনামূলক সস্তা জ্বালানির উৎস। দেশের ফুলবাড়ীতে প্রচুর কয়লা মজুদ রয়েছে। সেখান থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে বিতর্ক আছে। কিন্তু বর্তমান বিশ্ববাজারের পরিস্থিতিতে নিজেদের সম্পদ রেখে বাইরে থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করা এবং তার জন্য সরকারি ভর্তুকি দিতে থাকা কতটা যৌক্তিক, সেটিও বিবেচনা করতে হবে। শুধু এলএনজির জন্য সরকার প্রায় ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এত বিপুল ভর্তুকি দিতে থাকলে উন্নয়ন কর্মসূচির জন্য অর্থের ওপর চাপ তৈরি হয়।

আমার মনে হয়, ফুলবাড়ীর কয়লাখনি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা সম্ভব। আমার বিবেচনায়, নতুন প্রযুক্তি ব্যবহার করলে জমির ক্ষতি কমিয়ে আনা যাবে। উত্তোলনের পর জমি পুনরুদ্ধারের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কয়লার সম্ভাবনা একেবারে বাদ দেয়া যায় না। বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন জ্বালানি তুলনামূলক সাশ্রয়ী হবে, সেটি অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই ঠিক করতে হবে।

সৌরবিদ্যুতের ক্ষেত্রেও কাজ করছি। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো প্রয়োজন। যেসব প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করবে তারা সেই উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। এক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় আট হাজার ক্ষুদ্র উদ্যোক্তাকে এ কাজে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের অর্থায়ন করা গেলে কাজটি দ্রুত এগিয়ে নেয়া সম্ভব হবে। ইডকল এ বিষয়ে অর্থায়নের উদ্যোগ নিয়েছে এবং এ খাতে তাদের কার্যক্রমও বাড়ছে।

আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু করেছি। শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এ উদ্যোগে যুক্ত করা হচ্ছে। যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস রয়েছে, সেখানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ চলছে। আগামী গরম শুরু হওয়ার আগেই কাজগুলো শেষ করতে পারলে এসব প্রতিষ্ঠান নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারবে।

কৃষি সেচেও সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বরেন্দ্র অঞ্চলকে পরীক্ষামূলক প্রকল্পের আওতায় নেয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় সেচ কাজে সৌরবিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। সৌরবিদ্যুচ্চালিত পাম্পের মাধ্যমে জমিতে পানি দেয়া যাবে। এ ধরনের মোটর ও পাম্প পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রচলিত বিদ্যুৎ সরবরাহও থাকবে। আশা করছি, আগামী সেচ মৌসুমে সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচের কাজ চালানো সম্ভব হবে।

তবে আমরা শুধু সৌরবিদ্যুৎ স্থাপন করতে বলছি না; এর সঙ্গে ব্যাটারি সংযুক্ত করার কথাও বলছি। ব্যাটারিতে ২-৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রাখা যায়। ব্যাটারি ব্যাকআপ থাকলে সূর্যের আলো না থাকলেও কিছু সময় বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে। এ ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। আগামী মার্চের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্ট অধ্যাদেশ জারির পর দুই মাসের মধ্যে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। এ অগ্রগতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশা করছি।

বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনাও একটি বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি কেনা, আমদানি এবং বেসরকারি উৎপাদকদের পাওনা পরিশোধ—সবকিছুর জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ খাতের বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ খাতের আর্থিক চাপ সামাল দিতে বন্ডসহ বিকল্প অর্থায়নের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। ডেসকো ও পিজিসিবির মতো প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়ানোও জরুরি। নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্যও অর্থায়ন নিশ্চিত করতে হবে। মাতারবাড়ীতে আরো দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নের পথ নির্ধারণ করতে হবে। এলপিজি সরবরাহের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। আমদানি থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় কয়েকটি ধাপ রয়েছে। এ ব্যবস্থায় কোথায় কী পরিমাণ পণ্য যাচ্ছে এবং কী দামে বিক্রি হচ্ছে, তা নজরদারি করা প্রয়োজন। ভোক্তারা যাতে নির্ধারিত দামে এলপিজি পান, সেজন্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অ্যাপের মাধ্যমে সরবরাহ ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং ভোক্তার কাছে সরাসরি পণ্য পৌঁছানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইনভার্টার ও নন-ইনভার্টার যন্ত্রপাতির মধ্যে বিদ্যুৎ ব্যবহারের পার্থক্য রয়েছে। সাধারণ ক্রেতারা অনেক সময় বুঝতে পারেন না কোন যন্ত্র কত বিদ্যুৎ ব্যবহার করছে। তাই যন্ত্রপাতির গায়ে ভোল্টেজ, ওয়াট এবং কতটুকু বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন। নন-ইনভার্টার যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নিয়মকানুন করা এবং ক্রেতাদের সচেতন করাও জরুরি।

বিদ্যুৎ ব্যবস্থাপনায় ত্রুটি দ্রুত শনাক্ত করার জন্য ফল্ট ডিটেক্টর ব্যবহার করা প্রয়োজন। কোনো জায়গায় সমস্যা দেখা দিলে তা দ্রুত শনাক্ত করা গেলে সরবরাহ ব্যবস্থা সচল রাখা সহজ হবে। প্রিপেইড ও স্মার্ট মিটার নিয়েও কাজ করতে হবে। মিটার নিয়ে গ্রাহকদের অভিযোগ, অতিরিক্ত বিল এবং মিটার ভাড়ার মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে। কোথাও ভুল বিল হলে তা দ্রুত সংশোধন করতে হবে। একই সঙ্গে ভোল্টেজ ওঠানামার সমস্যা কমাতে বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

আমাদের দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। জ্বালানিসাশ্রয়ী দামে পাওয়া না গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কমানো যাবে না। তাই যে উৎস থেকে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ পাওয়া সম্ভব, সেটি বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে পরিবেশদূষণ নিয়ন্ত্রণের বিষয়টিও মাথায় রাখতে হবে। কয়লা, গ্যাস, তেল ও সৌরবিদ্যুৎ—সব উৎসের ক্ষেত্রেই ব্যয়, সরবরাহের নিশ্চয়তা এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়; নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং জ্বালানি নিরাপত্তা তৈরি করা।

ইকবাল হাসান মাহমুদ : মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

[বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর ‘সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে]