দেশজুড়িয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস তথা এলপিজির যেই সংকট চলিতেছে, উহা উদ্বেগজনক। তবে ইহা বিস্ময়কর নহে, কারণ গত এক মাস ধরিয়া এলপিজি লইয়া নৈরাজ্য চলিলেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারে নাই। অর্থাৎ এলপিজির এহেন সংকটের পশ্চাতে সরকারের ঔদাসীন্যের একটা ভূমিকা রহিয়াছে। এলপিজি ব্যবসায়ীদের দাবি, আমদানি কমিয়া যাওয়ায় সংকট হইতেছে। অন্যদিকে সরকার বলিতেছে, বাজারে পর্যাপ্ত এলপিজি মজুত রহিয়াছে এবং সংকট কৃত্রিম। এই বক্তব্য দিয়াই সরকার হস্ত গোটাইয়া বসিয়া থাকিয়াছে। অন্যদিকে, ব্যবসায়ীরা নিজেদের ন্যায় গ্রাহকদের পকেট কাটিয়াছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন–বিইআরসি চলিত মাসের ৪ তারিখ ১২ কেজি সিলিন্ডারের দাম তেরশত ছয় টাকা নির্ধারণ করিয়া দিলেও উহার দাম গ্রাহক পর্যায়ে তিন সহস্র টাকা অবধি উঠিয়াছে।
এমনকি এই পরিমাণ অর্থ দিয়াও অনেকে এলপিজি সিলিন্ডার ক্রয় করিতে পারেন নাই। গ্রাহকদের ক্ষোভ দেখিয়া একপর্যায়ে ব্যবসায়ীরা ধর্মঘটও ডাকিয়া বসেন। গ্রাহককে জিম্মি করিয়া তাহারা স্বীয় দাবি আদায়ের চেষ্টা করিয়াছেন এবং এই অন্যায় কর্মে তাহারা অনেকটাই সফল বলা যায়। ইতিমধ্যে বৃহস্পতিবার বিইআরসি তাহাদের দাবি মানিবার আশ্বাস দিবার পর ধর্মঘট তুলিয়া নেওয়া হয়। ব্যবসায়ীদের কর্তৃত্বই যে এলপিজি বাজারে চলিতেছে উহার প্রমাণ বারংবার জরুরি এই পণ্যটির দাম বৃদ্ধিতে যদ্রুপ আমরা পাইয়াছি, তদ্রুপ এলপিজি অপারেটরদের আমদানি সক্ষমতা বৃদ্ধি, ভ্যাট কমানোসহ যেইসব দাবিতে তাহারা ধর্মঘট করিয়াছে, সেইগুলো মিটাইবার আশ্বাসের মধ্যেও নিহিত রহিয়াছে। স্মরণ করা যাইতে পারে, নভেম্বর মাসে এলপিজির দাম ছিল বারোশত তিপ্পান্ন টাকা। গত ১৬ মাস যাবৎ বিইআরসি প্রায় প্রতি মাসেই এলপিজির দাম এইভাবে বৃদ্ধি করিয়া আসিতেছে, যদিও উহার পরও বাজারে নির্ধারিত দামে এলপিজি কোনোদিনই বিক্রি হয় নাই।
এলপিজির এই সংকট এমন সময়ে চলিতেছে যখন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাইপলাইনে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের সংকট প্রকট রূপ ধারণ করিয়াছে। এই কারণে সংশ্লিষ্ট গ্রাহকেরা মাসিক বিল নিয়মিত দিলেও তীব্র এই শীতের সময়ে রান্নার ক্ষেত্রে প্রত্যাশিত প্রাকৃতিক গ্যাস পাইতেছেন না, তদুপরি পাইপলাইনে পানি ঢোকায় ঢাকায় গ্যাসের চাপ খুবই কম। ফলে এলপিজি বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি হইয়াছে। আমরা জানি, দেশে এলপিজির বাজার ইতিমধ্যে অনেক বিস্তৃত হইয়াছে। গৃহস্থালি কর্মে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের নূতন অনুমোদন দেওয়া বন্ধ থাকায়–এমনকি পল্লি অঞ্চলেও বর্তমানে এলপিজির কোনো বিকল্প নাই। ইদানীং যানবাহনেও এলপিজির ব্যবহার বাড়িয়াছে। ফলে এলপিজির সহিত কোটি কোটি ভোক্তার জ্বালানি নিরাপত্তা জড়িত। অন্যদিকে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন প্রাকৃতিক গ্যাসের উপজাত রূপে দেশে পাওয়া যায়; উহা ব্যবহার করিয়া সরকারি পর্যায়েও এলপিজি প্রস্তুত হয়। সরকার আন্তরিক হইলে এই কোম্পানির মাধ্যমে দেশের এলপিজি ব্যবহারকারীদের উল্লেখযোগ্য অংশের চাহিদা পূরণ করিতে পারে। উহার ফলে একদিকে যদ্রূপ সরকারি ও বেসরকারি খাতের এলপিজি ব্যবহারকারীদের মধ্যকার বিদ্যমান বৈষম্য বহুলাংশে হ্রাস করা যাইত, তদ্রূপ মুনাফার জন্য বেপরোয়া বেসরকারি এলপিজি ব্যবসায়ীদেরও রাশ টানা যাইত। দুর্ভাগ্যজনকভাবে, এই ক্ষেত্রে অগ্রগতির কোনো খবর নাই। ফলে আমদানিই প্রধান ভরসা হইয়া পড়িয়াছে।
এলপিজি অপারেটরস অব বাংলাদেশ সমকালকে জানাইয়াছে, শীতকালে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, জাহাজ সংকট এবং আর্থিক জটিলতার কারণে ডিসেম্বরে আমদানি কমিবার ফলে বাজারে চাপ তৈয়ার হইয়াছে। এলপিজির বর্তমান পরিস্থিতিতে সংকট কাটিতে আরও এক সপ্তাহ লাগিবে বলিয়া সমকালের প্রতিবেদনে আসিয়াছে। আমরা চাই, গ্রাহকের স্বার্থ চিন্তা করিয়া যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দিতে হইবে। ভবিষ্যতে এলপিজির এহেন সংকট যেন সৃষ্টি না হয় তাহার জন্য পর্যাপ্ত আমদানির পাশাপাশি দেশে উহার উৎপাদন বাড়াইবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ লইতে হইবে।
