ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসা বিএনপি সরকারের ছয় মাস পূরণ হয়েছে। একটি নতুন সরকারের মেয়াদের ছয় মাস গুরুত্বপূর্ণ। কারণ, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্বে দেয়। নতুন সরকার বিগত সরকারের ব্যর্থতা কাটিয়ে তাদের প্রত্যাশা পূরণ করবে, এই আকাক্সক্ষায় তার উপর আস্থা রাখে। জনগণ নতুন সরকারকে ১০০ দিনের একটি গ্রেস পিরিয়ড দেয়। যাকে হানিমুন পিরিয়ড বলা হয়। সারাবিশে^ই নতুন সরকারের যাত্রার হানিমুন পিরিয়ড রয়েছে। সাধারণত এই সময়ের মধ্যে সরকার তার পুরো মেয়াদে দেশের সমস্যা-সংকট নিরসনসহ জনগণের জীবনমান উন্নয়নের পরিকল্পনা করে। ছয় মাস হয়ে গেলে সরকারের মূল্যায়ন শুরু হয়। কতটা ভাল করছে, কতটা মন্দ করেছে এবং আগামীতে কতটা করতে পারবে, এমন মূল্যায়ন দেশের মানুষ করা শুরু করে।

এই মূল্যায়ন স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের সময় বেশি প্রযোজ্য। আমাদের স্মরণে রাখা দরকার, বিএনপি কোন পরিস্থিতিতে এবং কোন সময়ে দায়িত্ব নিয়েছে, তার পূর্বাপর ঘটনা কেমন ছিল। সকলেরই জানা, ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশ দেউলিয়া হয়ে গিয়েছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছু ছিল না। দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল। দেশের মানুষ অভাব-অনটনে দুর্বিষহ জীবনযাপন করলেও সেদিকে হাসিনার কোনো ভ্রুক্ষেপ ছিল না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বৈষম্যের কোনো সীমা-পরিসীমা ছিল না। বৈষম্য ও লাঞ্ছনা-বঞ্চনায় ক্ষুব্ধ-বিক্ষুব্ধ জনগণ ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন ঘটায়। তিনি কোনোরকমে জীবন নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধারণা করা হয়েছিল, হাসিনি যেভাবে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস ও অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, তা পুনরুদ্ধারের কাজটি দ্রুত হবে। দেশের মানুষ দেখেছে, তার দেড় বছরের শাসনামলে কিছু সংস্কার কমিটি গঠন করা হয়েছে ঠিকই, তবে অর্থনীতিকে দাঁড় করাতে পারেনি। বরং দেশের অর্থনীতি আরও তলানিতে চলে যায়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন দেশের অর্থনীতি তলানিতে। সেখান থেকেই তাকে যাত্রা শরু করতে হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারে এক কঠিন পথ ধরতে হয়েছে। এর মধ্যে ইরানযুদ্ধ বিশ^ অর্থনীতি তো বটেই, দেশের ভঙ্গুর অর্থনীতিতে ভয়াবহভাবে আঘাত করে। জ¦ালানি সংকট তীব্র আকার ধারণ করে। এই সংকট পুরোপুরি সামাল দেয়া যায়নি। এখনো রয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকটকে স্বীকার করে দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বাস্তবতাকে অস্বীকার না করে জনগণের কাছে কোনো সরকার প্রধানের দুঃখ প্রকাশের নজির এই প্রথম দেখা গেল। প্রধানমন্ত্রী সংকট সমাধানে দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দেশবাসীকে জানিয়েছেন। এই সংকটের উৎস কোথায়, তা দেশের মানুষ জানে।

তারা এটাও জানে, রাতারাতি এ সংকটের সামাধান করা কঠিন। তাদের ধৈর্য্য ধরতে হবে। অন্যদিকে, দেশের সামষ্টিক অর্থনীতির যে দুর্দশা, তা সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। শূন্য থেকে কিছু হয় না, তবে শূন্য থেকে নতুন করে যাত্রা শুরু করা যায়। সেজন্য সময় ও যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়ন শুরু করতে হয়। সরকার তাই করছে। অর্থমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বলেছেন, অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে চার বছর সময় লাগবে। বিদ্যুৎ ও জ¦ালানি সংকট মোটামুটি স্বাভাবিক করতে দুই বছর লাগবে বলে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন। এখানে কেউই রাখঢাক করেননি। বাস্তব পরিস্থিতি বিবেচনায় সংকট উত্তরণে সময় লাগার কথা বলেছেন। বলার অপেক্ষা রাখে না, ধানক্ষেতে বিশ^কাপ ফুটবল হয় না।

এখানে যদি মেসি বা বিশ^সেরা সব ফুটবলারদের নামিয়ে দিয়ে বলা হয় খেলো, তাহলে কি তারা খেলতে পারবে? পারবে না। মাঠ তৈরি এবং মসৃণ করে দিলে তারা তাদের খেলাটা খেলতে পারবে। একইভাবে দেশের যে শোচনীয় অর্থনীতি নিয়ে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে, তাকে যদি বলা হয়, একদিনেই সব সমস্যার সমাধান করে দাও বা পকেট ভরে দাও, তাহলে কি সম্ভব? সম্ভব নয়। তার হাতে আলাদিনের চেরাগ নেই যে, হুকুম করার সাথে সাথে সব এসে হাজির হবে। এজন্য সময় লাগবে। দেখতে হবে, সরকার কাজ করছে কিনা। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে এবং যে গতিতে কাজ করছেন, তা থেকে অনুমান করতে কষ্ট হয় না, তিনি দেশের উন্নয়নে বিপুল কর্মযজ্ঞ শুরু করেছেন।

একটি দেশের অর্থনীতি দাঁড় করাতে যদি, নতুন করে শুর করতে হয়, তাহলে তা কতটা কঠিন ও দুর্গম পথ, তা ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। এই দুর্গম পথ সুগম করতেই প্রধানমন্ত্রী চতুর্মুখী উদ্যোগ নিয়েছেন। যতই দিন যাবে, এর ফলাফল দৃশ্যমান হবে। সরকারের ছয় মাস না যেতেই যদি বিরোধীদলগুলো সরকার পতনের আন্দোলনের কথা বলা শুরু করে, তাহলে তা দুঃখজনক। সরকারের ছয় মাসে কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই ব্যর্থতা রয়েছে। তবে সেসব ব্যর্থতার কারণসহ বিরোধীদলগুলো গঠনমূলক সমালোচনা করতে পারে। শুধু সমালোচনার জন্য সমালোচনা বা বিরোধিতার জন্য বিরোধিতা করা কাম্য নয়। গ্যাস-বিদ্যুৎ খাতের ব্যর্থতা কেন ও কি কারণে, সরকার তার ব্যাখ্যা দিয়েছে। আগামী সংসদ অধিবেশনে এ সংকট থেকে উত্তরণে দশ বছরের দীর্ঘ মেয়াদে পরিকল্পনা তুলে ধরা হবে।

তবে সরকারের উচিৎ, প্রথম কাজটি প্রথমে করা নীতি নেয়া। কোনটি সবচেয়ে বেশি জরুরি, তা আমলে নিয়ে দ্রুত করা। গ্যাস-বিদ্যুৎ ছাড়া মানুষের জীবনযাপন এবং উৎপাদন খাত অচল হয়ে পড়ে। ২৪ ঘন্টার মধ্যে যদি দুই ঘন্টাও গ্যাস-বিদ্যুৎ না থাকে, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করে, তা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। একদিকে গ্যাস-বিদ্যুৎ না থাকা, অন্যদিকে বিল দেয়া, তাদের মধ্যে রাগ-ক্ষোভের সঞ্চার হওয়া স্বাভাবিক। সরকারকে এ বিষয়টি বুঝে, দ্রুত পদক্ষেপ নিতে হবে। গ্যাস-বিদ্যুতের বিলের মধ্যে যাতে শুভংকরের ফাঁকি না থাকে, সেটাও দেখতে হবে। ইতোমধ্যে জ¦ালানি ও বিদ্যুৎ সংকটের ক্ষেত্রে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনাও কোনো কোনো ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।

এ ধরনের অপকর্মের সাথে যারা জড়িত এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেল, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অতীতে আমরা দেখেছি, সরকারের ছয় মাসের অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করে সাফল্যের ফুলঝুরি ছড়ানো হয়েছে। তবে বিএনপি সরকারের ছয় মাসের কাজ নিয়ে এ ধরনের চিত্র দেখা যায়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, তারেক রহমান সরকারের ছয় মাসের অর্জন হয়ত যথেষ্ট নয়, তবে একেবারে কিছু হয়নি, তাও নয়। তিনি সরকারের ছয় মাসের কাজের বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সরকারের পরবর্তী ছয় মাসে দেশের অগ্রগতি দৃশ্যমান হতে থাকবে, পরের ছয় মাসে আরও অগ্রগতি দেখা যাবে। সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে কোনো অতিরঞ্জন ছিল না, ছিল বাস্তবতার চিত্র। তবে সরকারের কোনো কোনো মন্ত্রীর বেফাঁস মন্তব্যে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। তাদের মুখের লাগাম টেনে ধরতে হবে। মন্ত্রী-এমপি হয়েছে বলে হনুভাব দেখালে চলবে না।

সরকারের ছয় মাসের মেয়াদের মধ্যে এটা বোঝা গেছে, আন্তর্জাতিক অঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রহণযোগ্যতা অনন্য উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়া ও চীন সফরে দেশ দুটির সরকার প্রধান তাকে যেভাবে বরণ করে নিয়েছেন এবং সম্মান দিয়েছেন, তা ছিল অভাবনীয়। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে কথা বলতে গিয়ে বলেছেন, আপনার বাবা-মা দুজনই চীনের ভালো বন্ধু ছিলেন। বিশে^র অন্যতম ক্ষমতাধর ব্যক্তি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ কথা বলেন, তখন বুঝতে বাকি থাকে না, তারেক রহমানের মর্যাদা ও গ্রহণযোগ্যতা কতটা উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফরের অর্জন অনেক। চীন বাংলাদেশে বিনিয়োগে যে আগ্রহ দেখিয়েছে, তা অভূতপূর্ব।

তিস্তা ব্যারেজ, গঙ্গা ব্যারেজ, জামালপুর ও গাইবান্ধার মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে অর্থায়নসহ আরও অনেক প্রকল্পে বিনিয়োগ করবে। ইতোমধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক জোনের কাজ শুরু হয়েছে। একই জায়গায় কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল চালু হয়েছে। এসবই সম্ভব হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গণে তারেক রহমানের গ্রহণযোগ্যতার কারণে। মধ্যপ্রাচ্যের দেশগুলোও তারেক রহমানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। গত সোমবার সউদী আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ সউদী আরব সফর করার জন্য সউদী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

বিশে^র অন্যতম প্রভাবশালী মোহাম্মদ বিন সালমান যখন সউদী আরব সফরের আমন্ত্রণ জানান, তখন বুঝতে অসুবিধা হয় না, প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতটুকু। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টও তারেক রহমানকে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন। জাপান সরকারও তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে, সউদী আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তির মাধ্যমে যে ঐতিহাসিক জোট হয়েছে, সেখানে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে তুরস্কের মিডিয়ায় কথা হচ্ছে। দেখা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গণে তারেক রহমানের গ্রহণযোগ্যতা এক অসামান্য উচ্চতায় পৌঁছেছে। তার যে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি তা সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এই গ্রহণযোগ্যতাই দেশের অর্থনীতিকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যাবে। বিনিয়োগ-বাণিজ্য, আমদানি-রফতানি ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আগামী দিনগুলোতে তা ধীরে ধীরে দৃশ্যমান হবে। মনে রাখা দরকার, বর্তমান সরকার একটি ভঙ্গুর ও নড়বড়ে অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এ অর্থনীতি মেরামত করে তা দাঁড় করাতে সময় লাগবে। আমরা আশাবাদী, আন্তর্জাতিক অঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা এবং যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, তাতে দ্রুতই দেশ ভগ্নদশা থেকে উন্নয়ন ও অগ্রগতির দিকে যাবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তবে সরকারের মূল কাজ হচ্ছে, সাধারণ মানুষের চলমান সমস্যা ও সংকটকে অ্যাড্রেস করে দ্রুত সমাধান করা। গ্যাস-বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মানুষের ক্ষোভ প্রশমিত করে স্বস্তি দেয়া।