বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক পৃথক বৈঠকে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকের বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান আর্থ-রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপির মনোভাব সম্পর্কে অবগত হন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেছেন, বিএনপির চেয়ারম্যান দেশে আসার পর বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।

তারা আসছেন, কথা বলছেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে কীভাবে দেশ পরিচালনা করবে, তার চিন্তা-ভাবনা ও উন্নয়ন কর্মসূচি কী ইত্যাদি সম্পর্কে জানতে চাইছেন এবং অবগত হচ্ছেন। দেশের পররাষ্ট্রনীতি ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে কেমন হবে সে সম্পর্কে হুমায়ুন কবির বলেছেন, বিএনপি যাদের সঙ্গেই সম্পর্ক করবে, সেটি হবে দেশের স্বার্থে। বিগত দিনে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক করা হয়েছে। বিএনপি সেটা করবে না। বিএনপির সঙ্গে সকল দেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান-মর্যাদা ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে। বলা বাহুল্য, যেকোনো দেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নীতি-আদর্শ, উদ্দেশ্য-কর্মসূচি এবং স্বার্থের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেই পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়ে থাকে।

বলা হয়ে থাকে, অভ্যন্তরীণ নীতির সম্প্রসারিত রূপের প্রতিফলন ঘটে বিদেশনীতিতে। অত্যন্ত দুঃখজনক হলেও বলতে হচ্ছে, স্বৈরাচারের সাড়ে ১৫ বছরে দেশে পররাষ্ট্রনীতি বলে কিছু ছিল না। পররাষ্ট্রনীতির নামে ছিল ‘ভারতনীতি’, যা ছিল দাসসুলভ ও নতজানু। তখনকার রাষ্ট্র পরিচালকদের কারো কারো মুখে শোনা গেছে, ভারতের সঙ্গে সম্পর্কই আমাদের জন্য যথেষ্ট। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই। তখন ভারতের সঙ্গে সম্পর্ক ছিল দেওয়ার, নেওয়ার বা পাওয়ার কোনো ব্যাপার সেখানে ছিল না। তখন সরকার প্রধানকে পর্যন্ত বলতে শোনা গেছে, ‘আমরা ভারতেকে যা দিয়েছি, ভারত সারাজীবন তা মনে রাখবে।’ অভ্যন্তরীণ ও পররাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ ভারতনির্ভর হয়ে পড়ায় বাংলাদেশ বস্তুত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পর এ অবস্থার অবসান সূচিত হয়। অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতি নতুনভাবে বিন্যাস করার চেষ্টা করছে। ভারতের প্রতি নতজানুতা পরিহার করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে। জাতীয় সম্মান ও মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছে। ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। সর্বশেষ মুস্তাফিজ ইস্যুতেও সরকার সিদ্ধান্ত অভিনন্দিত হয়েছে।

এক দেশের দাস্য পরিত্যাগ করে অন্য দেশের দাসত্ব স্বীকার করার মধ্যে স্বাধীন পররাষ্ট্রনীতির পরিচয় প্রতিষ্ঠিত হয় না। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌম, সমতা ও সমমর্যাদার বিষয় প্রাধান্য দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেই একই জোর দেখাতে পারছে না। মিয়ানমারে করিডোর দেওয়া, বন্দর বিদেশির হাতে লিজ দেওয়া ইত্যাদি বিভিন্ন প্রশ্নে জাতীয় স্বার্থানুকুল অবস্থান প্রদর্শন করতে পারেনি। জনবিরোধিতার কারণে সরকার অবশ্য পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। ‘বড়’র পীরিতি বালির বাঁধ’, প্রবাদটি অনেক ক্ষেত্রে সত্য হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দহরম-মহরম করার মাসুল অনেক দেশকে দিতে হয়েছে। এমন প্রচার রয়েছে, যুক্তরাষ্ট্র যার মিত্র, তার শত্রুর প্রয়োজন নেই।

কাজেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্কতার বিকল্প নেই। যুক্তরাষ্ট্র এখন যে আগ্রাসী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তা বিশ্বের শান্তি-স্থিতিশীলতার জন্য বড় রকমের হুমকি হয়ে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার যে ঘটনা ঘটিয়েছে, তা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছু নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এবার ক্ষমতাশীন হওয়ার পর একরে পর এক এমন ঘটনা ঘটিয়ে চলেছেন যা, গোটা বিশ্বব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে, এমনকি হামলা চালাতেও ট্রাম্পের যুক্তরাষ্ট্র দ্বিধা করছে না। ইতোপূর্বে ইসরাইলের সঙ্গে একাট্টা হয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। এখন ইরানে সৃষ্ট আন্দোলনের সুযোগ নিয়ে হামলার হুমকি দিচ্ছে।

ট্রাম্প বিশ্বে সেই মাৎস্যন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যেখানে ছোট রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের কোনো মূল্য থাকবে না। যখন ইচ্ছে তখন বড় ও শক্তিশালী রাষ্ট্র ছোট রাষ্ট্রকে দখল করে নেবে। মাৎস্যন্যায় সভ্য বিশ্বের পরিচয় বহন করে না। এটা অসভ্য বিশ্বের পরিচয়চিহ্ন। দেখা যাচ্ছে, ট্রাম্পের আগ্রাসী নীতি-পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র মিত্র হারিয়ে একা হয়ে যাচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উষ্ণতা কমেছে। ইরান-তুরস্ক-রাশিয়া-চীন সম্পর্ক ঘনিষ্ট হয়েছে। পাকিস্তান তুরস্ক-সাউদী আরব সামরিক জোট গঠনের অনেকটাই অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কে তিক্ততা বাড়লেও কানাডার সঙ্গে চীনের সম্পর্ক আরো ঘনিষ্ট হয়েছে। বিভিন্ন সময় নানা কারণে আন্তর্জাতিক সম্পর্কের বিন্যাস বা পুনর্বিন্যাস হয়, এখন যেমনটি হচ্ছে। এহেন সময়ে সম্পর্ক তৈরির ক্ষেত্রে সব দেশের বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশের সতর্ক ও সাবধান হতে হয়। ধৈর্যের সঙ্গে অগ্রসর হতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও একথা প্রযোজ্য।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্টই বলতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাণিজ্য সহযোগী হিসাবেও যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষস্থানীয়। অনেক ক্ষেত্রে নীতি-সহযোগিতাও রয়েছে দু’দেশের মধ্যে। এসব ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়তে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থে বাংলাদেশকে একতরফা ব্যবহৃত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদিও সরকারের সময় খুব বেশিদিন নেই। নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসবে। সেই সরকারই তার পররাষ্ট্রনীতি নির্ধারণ ও তার প্রসারণে স্বচেষ্ট হবে। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সউদী আরবসহ ইসলামী বিশ্ব, জাপান, আশিয়ান দেশসমূহের সঙ্গে সম্পর্ক-উন্নয়নের একটি রূপরেখা দিয়ে গেলে ভালো হতো।

পরবর্তী নির্বাচিত সরকার সেই রূপরেখা ধরে এগিয়ে যেতে পারতো। কিন্তু এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার তেমন কিছুই করতে পারেনি। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ধারণা, আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। সেই সম্ভাব্য সরকারের প্রধানমন্ত্রী যে তারেক রহমানই হবেন তাও মোটামুটি স্থির। এমতাবস্থায়, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা তার সঙ্গেই সাক্ষাৎ করছেন এবং তার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তার সরকারের পররাষ্ট্রনীতি ও দেশনীতি কেমন হবে। এই জানতে চাওয়াটা খুবই স্বাভাবিক। বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির অতি সংক্ষেপে আন্তঃরাষ্ট্র সম্পর্ক বিষয়ে কথা বলেছেন। ওয়াকিবহাল মহলের অজানা নেই, দেশের স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রণেতা ও প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আগে যে পররাষ্ট্রনীতি অনুসৃত হতো তা ভারতাশ্রয়ী। ভারত ও সেভিয়া ভুক্তদেশ ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক ছিল না। না যুক্তরাষ্ট্রের সঙ্গে, না চীনের সঙ্গে, না ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, না সউদী আরবসহ ইসলামী দেশগুলোর সঙ্গে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসব দেশের সঙ্গে সম্পর্কের গোড়াপত্তন করেন এবং এর বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেন। তার শাহাদাত বরণের পর বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার স্বামীর দেখানো পথই অনুসরণ করেন। বিতাড়িত স্বৈরাচারের আমলে এই পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন ঘটানো হয়। ফের সময় এসেছে জিয়াউর রহামান ও বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রনীতি অনুসরণ ও বাস্তবায়নের। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বিএনপি দেশে-বিদেশে নন্দিত স্বাধীন, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিই প্রতিষ্ঠা করবে, এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়।