চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত পল্লীতে এক সপ্তাহে সাতটি স্থাপনায় অগ্নিসংযোগের যেই অঘটন ঘটিয়াছে, তাহা উদ্বেগজনক হইলেও বিস্ময়কর নহে। সরেজমিন পরিদর্শন এবং ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতে শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে ইহা স্পষ্ট– অগ্নিকাণ্ডগুলি উদ্দেশ্যপ্রণোদিত। পাড়ার বাসিন্দাদের আশঙ্কা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরিয়া বিশেষ কোনো মহল আতঙ্ক ছড়াইয়া হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভোটদান হইতে বিরত রাখিতে চাহিতেছে। রহস্যজনক হইল, এহেন নাশকতা শুরু হইবার অব্যবহিত পর থানা পুলিশ অবগত হইয়া এলাকা পরিদর্শন করিলেও অগ্নিসংযোগ বন্ধ হয় নাই। প্রতিবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যেই বক্তব্য প্রতিবেদনে প্রকাশ পাইয়াছে, উহাতেও উক্ত দুর্বৃত্তপনা বন্ধ হইবার কোনো আশাবাদ মিলে না। ওসির বক্তব্য, বিষয়টি তাহারা তদন্ত করিতেছেন, তবে কেহ লিখিতভাবে থানায় কোনো অভিযোগ দেয় নাই। ইউএনওর বক্তব্য, ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বলিয়াছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি তিনি অবহিত করিয়াছেন। ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের ন্যায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্পর্শকাতর ঘটনায় পুলিশ ও প্রশাসনের এতটা নিস্পৃহ ভাব নিঃসন্দেহে অপরাধীদের অপরাধকর্ম চালাইয়া যাইতে উৎসাহ দেয়। এই কারণেই আলোচ্য ঘটনাসমূহ দেখিয়া আমরা বিস্মিত হই নাই।

স্মরণ করা যাইতে পারে, গত ১ নভেম্বর হইতে ৫০ দিনে চট্টগ্রামের রাউজানে হিন্দু সম্প্রদায়ের ১২টি ঘরে আগুন লাগানো হয়। এমনকি ঘরের ভিতরে মানুষ রাখিয়া দরজায় বাহির হইতে তালা মারিয়া আগুন লাগাইয়া দেওয়ার ঘটনাও ঘটে। অদ্যাবধি পুলিশ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা সেই সকল ঘটনার একটিরও রহস্য ভেদ করিতে পারে নাই, যদিও এই স্তম্ভেই আমরা উক্ত বিষয়ে জোর তাগিদ দিয়াছিলাম। বস্তুত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হইতেই দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মানুষদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয় আক্রান্ত হইতে থাকে। ইতোমধ্যে একাধিক দফায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়-সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ হইতে উক্ত বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়। কিন্তু সরকার প্রথমেই ঘোষণা করিয়া বসে– দেশে উক্ত সময়ে কোনো সাম্প্রদায়িক সহিংসতা ঘটে নাই। কিছু ঘটনা ঘটিলেও সেইগুলি ঘটিয়াছে ভুক্তভোগীর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হইলে এক পর্যায়ে সরকার কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা স্বীকার করিলেও অদ্যাবধি কোনো ভুক্তভোগী বা স্বজনেরা ন্যায়বিচার পাইয়াছেন– এমন নজির নাই।

বলা প্রয়োজন, সংখ্যালঘু নির্যাতন এই দেশে দশকের পর দশক যাবৎ ঘটিয়া চলিয়াছে। অতীতের কোনো সরকারই তাহা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই, বরং বিষয়টি অস্বীকারের চেষ্টা করিয়াছে। তবে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের অঙ্গীকার লইয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণকারী অন্তর্বর্তী সরকার ঐ দুর্ভাগ্যজনক ধারাটি অক্ষুণ্ন রাখিতে পারে না। দেশের সংবিধান সকল নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারকে দিয়াছে। নিছক ধর্মীয় পরিচয়ের কারণে কেহ কাঙ্ক্ষিত সেবা হইতে বঞ্চিত হইতে পারে না। উপরন্তু নিরাপত্তার অভাবে হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের নাগরিকরা ভোটকেন্দ্রে না গেলে শুধু নির্বাচনই প্রশ্নবিদ্ধ হইবে না; রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হইবে। সংখ্যালঘুর নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত রাখিবার জন্য সাধারণ মানুষকেও সোচ্চার হইতে হইবে। এই ক্ষেত্রে স্থানীয় প্রতিবেশীদের দায়িত্ব সর্বাগ্রে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘুদের সুরক্ষায় তৎপর হইলে তাহারা নির্ভাবনায় থাকিতে পারিবে। তজ্জন্য ইহা সম্মিলিত দায়িত্ব। নির্বাচনের মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসুক, তাহাদের এই বিষয়টি অগ্রাধিকারে থাকিতে হইবে।