চলনবিল প্রকৃতির সাজে সজ্জিত এক বর্ধিষ্ণু প্রাচীন জনপদ। অতীতে বিলের বোনা-রোপা আমন, আউশ, বোরো ধানের প্রাচুর্য ছিল। সেই সঙ্গে আরও আছে ডাল, ভুট্টা, আখ, পাটসহ নানা ফসলের প্রাচুর্যতা। এটাই শেষ নয়। বিলে বিখ্যাত হয়ে আরও আছে সুস্বাদু হরেক নামের মিঠাপানির মাছ, অতিথি পাখি, খেজুর রস, খেজুর গুড়, তালফলসহ নানা কিছু; যা এ অঞ্চলের সঙ্গে নাম-ডাকে সরেস হয়ে আছে দেশময়। এ সব কিছুর সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে আরেক কৃষিসম্পদ সরিষার ফুল থেকে আহরিত চলনবিলের বিশুদ্ধ মধু।
সাধারণত আশির দশকে বড় আকারের বন্যার পর ২০০৪ সালে বড় আকারে আরেকটি বন্যা হয়। এরপর এ অঞ্চলে ধারাবাহিকভাবে স্বল্প বন্যা হওয়ার কারণে রবিশস্য সরিষার আবাদ শুরু হয়। এতে সরিষা চাষি কৃষকরা লাভের মুখ দেখতে পান। যেমন–চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর; পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর; নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁ জেলার আত্রাই উপজেলা এলাকায় প্রতি বছর গড়ে রবিশস্য মৌসুমে প্রায় ৫৫-৬০ হাজার হেক্টর জমিতে টরি-৭, বারি-১৪, ১৭ সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হচ্ছে। পাশাপাশি গড় ফলন বিঘায় প্রায় ৬-৯ মণ পর্যন্ত গড়ায়। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের প্রায় ২৭০-৩০০ মৌচাষি অস্থায়ী আস্তানা গেড়ে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন; যার ব্যত্যয় প্রায় গত দুই দশকে হয়নি।
প্রতি বছর চলনবিল অঞ্চলের সরিষার ফুল থেকে মধু আহরণ কৃষি অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। এ বছরও বিলপাড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৌচাষিদের সঙ্গে এলাকার সব মিলে প্রায় ৩০০-এর অধিক মৌচাষি মধু সংগ্রহে অস্থায়ী আস্তানা গেড়েছে। ফসলি মাঠ থেকেই আহরিত মধু বিক্রির কর্মযজ্ঞ চলবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম নাগাদ পর্যন্ত। অবশ্য, মৌচাষিদের ভাষ্য ২০০ বা ২৫০টি মৌবাক্স আছে এমন একজন মৌচাষি প্রতি মৌসুমে গড়ে ২৫-৩০ মণ মধু সংগ্রহ করার সক্ষমতা রাখেন। সে অনুসারে প্রতি সরিষার মৌসুমে চলনবিল অঞ্চল থেকে ৩০০ জন মৌচাষি গড়ে প্রায় ৯ হাজার মণ মধু সংগ্রহ করেন। যে মধু কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই কৃষি অর্থনীতিতে আসছে। তবে শীত মৌসুমে পূর্ণ বা পরিণত মৌমাছির তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ১০ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হলেও অপরিণত মৌমাছির লার্ভা বা শূককীটের ঠান্ডা-শীত সহ্য ক্ষমতা একেবারে কম। শীতকালে কৌশলে মৌচাকের তাপমাত্রা সহনীয় রাখে মৌমাছি। বিশেষ করে অপরিণত মৌমাছির লার্ভা বা শূককীটের ঠান্ডা-শীত সহ্য করতে না পেরে নষ্ট হয়ে মৌমাছির বংশ বিস্তারে ছন্দপতন ঘটছে। যে কারণে মধুর উৎপাদনের সঙ্গে আবহাওয়া ভালো থাকা বা সহনীয় শীত, কুয়াশা থাকাটাও জরুরি।
তবে এত কিছুর পরও চলনবিলের সরিষার ফুল থেকে আহরিত মধু প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না মৌচাষিরা। তারা বলছেন, তাদের কাছ থেকে অপরিশোধিত মধু কিনে বহুজাতিক অনেক প্রতিষ্ঠান যেখানে মধু পরিশোধিত করে প্রতি কেজি ১২০০ থেকে ১৩০০ টাকা দরে বিক্রি করছেন; সেখানে তারা পাচ্ছেন তিন ভাগের এক ভাগ মাত্র। এ জন্য কৃষি বিভাগ সম্ভাবনাময় চলনবিলের সরিষার ফুল থেকে আহরিত মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করবে এমন দাবিও তাদের। সর্বশেষ আরেকটি উদ্বেগজনক বিষয় হলো চলনবিলের তাড়াশ, উল্লাপাড়া, ভাঙ্গুড়া, গুরুদাসপুর উপজেলা এলাকায় মহামারি আকারে তিন ফসলি জমিতে পুকুর খনন চলছে। যে কারণে আবাদি জমির পরিমাণ কমছে। কমছে মধুর উৎপাদন।
লেখক: এম. আতিকুল ইসলাম বুলবুল, সমকালের তাড়াশ প্রতিনিধি।
