গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়া এবং ভারত তাকে নিরাপদ আশ্রয় দেয়া নিয়ে ভারতের সাথে গত দেড় বছর ধরে বাংলাদেশের শীতল সম্পর্ক চলছে। ভারত অন্তর্বর্তী সরকারকে সহ্য করতে পারছে না। বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ভারতের অযাচিত ও অনাকাক্সিক্ষত মন্তব্যের জোরালো প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার। ভারত অনেকটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিল, নির্বাচিত সরকার ছাড়া সে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কে জড়াবে না। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুসজ্জায় থেকেও তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন। তার আগেই তিনি ইন্তেকাল করেন। দেশের অভিভাবক এবং অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুতে দেশের মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়ে।
বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করে। পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে বাংলাদেশে ছুটে আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সামরিক বাহিনীর বিশেষ বিমানে করে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তার একটি চিঠি তুলে দেন। অন্যদিকে, নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে বেগম খালেদা জিয়াকে নিয়ে শোক বই খোলা হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাতে স্বাক্ষর করতে হাইকমিশনে যান। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ভারতের এই সহমর্মী আচরণকে কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, ভারত ধরে নিয়েছে, আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, তাই সে আগেভাগেই সম্ভাব্য বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে দিল্লীর এই পদক্ষেপ বা আচরণকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ দিয়েছেন।
ভারত একদিকে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক তৈরি করার নানা চেষ্টা করছে, অন্যদিকে আমরা দেখছি, তার অভ্যন্তরে বাংলাদেশবিরোধী এন্তার প্রচার-প্রপাগান্ডা, হুমকি-ধমকিমূলক কথাবার্তা বলা হচ্ছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন, ধর্ষণ ইত্যাদি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তুলে ধরে বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। এমনকি কলকাতা নাইট রাইডার্সের মালিক (কেকেআর) শাহরুখ খান বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকায় চুক্তিবদ্ধ করায় বিজেপির একশ্রেণীর নেতা তাকে ‘দেশদ্রোহী’ হিসেবে আখ্যায়িত করেছেন। উত্তরপ্রদেশের সাবেক বিধায়ক সঙ্গীত সোম মিরাটে এক সভায় বাংলাদেশের বদনাম করে বলেছেন, একদিকে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হত্যাযজ্ঞ ও হামলা চলছে, অন্যদিকে আইপিএলে ক্রিকেটার কেনা হচ্ছে।
দেশদ্রোহী শাহরুখ খান এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ভারতের এক আধ্যাত্মিক গুরু দেবকিনন্দন কেকেআরকে অনুরোধ করে বলেছেন, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, মেয়েদের ওপর হামলা হচ্ছে, এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশের ক্রিকেটার টিমে নেয়া অনুচিৎ। অর্থাৎ ভারতে বিজেপি, রাজনীতিক, ধর্মীয় নেতা ও সমাজের উগ্রবাদীরা হিন্দু নির্যাতনের কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে বিষবাষ্প ছড়াচ্ছে। বলার অপেক্ষা রাখে না, ভারত সরকার তার দেশের সংখ্যালঘুদের নিয়ে যে চ-নীতি অবলম্বন করছে, তার কোনো তুলনা হয় না। প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানরা নিপীড়ন, নির্যাতন, হত্যা, ধর্ষণের শিকার হচ্ছে। বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ও স্থাপনা গুড়িয়ে দিচ্ছে। বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর উগ্রবাদীরা অসংখ্য হামলা করেছে।
ভারতের সামাজকে উগ্রবাদীদের দিয়ে বিজেপি সরকার বাংলাদেশবিরোধী আক্রমণাত্মক মনোভাব গড়ে তুলছে। সামান্য খেলা নিয়েও রাজনীতি শুরু করেছে। খেলাকে রাজনীতিতে টেনে আনছে। অথচ আইপিএলে বাংলাদেশের বহু ক্রিকেটাররা বছরের পর বছর খেলেছে। তখন এ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এবার সেই প্রশ্ন তোলা হয়েছে। এর মূল কারণ হচ্ছে, বিজেপি সরকারের বাংলাদেশ বিদ্বেষ, যা এখন চরমে উঠেছে। সে ভারতের অন্তর্ভুক্তিমূলক সমাজ, ঐতিহ্য ও সমাজনীতিকে প্রত্যাখ্যান করছে। পারস্পরিক সম্প্রীতির সমাজকে ধূলিস্যাত করে দিচ্ছে। অথচ একটি দেশের সাথে আরেকটি দেশের বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে দেশ দুইটির জনগণের সাথে জনগণের সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেখা যাচ্ছে, বিজেপি সরকার উগ্রবাদীদের মাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার ও বিদ্বেষমূলক কর্মকা- দিয়ে বাংলাদেশের জনগণের মন বিষিয়ে তুলছে। ভারত সরকার ও তার মদতপুষ্ট উগ্রবাদীরা বিভিন্ন সময়ে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু নির্যাতনের বিষয়টিকে যেভাবে ম্যাগনিফাই করে তুলে ধরছে, তার ভিত্তি অত্যন্ত দুর্বল। বাংলাদেশে হিন্দুদের ওপর যে দুয়েকটি ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই গণ্য। পশ্চিমা বিশ্বে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। অথচ ভারতে সংখ্যালঘু হত্যা, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি অসংখ্য ও নিত্যদিনের বিষয়। ভারতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, সেখানে বিদেশী নারী পর্যটকরা পর্যন্ত নিরাপদ বোধ করে না। তাদের ধর্ষণের শিকার হতে হয়। বাংলাদেশে হিন্দুদের ওপর যখন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তখন দেশের সাধারণ মানুষ, আলেম-ওলামা, মিডিয়া ও সরকার তার নিন্দা করেছে এবং সরকার জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ পদক্ষেপ নিয়েছে। হিন্দুদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন পর্যায়ের মানুষ। ভারত কি এমন একটি উদাহরণ দেখাতে পারবে যে, সেখানে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা হয়েছে? পারবে না। বাংলাদেশের সমাজ চিরিকালই অন্তর্ভুক্তিমূলক, সহিষ্ণু এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এখানে উগ্রবাদের কোনো ঠাঁই নেই।
ভারত ঐতিহাসিকভাবেই বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে। সে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আমলে নেয় না। সে চায়, বাংলাদেশ তার আনুগত্য করুক, তার দাদাগিরি মেনে নিক। এটা তার চিরায়ত চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়ে সমতাভিত্তিক বন্ধুত্ব কখনোই আশা করা যায় না। ভারত নিয়ে বেগম খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য ছিল। ২০০০ সালে একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা ছোট হতে পারি। কিন্তু আমাদের আত্মমর্যাদাবোধ রয়েছে। স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাস করতে চাই। সে জন্য আমরা সকলের সঙ্গেই ভালো স¤পর্ক রাখতে চাই। বড় দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো হবে, তা সমমর্যাদার ভিত্তিতে নিরসন করার জন্য আমরা কাজ করতে চাই।
কিন্তু বড় দেশ বলে ভারত যা বলবে, তা আমাদের মেনে নিতে হবে বা জোর করে আমাদের ওপর কিছু চাপিয়ে দেবে, এটা আমরা মেনে নিতে পারি না। যখন বড় দেশ হিসেবে ভারত আমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করে, তখন আমাদেরকে তার প্রতিবাদ করতে হবে। এজন্য যদি আমাদের ভারতবিরোধী মনে করা হয়, তাহলে আমার বলার কিছু নেই। ভারতকে এ বিষয়গুলো মাথায় নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কন্নোয়নের মাইন্ডসেট ঠিক করতে হবে। ভারত যদি এক হাতে ফুল এগিয়ে দিয়ে আরেক হাত পেছনে লুকিয়ে ছুরি ধরে সম্পর্ক গড়তে চায়, তাহলে সে সম্পর্ক পরিবর্তনশীল প্রেক্ষাপটে হবে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে উপলক্ষ করে ভারত এখন যেভাবে শ্রদ্ধা প্রদর্শনের নামে আগামীর সম্পর্কের দিকে তাকিয়ে আছে, তাকে ‘সুগার কোটেড’ বা চিনির প্রলেপের আচরণ ছাড়া কিছু বলা যায় না। সে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে সমমর্যাদা ও সমস্বার্থের সম্পর্ক গড়তে চায়, তাকে ‘বসগিরি’ মনোভাব ত্যাগ করতে হবে। বলা বাহুল্য, ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএলে যুক্ত করা নিয়ে ভারতের উগ্রবাদীরা যে আচরণ করছে, খেলাকে রাজনীতিতে টেনে এনে বাংলাদেশবিরোধী অবস্থান নিয়েছে, তা নতুন করে সুসম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষ তা ভালভাবে নেবে না। ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝে সর্ম্পকোন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে।
