প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বিষয়ে সংবাদপত্রের সম্পাদকগণের সংগঠন সম্পাদক পরিষদ যেই ১২ দফা সুপারিশ করিয়াছে, উহা প্রণিধানযোগ্য। রবিবার সম্পাদক পরিষদ এক বিবৃতিতে জানাইয়াছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নিকট পৌঁছানোর জন্য তাহাদের সুপারিশগুলিতে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্ব প্রদান করা হইয়াছে। উক্ত সুপারিশমালার মধ্যে রহিয়াছে, সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ড সম্পর্কিত যেই কোনো অভিযোগে গ্রেপ্তার, তল্লাশি, জব্দ, ডিজিটাল তথ্য-উপাত্তে প্রবেশ ও নজরদারির ন্যায় ব্যবস্থা গ্রহণের পূর্বে আদালতের অনুমোদন বাধ্যতামূলক করিবার বিধান প্রস্তাবিত আইনে সংযুক্তকরণ। উপরন্তু সাংবাদিকতা-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ক্ষমতার ব্যবহার বন্ধ, মানহানির অভিযোগ প্রেস কাউন্সিলে প্রেরণ, তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষা এবং আধেয় অপসারণ ও ব্লক করিবার ক্ষেত্রে স্বচ্ছতা ও বিচারিক তদারকি নিশ্চিতকরণ।

আমরা জানি, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার প্রণীত ডিএসএ বা ডিজিটাল নিরাপত্তা আইনটি ব্যাপক জনদাবির পরিপ্রেক্ষিতে বাতিল করিয়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যাহা বর্তমান সরকার ক্ষমতায় আসিয়া হুবহু আইনে পরিণত করে। কিন্তু সম্প্রতি সরকার রহস্যময় কারণে বিবিধ সংযোজন-বিয়োজন ঘটাইয়া উক্ত আইনকে সংশোধনের উদ্যোগ গ্রহণ করিয়াছে, যাহা সংসদে পাস হইলে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নামে পরিচিত হইবে। শুধু উহা নহে, প্রস্তাবিত আইনে এমন সকল বিতর্কিত ধারা যুক্ত করা হইয়াছে, যেইগুলির কারণে আইনটির মধ্যে সেই দানবীয় ডিএসএর ছায়া সুস্পষ্ট। এই প্রেক্ষাপটেই সম্পাদক পরিষদের সুপারিশমালাটি উত্থাপিত হইয়াছে। উল্লেখ্য, রবিবার রাজধানীতে বিভিন্ন তথ্য ও মানবাধিকার বিষয়ক সংগঠনের উদ্যোগে যেই একাধিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়াছে, সেইগুলিতেও প্রস্তাবিত আইনটি লইয়া অনুরূপ উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গিয়াছে।

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ইতোমধ্যে বিশেষত আইনটি সম্পর্কে জনগণের মত ও পরামর্শ বিষয়ে অবগত হইবার জন্য যেই খসড়া প্রকাশ করিয়াছে, তাহা হইতে জানা যায়, মূল আইনে না থাকিলেও সংশোধনীর খসড়ায় মানহানির ধারা শুধু অন্তর্ভুক্তই করা হয় নাই; এতৎ-সংক্রান্ত অপরাধের জন্য পাঁচ বৎসর কারাদণ্ডের বিধানও প্রস্তাব করা হইয়াছে। অনুরূপ, সংশোধনীতে গুজব ও অপতথ্য-সংক্রান্ত ধারা যুক্ত করা হইয়াছে, যেইখানে শাস্তি হইল ১০ বৎসরের কারাদণ্ড। অধিকতর উদ্বেগের বিষয়, সংশোধনীতে ‘মানহানি’, ‘অবমাননা’, ‘গুজব’, ‘অপতথ্য’ প্রভৃতির সংজ্ঞা প্রায় বিমূর্ত, যাহার অপব্যবহার ঘটিবার আশঙ্কা অমূলক নহে।

প্রস্তাবিত নিবর্তনমূলক আইনটি সরকার এমন সময়ে প্রস্তাব করিয়াছে যখন তাহারা নির্বাচনের পূর্বে প্রদত্ত ৩১ দফা সংস্কার প্রস্তাব হুবহু বাস্তবায়নের অঙ্গীকার করিয়াছে; যথায় মুক্ত চিন্তার পথ রুদ্ধ হয় কিংবা ভিন্নমত দমনে কাজে লাগে– এমন সকল দমনমূলক ও কালো আইন বাতিলের কথা রহিয়াছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের একাধিক মন্ত্রী বারংবার বলিয়া আসিতেছেন, আইনটির মূল লক্ষ্য ডিজিটাল ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করা সাইবার বুলিংসহ বিবিধ অপরাধ প্রতিরোধ, তৎসহিত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণ। বাস্তবে আইনে ফাঁকফোকর থাকিলে তাহার অপব্যবহার হইবেই। উপরন্তু এহেন আশ্বাস ও প্রতিশ্রুতি অতীতের বিভিন্ন সরকারও কালাকানুন প্রণয়নকালে দিয়াছে। স্মরণে রাখিতে হইবে, ইতোমধ্যে সাইবার জগৎ নাগরিকের মতপ্রকাশের প্রধান ক্ষেত্র হইয়া দাঁড়াইয়াছে। তাই নিয়ন্ত্রণমূলক যেই কোনো পদক্ষেপ সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলিবে। আমাদের বিশ্বাস, সরকার সম্পাদক পরিষদসহ সচেতন সমাজের পরামর্শগুলিকে আমলে লইয়া প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করিবে।