দেশের অর্থনীতি কতটা শোচনীয় অবস্থায় রয়েছে, তা নতুন করে বলার কিছু নেই। অর্থনীতিকে সবল করতে সরকারের যে ধরনের উদ্যোগ বা পদক্ষেপ নেয়া দরকার, তা দেখা যাচ্ছে না। ফলে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি, কর্মসংস্থান বলতে কিছু নেই। যা আছে, তাকে অর্থনীতির গতিশীলতা বলে না। ব্যবসায়ীদের মধ্যে বিগত এক বছরের অধিক সময় ধরে হাহাকার চলছে। সরকারের হাতে টাকা নেই। অর্থউপদেষ্টা বলেছেন, ব্যাংক খাত সচল করতে প্রায় ৭০ হাজার কোটি টাকা প্রয়োজন। এর অর্থ হচ্ছে, ব্যাংক খাত ইতিহাসের চরম তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার কোথাও থেকে অর্থ পাচ্ছে না। অর্থ সংগ্রহের জন্য সরকার মরিয়া হয়ে ‘কর সন্ত্রাস’ চালাচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। মূল্যস্ফীতি কমাতে ব্যাংকের সুদ হার বাড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সংলাপে ব্যবসায়ীদের হাহাকারের কথা উঠে এসেছে। তারা বলেছেন, ব্যাংক খাতে ঋণের সুদের হার এখন প্রায় ১৫ শতাংশ। এত সুদহার দিয়ে ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এছাড়া, লাভ হোক কিংবা লোকসান হোক ব্যবসায়ীদের জন্য অগ্রিম আয়কর বাধ্যতামূলক করা হয়েছে। তারা বলেছেন, ‘অগ্রিম ও উৎসে কর’ হচ্ছে ‘কর সন্ত্রাস’ (ট্যাক্স টেরোরিজম)।
বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, লোকসান দিলেও ব্যবসায়ীদের কর দিতে হচ্ছে। লোকসান বেশি দিয়েও কর দেয়া থেকে রেহাই পাচ্ছে না। অর্থাৎ আয় না থাকলেও কর দিতে হচ্ছে। এ অবস্থায় তাদের ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া গতি কি! ব্যাংকের যে উচ্চ সুদহার, এ হারে ঋণ নিয়ে ব্যবসা চালানো বা নতুন ব্যবসা শুরু করা অসম্ভব। অন্যদিকে, ট্যাক্স আদায়ে এনবিআর সংশ্লিষ্ট এলাকায় তার নিয়োজিত শাখাগুলোকে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে থাকে। এ লক্ষ্য পূরণ করতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদেরকে তারা অনেকটা দৌড়ের উপর রাখে। ব্যবসা না হলেও ব্যবসায়ীদের ট্যাক্স দিতে হবে। টার্গেট পূরণ করতে গিয়ে ট্যাক্স আদায়কারী শাখার কর্মকর্তা ও ব্যবসায়ীরা থাকে বিপাকে। অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত থাকলে কোনো সমস্যা হয় না।
এখন সরকারকে শুকনো কাপড় থেকেও পানি বের করতে হবে। এটা সরকারের চরম ব্যর্থতা। অস্বীকার করার উপায় নেই, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তবে নতুন বাংলাদেশে সকলেরই আশা ছিল, অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে খাদের তলানি থেকে তুলে আনতে সক্ষম হবে। সরকার এ কাজটি করতে পারেনি। অর্থনীতি চাঙ্গা করা দূরে থাক, নিজেই চলতে পারছে না। অর্থনীতির সকল সূচক নি¤œগামী। অন্যতম চালিকা শক্তি রফতানি বাণিজ্যে প্রবৃদ্ধি গত প্রায় পাঁচ মাস ধরে শূন্যের কোঠায়। রেমিট্যান্স থেকে আয় হলেও এককভাবে তা দেশ চালানোর জন্য যথেষ্ট নয়। সামনে যে এ আয় বাড়বে তা নিয়েও এখন শঙ্কা জেগেছে। শ্রমবাজার সংকুচিত হচ্ছে। বিভিন্ন দেশ ভিসা নিয়ন্ত্রণ করছে।
দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্ট, শ্রমবাজার, আবাসন খাত চরম দুর্দশার মধ্যে। অর্থনীতি ও কর্মসংস্থানের এসব খাত সংকুচিত হয়ে গেছে। আবাসন খাত তো পুরোপুরি স্থবির হয়ে গেছে। এ খাতের ব্যবসায়ীদের হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এর সাথে যুক্ত ব্যাকওয়ার্ড লিংকেজের বিভিন্ন শিল্পকারখানায়ও উৎপাদন কমে গেছে। রড, সিমেন্ট, ইট, বালু ইত্যাদি নির্মাণ শিল্পও স্থবির হয়ে পড়েছে। কৃষি খাতে কৃষকের উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে সরকারের ‘কর সন্ত্রাস’ পরিস্থিতি নাজুক করে ফেলেছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে লোকবল ছাঁটাই করছে। এতে লাখ লাখ লোক বেকার হয়ে যাচ্ছে। বিনিয়োগ বলতে কিছু নেই। ব্যাংকের উচ্চ সুদহার ও ‘কর সন্ত্রাস’-এর কাছে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছে।
এরকম পরিস্থিতিতে তারা কীভাবে ট্যাক্স দেবে? সরকারের আচরণ হয়ে পড়েছে, ‘ভাত দেয়ার মুরোদ নাই, কিল দেয়ার গোসাই’-এর মতো। বলার অপেক্ষা রাখে না, আমাদের মতো উন্নয়নশীল দেশে আইএমএফ, বিশ্বব্যাংক কাবুলিওয়ালার ভূমিকায় অবতীর্ণ হয়। ঋণ দিয়ে ছড়ি ঘোরায়। সরকারকে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হয়। অর্থনীতি কীভাবে চলবে, কী করতে হবে ইত্যাদি ফর্মুলা দিয়ে থাকে। সরকারের ওপর খবরদারি চালায়। তবে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত থাকলে এ খবরদারি খুব একটা চালাতে পারে না। অর্থনীতির দুর্দশার মধ্যে অন্তর্বর্তী সরকারকে আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হচ্ছে। তাদের শর্ত ও কথা মানতে গিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পড়ছে বিপাকে। অনেক দেশ এখন আইএমএফ ও বিশ্বব্যাংক-এর ঋণের ফাঁদ থেকে কীভাবে বের হওয়া যায়, এ পথ ও প্রক্রিয়া খুঁজছে। যত কম সম্ভব সংস্থাগুলোর দ্বারস্থ হচ্ছে। দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে তাদের খবরদারি থেকে বের হওয়ার জন্য নিজেরাই স্বাবলম্বী হওয়ার নীতি নিয়ে চলছে। বাংলাদেশকেও এ নীতি অবলম্বন করা ছাড়া বিকল্প নেই।
বিনিয়োগকারী, ব্যবসায়ী, দাতা সংস্থা, উন্নত দেশ থেকে শুরু করে প্রত্যেকে নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছে। অর্থনীতিতে যে বন্ধ্যাত্ব চলছে, তা নির্বাচিত সরকার ছাড়া সচল হবে না বলে সবাই একমত। দাতা সংস্থাগুলো জানিয়ে দিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া তারা স্বাভাবিক লেনদেন করবে না। উন্নত দেশগুলোও দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোদমে চালু করার ক্ষেত্রে নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে। নির্বাচনে যে সরকারই ক্ষমতায় আসুক, তার সাথে তারা কাজ করবে। অনিশ্চিত সরকারের সাথে কেউই কাজ করতে চায় না। অন্তর্বর্তী সরকার যে দেশের অর্থনীতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে, তা সকলেই জানে। অর্থপ্রবাহ কমে অর্থনীতির শিরা-উপশিরাগুলো শুকিয়ে গেছে। এতে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। সমাজ ও পরিবারে হতাশা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। দেশের সার্বিক খারাপ পরিস্থিতি সম্পর্কে সরকার ভালোভাবেই জানে। অর্থনীতি, গণতন্ত্র ও স্বাভাবিক রাজনীতি বাঁচাতে সরকারের সামনে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই। সরকারের উচিত, আগামী নির্বাচন যাতে তার ঘোষিত সময়ে হয়, তা নিশ্চিত করা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার, তা নিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেয়া।
