ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে বাংলাদেশ পুলিশের সূত্রে সোমবার প্রকাশিত সমকালে যেই তথ্য প্রকাশিত হইয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রায় ৪৩ সহস্র কেন্দ্রে ভোট গ্রহণ করা হইবে। সেই সকল কেন্দ্রের কোনো কোনোটিতে সংঘাত, হানাহানি, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হইতে পারে; উহার তালিকা পুলিশের বিশেষ শাখা প্রস্তুত করিয়াছে। প্রতিবেদনমতে, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা তিন সহস্র ১১৫টি, যদিও একই সংস্থার পূর্বের এক প্রতিবেদনে দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬ সহস্রাধিক বলিয়া উল্লেখ করা হইয়াছিল। উপরন্তু গত মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁহার এক বক্তব্যে বলিয়াছেন, অর্ধেকের অধিক সংখ্যক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। মোদ্দাকথা, এবারের নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য বলিলে ভুল হইবে না। অতীতেও আমরা দেখিয়াছি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতেই সাধারণত সংঘর্ষ, ব্যালট ছিনতাই, জোরপূর্বক ভোট গ্রহণ কিংবা ভোটারদের বাধা দিবার মতো অঘটন অধিক ঘটিয়া থাকে। প্রতিপক্ষের মধ্যকার উত্তেজনা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে এই সকল কেন্দ্র আরও স্পর্শকাতর হইয়া উঠে। যাহার ফলে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করিবার পরিবেশ ক্ষুণ্ন হয়। তজ্জন্যই ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে নিবিড় নজরদারি জরুরি। তাহা না হইলে যদ্রূপ নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে পারে, তদ্রূপ শান্তিভঙ্গের আশঙ্কায় কেন্দ্রসমূহে ভোটার উপস্থিতি হ্রাস পাইতে পারে, যাহা প্রশ্নবিদ্ধ করিতে পারে নির্বাচনের সামগ্রিক গ্রহণযোগ্যতাকে।
ইতোমধ্যে আমরা দেখিয়াছি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনকার্য শুরু হইয়াছে। যদিও অল্প সময়ের মধ্যে এই সকল ক্যামেরা স্থাপনে বিপত্তি ঘটিয়াছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ লইয়া বিপত্তিসহ একসঙ্গে এত ক্যামেরার চাহিদা সৃষ্টি হইবার কারণে জোগানেও সংকট সৃষ্টি হইয়াছে। সময়স্বল্পতাজনিত সমস্যাও উল্লেখযোগ্য। নিরাপত্তার অংশ হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহিত থাকিবে বডি ক্যামেরা– এই কথাও ইতোমধ্যে প্রচারিত হইয়াছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্মুখে রাখিয়া রবিবার হইতেই সমগ্র দেশে একযোগে মাঠে নামিয়াছে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের মাঠের শৃঙ্খলা বজায় রাখিতে উহাদের সহিত দায়িত্ব পালন শুরু করিয়াছেন সহস্রাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু কেন্দ্রসমূহে ঘোষিত নিরাপত্তামূলক কারিগরি আয়োজন সম্পন্ন করা সম্ভব না হইলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজন দুরূহ হইতে পারে। এই ক্ষেত্রে নির্বাচনের অন্যতম প্রধান অংশীজন হিসাবে রাজনৈতিক দলগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন জরুরি বলিয়া আমরা মনে করি। তাহাদের বিশেষত সংযম ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের দিনে সহিংসতা ও অনিয়ম পরিহার না করিলে শুধু নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু করা সম্ভবপর নহে। এইবারের নির্বাচনে এখনও বড় ধরনের সহিংসতার অঘটন ঘটে নাই, যাহা অবশ্যই ইতিবাচক। তবে রাজনৈতিক দলগুলির মধ্যে অতীতের নেতিবাচক প্রবণতা হইতে বাহির হইয়া ভোটের ফল তথা জনগণের রায় মানিয়া লওয়ার মনোভাব তৈরি না হইলে পরিস্থিতি উত্তপ্ত ও সহিংস হইতে সময় লাগিবে না।
গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা হয় নির্বাচনের দিন। এইবারের নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, উহা বলিবার অপেক্ষা রাখে না। বিগত পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে না পারিয়া সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রতি যেই আগ্রহ সৃষ্টি হইয়াছে, তাহাকে বাস্তবে রূপায়িত করিতে হইবে। তজ্জন্য এই নির্বাচনকে গ্রহণযোগ্য করিবার দায় সকলের। আমরা বিশ্বাস করি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিকে নিরাপদ ও আস্থার কেন্দ্রে রূপান্তরিত করিতে পারিলেই গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
