রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ, বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এই ঘটনা নিয়ে মানুষ ক্ষুব্ধতা প্রকাশ করছে। ঘটনাটি ‘টক অফ দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। বিবেকবান মানুষের হৃদয় দুমড়ে-মুচড়ে গেছে। রামিসার জন্য মানুষের মধ্যে হাহাকার ও নীরব কান্না চলছে। এই ঘটনাকে মর্মান্তিক, বর্বর, নৃশংস, নিষ্ঠুর, নির্দয়, শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। এ এক অব্যক্ত, অবর্ণনীয়, অব্যাখ্যাত বেদনার ঘটনা। মানুষ কীভাবে অমানুষে পরিণত হয়, এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। এ ঘটনা এবং এ ধরনের ঘটিত আরও ঘটনা থেকে বুঝতে অসুবিধা হয় না, আমাদের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় রীতি-নীতি, মূল্যবোধ কোথায় নেমেছে।
রামিসাকে ধর্ষণ ও হত্যাকা-ের ঘটনাকে মূল্যবোধের অবক্ষয়ের ‘টিপস অফ আইসবার্গ’ বলা যায়। বহু বছর ধরেই আমরা বলে আসছি, আমাদের চিরায়ত পরিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ক্ষয়ে যাচ্ছে। ধর্মীও ও নৈতিক মূল্যবোধ শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাদরাসা। অথচ সরকারি দলের অনুসারী অনেকে মাদরাসা শিক্ষাকে আক্রমণের প্রয়াস চালাচ্ছে। জামায়াতের রাজনীতির সাথে মাদরাসা শিক্ষাকে গুলিয়ে ফেলছে। ঐতিহাসিক সত্য হচ্ছে, মাদরাসা শিক্ষা তার নিজস্ব ধারায় বহমান। এর সাথে জামায়াতে ইসলামীর রাজনীতি জড়িত, এ ধারণা পোষণ করে পুরো মদারাসা শিক্ষাকে একপক্ষের দিকে ঠেলে দেয়া যথাযথ পর্যবেক্ষণের অভাব ছাড়া কিছু নয়। জামায়াতের রাজনীতির কথা বলে মাদরাসা নিয়ন্ত্রণে আনার কোনো সুযোগ থাকতে পারে না। যা হোক, রামিসার ব্যাপারে রাষ্ট্রের কর্ণধারদের সচেতন হয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করাই সময়ের দাবি। রাষ্ট্র পরিচালকদের বলে দেয়ার প্রয়োজন নেই কি পদক্ষেপ নিতে হবে। দেখা যাচ্ছে, এ ব্যাপারে ভ্রুক্ষেপ না থাকায় একশ্রেণীর মানুষ অমানুষে পরিণত হয়েছে এবং হচ্ছে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকা-ের হৃদয়ছেঁড়া ঘটনার মধ্য দিয়ে যার প্রকাশ ঘটেছে।
রামিসার ঘটনা নিয়ে দেশ এখন উত্তাল। মানুষের মনোজগতে তোলপাড় চলছে। এ ঘটনার দ্রুত বিচার কিংবা এখুনি অপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়ার দাবিতে মানুষ সোচ্চার হয়েছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার বাসায় গিয়েছেন। তিনি রামিসার পরিবারকে সান্ত¦না এবং অতি দ্রুত বিচারের আশ্বাস দেন। আইনমন্ত্রী দ্রুত বিচারের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ডিএনএ পরীক্ষা সম্পন্ন হলে আজকের (রবিবার) মধ্যে আদালতে চার্জশিট দেয়া হবে। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। রামিসার ঘটনার দ্রুত বিচার সর্বস্তরের মানুষের একান্ত কামনা। হয়ত দ্রুত সময়ে বিচার হবে।
তবে এই বিচার কি আমাদের পরিবার ও সমাজের ন্যায়বোধ, মূল্যবোধ, দায়বোধ, নীতি-নৈতিকতার চরম অবক্ষয়, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা দুর্বার হয়ে উঠাকে প্রতিরোধে সহায়ক হয়ে উঠবে? এ প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ, আমরা অতীতেও দেখেছি, এ ধরনের নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। কোনো কোনোটির বিচার দ্রুতও হয়েছে। তারপরও সেগুলো এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারছে না। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু এবং ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪৬ শিশু। আরেক মানবাধিকার সংগঠন এইচআরএসএস-এর তথ্য অনুযায়ী, গত ২০ মাসে সারাদেশে ৬৪৩ শিশু ধর্ষণ ও নির্যাতনে নিহত হয়েছে।
এসব পরিসংখ্যান এটাই প্রকাশ করছে, শিশুদের জন্য বাংলাদেশ ভয়ংকর ও অনিরাপদ হয়ে উঠেছে। এসব ঘটনার মধ্যে রামিসার ঘটনা ‘বিস্ফোরক’ হয়ে জানান দিয়েছে। বাকি ঘটনাগুলো পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। অথচ আমরা এই হিসাব বা পরিসংখ্যান পাই না, উক্ত সময়ের মধ্যে এসব শিশু ধর্ষণ ও হত্যার কতটির বিচার হয়েছে? এসব শিশু ধর্ষণ ও হত্যার বিচার যদি দ্রুত বিচারের আওতায় একের পর এক রায় দিয়ে অপরাধীকে যথাযথ শাস্তি দেয়া যেত, তাহলে হয়ত দেশবাসী জানত, সচেতন হতো এবং অপরাধীরা অপরাধ করতে দ্বিতীয়বার চিন্তা করত। একটি দেশের সভ্যতা টিকে থাকে, সে দেশের মানুষ কতটা সভ্য, তার উপর। যে দেশে সুশাসক, সুশাসন ও আইনের শাসন শক্ত ভিত্তির উপর থাকে, সে দেশে সভ্যতা টিকে থাকে।
ইতিহাস থেকে জানা যায়, রোমান, অটোমান ও মোগল সা¤্রাজ্য শুরুর দিকে সভ্যতার মাপকাঠিতে উন্নত ছিল। কালক্রমে তাদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, দুষ্কর্ম, দুর্নীতি, ভোগ-বিলাস তাদের বিশাল সা¤্রাজ্য বিলুপ্ত করে দিয়েছে। এ তুলনায় আমাদের দেশ খুবই ক্ষুদ্র। এর মধ্যে যদি মানুষের সুকুমারবৃত্তির অবলোপন ও অবক্ষয় ঘটতে থাকে, তাহলে সভ্যদেশ হিসেবে কি গড়ে উঠা কিংবা টিকে থাকা সম্ভব? পরিসংখ্যান যেভাবে শিশু ধর্ষণ ও হত্যা বৃদ্ধি নির্দেশ করছে, তাতে বাংলাদেশের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় সভ্যতা ও মূল্যবোধের চরম অবক্ষয়ের চিত্রই ফুটে উঠছে। মানুষের নীতি-নৈতিকতা, বিচার ও বিবেকবোধ নি¤œগামী হয়েছে এবং হচ্ছে। মানুষের লোভ-লালসা এতটাই বৃদ্ধি পেয়েছে, যে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি, দুষ্কর্ম ও অন্যায়-অপরাধ ঘটছে না। ক্ষমতাশালীদের পেশীশক্তির কাছে দুর্বল ও ভদ্ররা অসহায় হয়ে পড়ছে। ঘুষ, দুর্নীতি, অনলাইন-অফলাইন জুয়া, মাদক, লাগামহীন হয়ে পড়েছে। এর ফলে সমাজে অপরাধীরা আগ্রাসী এবং ভদ্ররা কোনঠাসা হয়ে পড়ছে। এ থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। শিশু হত্যা, কন্যাশিশু ধর্ষণ, খুন ও নির্যাতন জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে, কিশোর গ্যাং দুর্দমনীয় হয়ে উঠেছে। ভবিষ্যত এই প্রজন্মের ভিত্তিকে শুরুতেই ধ্বংস এবং বিপদে ঠেলে দেয়া হচ্ছে।
শিশু রামিসার হৃদয়ভাঙা ঘটনা সচেতন মানুষকে মুচড়ে দিয়েছে। সরকারও এর বিচারে ত্বরিৎ পদক্ষেপ নিয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোও যেন ক্যাশ করে সরকারকে বিপাকে ফেলার এক ধরনের অপরাজনীতি শুরু করেছে, যা কাম্য হতে পারে না। আমরা এ ঘটনার অবশ্যই বিচার চাইব, অপরাধীর সর্বোচ্চ সাজা চাইব। আবার এটাও ভাবব, এসব অপরাধ প্রতিরোধে সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকার ও বিরোধীদলের যৌথ দায়িত্ব রয়েছে। কীভাবে আমাদের ক্ষয়ীষ্ণু পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে উন্নত করা যায়, এ চিন্তা ও উদ্যোগ নিতে হবে। সরকার অপরাধীর বিচার করবে, সুশাসন নিশ্চিত করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। বিরোধীদলকেও এ কাজে সহায়তা করতে হবে।
সরকারের ভালোটা যেমন সমর্থন করবে, তেমনি খারাপটার সমালোচনা ও তা থেকে উত্তরণে সরকারকে পরামর্শ এবং সহযোগিতা করবে। কোনো ঘটনায় সরকার বিপাকে পড়েছে এবং তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করা সুস্থ রাজনীতির লক্ষণ নয়। কেউ কেউ রামিসার ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীকে এখুনি ফাঁসি দিতে হবে বলে আন্দোলনে নেমেছে। অবশ্যই অপরাধীকে আইনের আওতায় দ্রুত শাস্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। শুধু এই ক্ষেত্রে নয়, এ পর্যন্ত যত শিশু ধর্ষণ ও খুনের শিকার হয়েছে, সেগুলোরও দ্রুত বিচার হতে হবে। আইনের ফাঁক-ফোকর যেমন আছে, তেমনি আইনি প্রক্রিয়ারও বিষয় রয়েছে। তবে এর মধ্য দিয়ে যাতে অপরাধী পার পেয়ে না যায়, আবার তা দ্রুত করতে গিয়ে যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয় না ঘটে, এ বিষয়টিও দেখতে হবে।
জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড বলে যেমন প্রচলিত কথা রয়েছে, তেমনি জাস্টিস হারিড, জাস্টিস বারিড বলেও কথা রয়েছে। আবার এ কথাও এখন বলা হচ্ছে, যে শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে, তার দাফনের আগেই আইন মরে যায়। এর কোনোটাই হওয়া উচিৎ নয়। শিশু ধর্ষণ ও হত্যা কিংবা ধর্ষণের ঘটনার ক্ষেত্রে ডিএনএ টেস্ট বা অন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক টেস্ট গুরুত্বপূর্ণ। বিচার দ্রুতায়িত করার জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখা যায়, ফরেনসিক পরীক্ষার রেজাল্ট পেতে অনেক সময় বিলম্ব হয়। এর কারণ, দেশে ফরেনসিক ল্যাবরেটরির অপর্যাপ্ততা। এক্ষেত্রে ফরেনসিক ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা অপরিহার্য। তাহলে, দ্রুত ভিক্টিমের রিপোর্ট পাওয়া যাবে। সরকারকে এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে হবে। বলার অপেক্ষা রাখে না, সুষ্ঠু ও যথাযথ বিচারের জন্য আইন প্রয়োগ ও সুশাসনের শক্তিশালী ভিত্তি থাকা জরুরি এবং সবক্ষেত্রেই তা বলবৎ থাকা আবশ্যক। তার আগে আমাদের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, তা ঠেকাতে হবে। পরিবার ও সমাজকে ঠিক করতে হবে। আইনের দ্বারস্থ যাতে হতে না হয়, এমনভাবে পারিবারিক ও সামাজিক নীতি-নৈতিকতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে সরকার ও বিরোধীদলের সুষ্ঠু রাজনৈতিক চর্চা ও উদ্যোগ প্রয়োজন। অপরাধী যেই হোক, যত শক্তিশালী হোক, তাকে কেউই প্রশ্রয় দেবে না, তাকে প্রতিরোধ ও বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে, এটা নিশ্চিত করতে হবে।
