কয়েক দিন ধরে ফুটপাত থেকে হকারসহ বেআইনি দখল উচ্ছেদ চলছে। জনপরিসরে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, নতুন প্রশাসন এলেই ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী বা হকার উচ্ছেদ করা হয়। ফুটপাত খালি করা হয়। ছবি তোলা হয়। সংবাদ শিরোনাম হয়। কিন্তু কিছুদিন পর একই জায়গায় আবার হকার বসে। প্রশ্ন হলো, আমরা কি সত্যিই নগরীর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী বা হকার সমস্যার সমাধান খুঁজি, নাকি শুধু সমস্যার দৃশ্যমান অংশ অপসারণ করি?
মনে আছে, ওয়ান ইলেভেন সরকারের সময় ঢাকাসহ সারাদেশে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনাসহ ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার উচ্ছেদে ব্যাপকতম অভিযান চালানো হয়েছিল। সেবার অনেকে ভেবেছিলেন, স্থায়ী সমাধান হবে। কিন্তু হয়নি। এরপর গত দুই দশকে একই দৃশ্য বারবার ফিরে এসেছে। এতে বোঝা যায়, আমরা একটি কাঠামোগত সমস্যার প্রশাসনিক সমাধান খুঁজছি। আমরা যদি শুরুতেই একটি মৌলিক সত্য স্বীকার করি, তাহলে সমাধানের পথ পরিষ্কার হবে: ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার অধিকার রয়েছে এবং এর সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তাদের জন্য রাষ্ট্রের দিক থেকে পরিকল্পিত নীতি, সুসংহত আইনি কাঠামো এবং বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। কিন্তু বাস্তবতা হলো, এই রাষ্ট্রীয় দায় এখনও সুসংহত কাঠামো পায়নি। প্রথম সমস্যা তথ্যের ঘাটতি। বাংলাদেশে হকার বা ফুটপাতভিত্তিক বাণিজ্য নিয়ে নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই। পরিসংখ্যান ব্যুরোর জরিপগুলোতে এসব মানুষ ‘হকার’ নামে নয়; অনানুষ্ঠানিক খাত বা স্বনিযুক্ত শ্রমিক হিসেবে চিহ্নিত। ফলে আমরা জানি না কত মানুষ ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায় যুক্ত ও তাদের অর্থনৈতিক অবদান কত।
দ্বিতীয়ত, আমরা একটি বড় অর্থনীতিকে অস্বীকার করে নীতি তৈরি করছি। বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা শহরেই এক লাখের বেশি হকার রয়েছে। সারাদেশে এই সংখ্যা কয়েক লাখ। অর্থনৈতিক দিক থেকে দেখলে, ঢাকায় ফুটপাতভিত্তিক বাণিজ্যের বার্ষিক আকার কয়েক হাজার কোটি টাকা। সারাদেশে তৈরি হওয়া এই বিশাল অর্থনীতি রাষ্ট্রীয় স্বীকৃতিহীন। তৃতীয়ত, লাখ লাখ মানুষের জীবিকা এবং বিপুল লেনদেনের একটি খাতকে ‘অবৈধ’ বলে সরিয়ে দেওয়ার চেষ্টা বাস্তবসম্মত নয়। কারণ হকাররা শুধু বিক্রেতা নন, নগর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তারা সস্তায় পণ্য সরবরাহ করার মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য বাজার তৈরি করে। এমনকি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের বাজার সম্প্রসারণ ও ধরে রাখার কাজ করে। চতুর্থত, গ্রাম থেকে শহরে আসা অনেক মানুষের জন্য হকারি দ্রুত আয়ের একটি পথ। এটি পছন্দের নয়, প্রয়োজনের পেশা। এই বাস্তবতা অস্বীকার করে বিকল্প ব্যবস্থা ছাড়াই হকার উচ্ছেদ মানে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের পথ বন্ধ করা।
পঞ্চমত, নীতির ঘাটতি রয়েছে। আমাদের শহর বা নগর পরিকল্পনায় বড় বড় অবকাঠামো তৈরির ব্যবস্থা রয়েছে। কিন্তু অনানুষ্ঠানিক অর্থনীতির জন্য পরিকল্পিত জায়গা রাখা হয় না। এ খাতে যুক্ত লাখ লাখ মানুষের জন্য জায়গা নির্ধারিত না রেখে কীভাবে আশা করা যায়, তারা ফুটপাত দখল করবে না? ষষ্ঠত, ফুটপাতে ব্যবসা ঘিরে দীর্ঘকাল ধরে অনানুষ্ঠানিক ক্ষমতা, প্রভাব ও চাঁদার ব্যবস্থা তৈরি হয়েছে, যার সঙ্গে রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার অসাধু লোকজন জড়িয়ে গেছে। এই কাঠামো অক্ষত রেখে শুধু উচ্ছেদ করে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
ফুটপাত দখল করে ব্যবসার সমস্যাটি জটিল। সেই কারণে কেবল হকার উচ্ছেদ করলেই সমাধান হবে– এই ধারণা বাস্তবসম্মত নয়। স্থায়ী সমাধান তো নয়ই। এ কারণেই পুরো বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। হকার ও তার ক্রেতারাও এ দেশের জনগণ। তাই সমাধান হতে হবে জনগণের কল্যাণের দৃষ্টিকোণ থেকে। শুধু শহর পরিষ্কারের দৃষ্টিকোণ থেকে নয়। রাষ্ট্রের দায়িত্ব একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করা। সেই কাজটা বর্তমান সরকারই শুরু করতে পারে। তারা এমন একটি পরিকল্পিত কাঠামো তৈরি করতে পারে, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা উচ্ছেদ হওয়ার ভয় বা অস্থিরতায় নয়; বরং পরিকল্পিত জীবিকা নিয়ে বাঁচতে পারবে। এ ক্ষেত্রে নিম্নলিখিত উদ্যোগগুলো নেওয়া যেতে পারে–
প্রথমত, অর্থনীতি, কর্মসংস্থান, নাগরিক অধিকার ও শাসন ব্যবস্থার বিষয় হিসেবে বড় ধরনের উচ্ছেদ অভিযানের আগে জাতীয় সংসদে আলোচনা হবে। দ্বিতীয়ত, সংসদের অধীনে গঠিত একটি স্থায়ী কমিটি ফুটপাত অর্থনীতি ও অনানুষ্ঠানিক খাত নিয়ে কাজ করবে। তারা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে নীতিগত সুপারিশ দেবে। তৃতীয়ত, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে বাস্তবসম্মত সমাধানমুখী কমিটি গঠন করে সেখানে নগর পরিকল্পনাবিদ, অর্থনীতিবিদ, মাঠ পর্যায়ের অভিজ্ঞ মানুষ, হকার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চতুর্থত, উচ্ছেদ এলাকাগুলোতে গণশুনানি করতে হবে। সমস্যা সমাধানে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পথরেখাও প্রয়োজন। যেমন– প্রথম ছয় থেকে ১২ মাসে তথ্য সংগ্রহ, অর্থনৈতিক মূল্যায়ন ও সমস্যার ম্যাপিং। পরবর্তী এক বছরে নীতি নিয়ে জনআলোচনা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লাইসেন্সিং, বিকল্প কর্মসংস্থানসহ অন্যান্য পরিকল্পনার পাইলট প্রকল্প বাস্তবায়ন এবং পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত পরিকল্পনা ও কার্যক্রম। বলা বাহুল্য, সব পর্যায়েই সুশাসন ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সব শেষে আবারও সেই কথাই স্মরণ করিয়ে দিতে চাই, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার অধিকার সুরক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব বাস্তবায়নে সরকারকে এমন নীতি, আইনি কাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যা ব্যক্তি বা সরকারের পরিবর্তনের ঊর্ধ্বে থেকে কাজ করবে। এতে ক্ষমতার পালাবদলেও একটি স্থিতিশীল ব্যবস্থার ভেতরে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবিকা চালিয়ে যেতে পারবে। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রে সেটা জনগণ দেখতে চায়। মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
