বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস পরিচালিত জরিপে সরকারের কার্যক্রম লইয়া মতপ্রকাশ করিতে না পারিবার যেই চিত্র উঠিয়া আসিয়াছে, উহা উদ্বেগজনক। সরকারি প্রতিষ্ঠানের জরিপেই যে এই চিত্র উঠিয়া আসিয়াছে, উহাও কম তাৎপর্যপূর্ণ নহে। জরিপটি বলিতেছে, ৭৩ শতাংশ মানুষ মনে করিতেছে, সরকারের কর্মকাণ্ড বিষয়ে তাহাদের মতপ্রকাশের স্বাধীনতা নাই। যদিও বাংলাদেশের সংবিধানে নাগরিকের স্বাধীন মতপ্রকাশের অধিকার রহিয়াছে এবং সরকার বা রাষ্ট্রীয় নীতির সমালোচনা কোনো অপরাধ নহে। সরকার বরং জনগণের নিকট তাহাদের কাজের জন্য জবাবদিহি করিতে বাধ্য।

সরকারের কাজ লইয়া মতপ্রকাশ করিতে না পারিবার অর্থ হইল, সেই পরিবেশ নাই এবং মতপ্রকাশ করিতে গেলে হেনস্তার আশঙ্কা রহিয়াছে। আমরা মনে করি, জনগণের এই ধারণা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুতর ব্যত্যয়। অথচ গত বৎসরের নভেম্বরের শেষ সপ্তাহে ভয়েস অব আমেরিকার জরিপে প্রকাশ পাইয়াছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা বৃদ্ধি পাইয়াছে। এক বৎসর পর আসিয়া জনগণের এই ধারণা বদলের কারণ অমূলক নহে। সরকার এই বৎসরের মে মাসে সন্ত্রাসবিরোধী যেই অধ্যাদেশ জারি করিয়াছিল, উহার একটি ধারা লইয়া ইতোমধ্যে প্রশ্ন উঠিয়াছে। অধ্যাদেশটির নূতন ঐ ধারা লইয়া সম্পাদক পরিষদও উদ্বেগ জানাইয়াছিল। তাহারা যথার্থই বলিয়াছে, ইহার প্রয়োগ দেশের মানুষের স্বাধীন মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের অধিকার সীমিত করিতে পারে, যাহা সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা তৈয়ার করিবে।

অপব্যবহারের সুযোগ থাকে, অধ্যাদেশে এমন একটি ধারার সংযোজন অন্তর্বর্তী সরকারের নিকট হইতে কাম্য ছিল না। আমরা ইতোমধ্যে দেখিয়াছি, সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারের ক্ষেত্রেই সেই অপপ্রয়োগ হইয়াছে। উহা লইয়া ইতোমধ্যে আমরা অত্র সম্পাদকীয় স্তম্ভেই উদ্বেগ প্রকাশ করিয়াছি। সংগত কারণেই যখন তখন সাংবাদিকদের গ্রেপ্তার ও ‘জিজ্ঞাসাবাদ’ চলে, তাহাতে সংবাদকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার ও ভিন্নমত দমনের বিপজ্জনক বার্তাই স্পষ্ট হইয়া ওঠে। সাংবাদিক গ্রেপ্তার কেবল নহে; নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয় এইরূপ আরও উদাহরণ তৈয়ার হইয়াছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণে যথার্থই উঠিয়া আসিয়াছে, এই সরকার কেবল সন্দেহের বশবর্তী হইয়া সহস্র সহস্র মানুষকে গ্রেপ্তার করিয়াছে। পুলিশি হেফাজতে নির্যাতনের বিষয়ও বাদ যায় নাই। অর্থাৎ বিগত শাসনামলে যেইভাবে বিরোধীদের নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হইয়া গ্রেপ্তার করা হইয়াছিল, একই প্রবণতা এই সরকারের আমলেও স্পষ্ট। বস্তুত, সেই কারণেই জনগণের মনে মতপ্রকাশের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব রহিয়া গিয়াছে।

আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের স্বার্থে এই ধরনের ধারণার বদল অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে তাহার বাকি দিবসগুলিতে উহার প্রমাণ দেখাইতে হইবে। ইহার সহিত নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসিবে তাহাদের জন্যও ইতিবাচক বার্তা দেওয়া জরুরি। জনগণের স্বাধীন মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করিতে হইলে ইহার সহিত সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতাও নিশ্চিত করিতে হইবে। কেহ অপরাধ করিলে তাহার নামে মামলা হইতে পারে। কিন্তু অপরাধ না করিয়াই যেইভাবে হত্যা মামলার আসামি হইয়াছে, উহা উদ্বেগজনক। বিবিএসের এই জরিপে স্পষ্ট– জনগণকে বোকা ভাবিবার কোনো কারণ নাই। সরকারে সকল কার্যক্রম যেহেতু তাহারা সচেতনভাবেই পর্যবেক্ষণ করিয়া থাকে, তজ্জন্য কেবল কথায় নহে, কাজেই দেখানো জরুরি। নির্বাচন সম্মুখে রাখিয়া এই সময়ে সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। ভোটাররা যেন ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করিতে পারেন, সেই নিশ্চয়তাও দিতে হইবে। স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা ব্যতিরেকে সেই সুযোগ সৃষ্টি হইবে কিনা, সেই শঙ্কাও সংগত।