দক্ষিণ এশিয়ার নদীবিধৌত ভূখণ্ডে বন্যা কোনো ব্যতিক্রমী দুর্যোগ নয়। এটি এ অঞ্চলের ভূ-প্রকৃতি, কৃষিনির্ভর অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত দুই দশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার চরিত্র ও তীব্রতা যেভাবে বদলে গেছে তা আগের যে কোনো বিশ্লেষণকে ছাড়িয়ে যাচ্ছে বা অকার্যকর প্রমাণ করছে। বন্যা মোকাবিলায় আঞ্চলিক বা স্থানীয় ব্যর্থতার ওপর আগের সব অনুমানের চেয়ে বর্তমান বাস্তবতা আসলেই অনেক গুরুতর।
পুরোনো হিসাব, নতুন বাস্তবতা সিআরইডি ও ইএম-ড্যাট তথ্যভান্ডার অনুযায়ী, ১৯৫০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারত, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশে ৩৫৫টি বড় বন্যা আঘাত হেনেছিল, যাতে ক্ষতির পরিমাণ ছিল প্রায় তিন হাজার ৪২৮ কোটি ৭১ লাখ মার্কিন ডলার এবং প্রাণহানি ঘটেছিল প্রায় সোয়া লাখ মানুষের। কিন্তু ২০২২ সালে পাকিস্তানের বন্যা একাই সেই পুরোনো হিসাবকে ওলটপালট করে দিয়েছে, যেখানে প্রায় তিন কোটি ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রাণ হারায় ১৭ শতাধিক মানুষ, গৃহহীন হয় প্রায় ৮০ লাখ। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্বব্যাংকের হিসাবে ৪০ বিলিয়ন বা চার হাজার কোটি ডলার ছুঁয়ে যায়। বাংলাদেশেও ২০২৪ সালের জুন ও আগস্ট মাসে পরপর দুটি আকস্মিক বন্যায় পূর্বাঞ্চলের একাধিক জেলা বিপর্যস্ত হয়। আগস্টের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ ১১ জেলায় প্রায় ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়; পাঁচ লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় এবং ৭০-এর বেশি মানুষ প্রাণ হারায়।
জলবায়ু ও বন্যার চরিত্র বদল ২০২২ সালের পাকিস্তানের বন্যা নিয়ে গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার তীব্রতা স্বাভাবিক হিসেবের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। হিমালয় অঞ্চলের হিমবাহ গলন ত্বরান্বিত হওয়া, স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বৃদ্ধি এবং নদীবাহিত পলি ও প্রবাহের অনিয়ন্ত্রিত পরিবর্তন– সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বন্যা এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়, বরং একটি ক্রমবর্ধমান জলবায়ু সংকটের অংশ। আর দীর্ঘদিনের পরিচিত কারণ যেমন– অপরিকল্পিত বাঁধ ও ব্যারাজ নির্মাণ, বেড়িবাঁধ ও জলাধারের ভঙ্গুরতা, বর্ষা মৌসুমে নদীপ্রবাহ-সংক্রান্ত তথ্য বিনিময়ের ঘাটতি, নির্বিচার বন উজাড় এবং নগর এলাকায় অপরিকল্পিত নির্মাণ তো আছেই। গত এক দশকে বন্যাপ্রবণ ও উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যাও দক্ষিণ এশিয়াজুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ভাটি অঞ্চলের শঙ্কা আসামের বন্যা দক্ষিণ এশিয়ার পানিবণ্টন সমস্যার আরেকটি ভিন্নমাত্রা তুলে ধরে। ব্রহ্মপুত্র নদ ভারতকেও একটি নিম্ন-অববাহিকা রাষ্ট্রের অবস্থানে ফেলে দিয়েছে, যা চীন ও ভুটানের উজানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ভুটানের কুরিছু বাঁধ থেকে পানি ছাড়ার কারণে আসামের বন্যা মাঝেমধ্যে আরও তীব্র হয়েছে বলে জানা যায়। চীনের ভেতর ব্রহ্মপুত্র নদের ওপরের অংশে (ইয়ারলুং সাংপো) বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোনো সম্মত পানিবণ্টন ব্যবস্থা ছাড়াই ঘোষিত হয়েছে। এই ঘোষণা ভারত ও বাংলাদেশ উভয় দেশেই ভবিষ্যৎ বন্যা ও খরার ঝুঁকিবিষয়ক উদ্বেগ তৈরি করেছে, যা কোনো একটি দেশ এককভাবে সামাল দিতে পারবে না। ভারতের এই মধ্য-অববাহিকা অবস্থান দক্ষিণ এশিয়ার পানি বিরোধকে কেবল এক প্রভাবশালী রাষ্ট্র বনাম তার ছোট প্রতিবেশীদের দ্বিপক্ষীয় গল্প হিসেবে দেখার প্রবণতাকে চ্যালেঞ্জ করে বসেছে। এ অঞ্চলের জল রাজনীতি তিব্বত মালভূমি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এক অসম নির্ভরতার শৃঙ্খল, যেখানে বাংলাদেশ ছাড়া প্রতিটি রাষ্ট্র একই সঙ্গে কারও জন্য উজানের এবং কারও জন্য ভাটির দেশ।
দুর্বল হয়ে যাওয়া সমাধানের আঞ্চলিক কাঠামো সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রকে আঞ্চলিক সহযোগিতার ‘শুভ সূচনা’ হিসেবে অভিহিত করা হয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সংগঠনটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এখন কাগজ-কলমে টিকে আছে। ২০০৬ সালে গৃহীত এর বিস্তৃত কর্মকাঠামোও ২০১৫ সালের পর নবায়িত হয়নি। ফলে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা এখন সীমিত পরিসরে মূলত দ্বিপক্ষীয় ও প্রায়ই বিতর্কিত চ্যানেলের মধ্য দিয়ে চলে।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় বন্যা তারই একটি স্পষ্ট দৃষ্টান্ত। আন্তর্জাতিক রীতি অনুযায়ী, বড় কোনো বাঁধ থেকে পানি ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে ভাটির দেশকে জানাতে হয়, যা এ ক্ষেত্রে মানা হয়নি। একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীকে এখনও একক-রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করার প্রবণতা কতটা ঝুঁকিপূর্ণ, এ ঘটনা তা তুলে ধরে। এই আলোচনার উদ্দেশ্য কোনো একক সরকারকে দায়ী করা নয়। বার্ষিক দ্বিপক্ষীয় বৈঠকনির্ভর তথ্য বিনিময়, অবকাঠামোর চেয়েও দীর্ঘস্থায়ী ক্ষতিপূরণ ও সুবিধা বণ্টন বিরোধ এবং নির্মাণের কয়েক দশক পরও অমীমাংসিত রক্ষণাবেক্ষণ ও পলি ব্যবস্থাপনা বিতর্ক নিয়ে গড়া এই প্যাটার্ন নেপালের কোশী-গণ্ডক থেকে শুরু করে ফারাক্কার গঙ্গা এবং ডম্বুরের গুমতি পর্যন্ত অঞ্চলের প্রায় প্রতিটি বড় নদী ব্যবস্থাতেই দেখা যায়। নেপাল ও ভারতের কোশী-গণ্ডক চুক্তির অভিজ্ঞতা বলছে, শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করলেই কার্যকর বন্যা শাসনব্যবস্থা তৈরি হয় না; বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তিতে টেকসই রাজনৈতিক বিনিয়োগ ছাড়া ৭০ বছরের পুরোনো চুক্তিও উজান এবং ভাটির উভয় জনগোষ্ঠীকেই প্রবল ঝুঁকির মুখে ফেলতে পারে।
করণীয়: নতুন প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রথমত, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বা কোশী-সিন্ধু অববাহিকায় অভিন্ন রিজিওনাল নদীভিত্তিক প্রযুক্তিগত তথ্যবিনিময় ও পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এটিই সবচেয়ে সাশ্রয়ী ও তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য পদক্ষেপ। দ্বিতীয়ত, জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রবেশাধিকারের প্রাতিষ্ঠানিক রূপ দরকার। ফলে প্রতিটি বন্যার পর দেশগুলোকে আন্তর্জাতিক মানবিক সাহায্যের আবেদন জানাতে হবে না। তৃতীয়ত, আঞ্চলিক নাগরিক সমাজকে সার্কের রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্ত রেখে অববাহিকাভিত্তিক নেটওয়ার্ক হিসেবে সংগঠিত করা। চতুর্থত, গণমাধ্যমগুলোতে বন্যাকে একক-দেশীয় দুর্যোগ সংবাদ হিসেবে না দেখে সীমান্ত পেরোনো একটি আঞ্চলিক বাস্তবতা হিসেবে তুলে ধরা। পঞ্চমত, নগর ও আকস্মিক বন্যাকে এখন নদীবাহিত বন্যার পাশাপাশি একটি পৃথক ও ক্রমবর্ধমান ঝুঁকি হিসেবে বিবেচনা করা, যা নেপালের কাঠমান্ডু থেকে ভারতের চেন্নাই, মুম্বাই এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ফেনীকে বিপর্যস্ত করছে। ষষ্ঠত, সার্কের পূর্ণাঙ্গ রাজনৈতিক কাঠামো অনুপস্থিত থাকায় অচলাবস্থার বিকল্প হিসেবে অববাহিকাভিত্তিক যৌথ কমিশনের মতো বিকল্প আঞ্চলিক নাগরিক মঞ্চ প্রতিষ্ঠার দাবি খতিয়ে দেখা।
উপসংহার রাজনৈতিক সদিচ্ছা ও আঞ্চলিক সহযোগিতা ছাড়া কেবল অবকাঠামোনির্ভর বন্যা প্রতিরোধ পরিকল্পনা অর্থাৎ বাঁধ, বেড়িবাঁধ, প্রতিরক্ষা দেয়াল ইত্যাদি দক্ষিণ এশিয়ার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তাকে আরও ভঙ্গুর করে দেবে। বন্যা দক্ষিণ এশিয়ায় অনিবার্য! একই সঙ্গে নদীবিধৌত সমতলভূমির উর্বরতা ও জীবনীশক্তির উৎসও বটে। কিন্তু গত দুই দশকের অভিজ্ঞতা বলছে, জলবায়ুর পরিবর্তন বন্যার তীব্রতা ও ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে এবং সে বাস্তবতা মোকাবিলায় আঞ্চলিক দুর্যোগ শাসনব্যবস্থা পিছিয়ে আছে। বন্যাকে জরুরি ভিত্তিতে আঞ্চলিক সমস্যা হিসেবে স্বীকৃতি দিয়ে আঞ্চলিক নাগরিক আন্দোলন, দায়িত্বশীল গণমাধ্যম ও সংস্কারমুখী রাজনৈতিক-সামাজিক সংগঠনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা এখনও এই সংকট মোকাবিলার সবচেয়ে বাস্তবসম্মত পথ। শশাঙ্ক সাদী: উন্নয়ন পরামর্শক; দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিশ্লেষক
