কিশোরগঞ্জে কারাবন্দি মিলন মিয়া প্যারোলে মুক্তি অগ্রাহ্য হইবার কারণে যেইভাবে পিতার মরদেহ তিনি কারাফটকে দেখিয়াছেন, উহা অমানবিক। কারাবন্দির নিকটাত্মীয় প্রয়াত হইলে তাঁহাকে অল্প সময়ের জন্য মুক্তি দিবার নিয়ম থাকিলেও স্পষ্টতই এইখানে উহার ব্যত্যয় ঘটিয়াছে। গত মাসে আমরা দেখিয়াছি, কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামেরও প্যারোলে মুক্তি না দেওয়ায় স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে পারেন নাই। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্বজনের মুখ শেষবারের ন্যায় দেখিতে হইয়াছিল তাঁহাকে। উহার ফলে ব্যাপক প্রতিক্রিয়ায় অবশেষে জামিনে মুক্তি পাইয়াছিলেন। দুঃখজনক হইলেও সত্য, উক্ত ঘটনা হইতে শিক্ষা না লইয়া প্রশাসন পুনরায় একই পথে হাঁটিল!

মানুষের জীবনে মৃত্যুর ঊর্ধ্বে কিছু নাই এবং সংগত কারণেই বন্দি সন্তানের নিকট পিতার মৃত্যু নিঃসন্দেহে গভীরতম বেদনার ঘটনা। মৃত্যুর সময়ে স্বজন উপস্থিত হইয়া শেষ বিদায় দিয়া থাকেন। মানুষের জীবনের এই বাস্তবতা বিবেচনায় লইয়াই কারাবন্দিদের জন্য প্যারোলে মুক্তির বিধান রাখা হইয়াছে। অথচ মিলন মিয়া সেই অধিকার পাইলেন না। পিতার অন্তিমযাত্রার সময়টুকুতেও যদি রাষ্ট্র তাঁহার নাগরিককে ন্যূনতম মানবিক অধিকার হইতে বঞ্চিত করে, উহা অপেক্ষা বেদনার আর কী হইতে পারে!

মিলন মিয়া যেই কারণে কারাভোগ করিতেছেন, উহাও যথেষ্ট অমানবিক। সমকালের প্রতিবেদন অনুযায়ী, মিলন মিয়া আওয়ামী লীগের কোনো পদে নাই। কোনো মামলায় তাঁহার নাম না থাকিলেও ২০২৪ সালে আটক করিয়া কিশোরগঞ্জের ভৈরব থানার একটা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখাইয়া কারাগারে প্রেরণ করা হয়। এমনকি গত ১৯ জানুয়ারি তাঁহার জামিন মঞ্জুর হইলেও কারাগার হইতে মুক্তি না দিয়া বিশেষ ক্ষমতা আইনে ‘শ্যোন অ্যারেস্ট’-এর মাধ্যমে কারাগারেই আটকে রাখা হয়। এই আটকাদেশ লইয়া প্রশ্নের মধ্যেই তাঁহার পিতার মৃত্যুতে প্যারোলে মুক্তি না দিবার সিদ্ধান্ত আরও বড় প্রশ্নের জন্ম দিয়াছে। আমরা জানি, বন্দির প্যারোলে মুক্তি তাঁহার জন্য কোনো দয়া নয়। ইহা আইনস্বীকৃত ব্যবস্থা, যাহার উদ্দেশ্যই হইল জরুরি পারিবারিক ও মানবিক পরিস্থিতিতে বন্দিকে সাময়িক মুক্তি দেওয়া।

বাবার মৃত্যু তাহার মধ্যে গুরুতর কারণ। এমন পরিস্থিতিতেও প্যারোল মঞ্জুর না হওয়া এবং পিতার মরদেহ কারাগারে লইবার ঘটনার দায় প্রশাসন উপেক্ষা করিতে পারে না। সমকালের প্রতিবেদনে স্পষ্ট, আইনজীবীর মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর মিলন মিয়ার প্যারোলে মুক্তির আবেদন জানানো হইলেও তাহা মঞ্জুর হয় নাই। এইখানে মানবিক বিবেচনার কোনো জায়গা নাই? বন্দির অপরাধ যাহাই হউক– তিনি মানুষ। তাঁহার আবেগ, শোক ও পারিবারিক সম্পর্ক রাষ্ট্র অস্বীকার করিতে পারে না। মৃত্যুর ঘটনায় মানবিক সহানুভূতি প্রদর্শন আইনশৃঙ্খলার জন্য হুমকি নহে, বরং প্রশাসনের নৈতিক অবস্থানই পরিষ্কার করিত। পরপর দুইটি ঘটনায় বন্দিকে প্যারোলে মুক্তি না দিবার বিষয়টি উদাহরণ হিসাবে থাকিবে। সপ্তাহখানেক পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে যাইতেছে, যাহার মাধ্যমে বর্তমান সরকার বিদায় লইবে। শেষ সময়ের এই অমানবিকতাই হয়তো সরকারের পরিচয়বাহক হইবে। কারাগারকে যেইখানে সংশোধনাগার হিসাবে দেখা হয়, সেইখানে বন্দির সহিত মানবাধিকার লঙ্ঘন প্রশাসনের চরিত্রকেই ফুটাইয়া তোলে।

পিতার মৃত্যুর পরও মিলনকে প্যারোলে মুক্তি না দিবার বিষয়টি প্রমাণ করে– আমাদের প্রশাসন কতটা নিষ্ঠুর এবং ইহার সংস্কার কতটা জরুরি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর হইতেই সংস্কারের কথা বলিলেও বাস্তবে উহা করিয়া দেখাইতে পারে নাই। প্যারোল নীতিমালার স্বচ্ছতা ও মানবিক প্রয়োগে প্রশাসনিক সিদ্ধান্তে বিবেচনার স্বাধীনতা জরুরি। শুধু বাবা নহে; কারাবন্দি কাহারও স্বজনের লাশ কারাফটকে যাইবার ন্যায় ঘটনা আর আমরা দেখিতে চাহি না। রাষ্ট্র ও প্রশাসনকে অবশ্যই এতদ্বিষয়ে মানবিক হইতে হইবে।