বাংলা প্রবাদে রহিয়াছে, বংশের তুলনায় কঞ্চি দড়; আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের তুলনায় শিক্ষার্থী দড় হইয়া উঠিয়াছেন। সেইখানে যেই প্রক্রিয়ায় ছয়জন নির্বাচিত ডিনকে পদত্যাগ করিতে বাধ্য করা হইয়াছে, তাহা উদ্বেগজনক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদসূত্রে জানা যাইতেছে, সম্প্রতি ‘আওয়ামীপন্থি’ আখ্যা দিয়া বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিনকে রবিবারের মধ্যে পদত্যাগের জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। কেবল ঘোষণাই নহে, ডিনগণের জন্য নিজেই পদত্যাগপত্র প্রস্তুত করিয়া রবিবার রাকসু ভবনের সম্মুখ হইতে ডিনগণকে ফোন করেন। পরবর্তী সময়ে এক দল শিক্ষার্থী তিনজন ডিন, উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়সহ সকল প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় তালাবদ্ধ করিয়া দেন। এই অবস্থায় ঐ দিন সন্ধ্যায় উপাচার্যের সহিত সাক্ষাৎ করিয়া সংশ্লিষ্ট ডিনগণ দায়িত্ব পালনে অপারগতা জানাইয়া পদত্যাগ করেন।
ছয়জন ডিনের এহেন পদত্যাগ প্রক্রিয়াকে মবতন্ত্রের ফসল বলিলে অত্যুক্তি হইবে না। কারণ অন্য ছয় ডিনের সহিত আলোচ্য ছয় ডিনও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ অনুসারে সাধারণ শিক্ষকদের ভোটে নির্বাচিত হইয়াছিলেন। তাহাদের পদত্যাগেরও নির্দিষ্ট নিয়ম রহিয়াছে, যাহার ব্যত্যয় আলোচ্য পদত্যাগে ঘটিয়াছে বলিয়া আমরা মনে করি। গত বৎসরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশব্যাপী যেইভাবে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মব সহিংসতার মাধ্যমে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়া বহু শিক্ষককে প্রতিষ্ঠান ত্যাগে বাধ্য করা হইয়াছিল, উহার সহিত উক্ত ছয় ডিনের পদত্যাগ প্রক্রিয়ার যথেষ্ট সাদৃশ্য রহিয়াছে। উক্ত শিক্ষকগণ যে মব সহিংসতার শিকার হইবার আশঙ্কা হইতেই ডিনের পদ ছাড়িয়া দিয়াছেন– তাহা ব্যাখ্যা করার প্রয়োজন নাই।
যাগা দুর্ভাগ্যজনক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষেত্রে শুধু যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থই হন নাই, বরং মবতন্ত্রকে পুষ্টি জোগাইয়াছেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত উক্ত ডিনগণের নির্ধারিত মেয়াদ বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হইলেও উপাচার্য গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্যান্য ডিনের পাশাপাশি তাহাদেরও নির্বাচন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকিবার নির্দেশ দিয়াছিলেন। রাকসুর জিএস ও তাঁহার সহযোগীগণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বৈধ নির্দেশটি উল্টাইয়া দিলেন; উপাচার্য স্বয়ং উহাতে সম্মতিও দিলেন। মবতন্ত্রের নিকট কর্তৃপক্ষের নতিস্বীকার শুধু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকেই খর্ব করিল না; শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষকের অপমান-অমর্যাদা ঘটাইবার ঔদ্ধত্যকেও স্বীকৃতি দিল। বিশ্ববিদ্যালয় পরিচালনার অন্যান্য ক্ষেত্রেও যে ইহার নেতিবাচক প্রভাব পড়িবে, তাহা বলিবার অপেক্ষা রাখে না।
অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসন, এমনকি বিবিধ একাডেমিক কার্যক্রমেও সরকার সমর্থিত ছাত্র সংগঠনের বেআইনি হস্তক্ষেপ নীরবে সহ্য করিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়াছি, যেইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ব্যতিক্রম ছিল না। এই সকল কিছুর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী, তৎসহিত শিক্ষানুরাগীদের মধ্যেও ব্যাপক সমালোচনা ছিল। গত বৎসরের গণঅভ্যুত্থানের নেপথ্যে এই সকল ক্ষোভ-বিক্ষোভের ভূমিকা কতখানি ব্যাপক ছিল, তাহা লইয়া তর্কের অবকাশ নাই। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই পুরাতন দৃশ্যেরই অবতারণা করিল। আমরা জানি, দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি বিশেষ ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণাধীন। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত শিক্ষার্থী সংসদ নির্বাচনসমূহে তাহারা বিশেষত বিগত সময়ের কর্তৃত্ববাদী প্রক্রিয়ায় ক্যাম্পাস নিয়ন্ত্রণের ধারার অবসানের প্রতিশ্রুতি দিয়া সাফল্য লাভ করিয়াছে। রাকসুতেও তাহারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আলোচ্য ঘটনা প্রমাণ করে– সংগঠনটি সেই প্রতিশ্রুতির বিপরীতে অবস্থান গ্রহণ করিয়াছে। গণতন্ত্র ও ভিন্নমত দমনের এহেন তৎপরতা যে ছাত্র সংগঠনটির অভিভাবক দলের জন্যও দায়ের বোঝা বৃদ্ধি করিতেছে– এই বিষয়ে সন্দেহ নাই। উহার নেতিবাচক প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়িলে বিস্ময়ের কিছু থাকিবে না। অপছন্দের শিক্ষককে নেতিবাচক তকমা দিয়া হেনস্তা করিবার এহেন ভয়ংকর ধারার অবসান জরুরি বলিয়া আমরা মনে করি।
