গাজায় যুদ্ধের ধ্বংসযজ্ঞ থামে নি, শুধু তার রূপ বদলেছে। একসময় সেখানে বোমা ও গোলার আঘাতে মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এখন সে ধ্বংসস্তূপের ওপর আশ্রয় নেওয়া লাখো বাস্তুচ্যুত মানুষের সামনে নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে ভারী বৃষ্টি, বন্যা ও সংক্রামক রোগ। অথচ এ বিপর্যয় ঠেকানোর জন্য জরুরি একটি পানি নিষ্কাশন অবকাঠামো মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতিও দিচ্ছে না ইসরাইল। জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এ অভিযোগ শুধু উদ্বেগজনক নয়, বরং গাজার মানুষের প্রতি চলমান অমানবিকতার এক ভয়াবহ দৃষ্টান্ত।

গাজা শহরের শেখ রাদওয়ান স্টর্মওয়াটার বেসিন বৃষ্টির পানি নিষ্কাশনের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এ ব্যবস্থা বর্তমানে পয়ঃনিষ্কাশন বর্জ্যে দূষিত। ভারী বৃষ্টিপাত হলে বিষাক্ত পানি উপচে আশপাশের রাস্তাঘাট ও বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে প্রবেশ করতে পারে। এতে বন্যার পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগসহ নানা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউনিসেফের তথ্যমতে, প্রায় ৩০ লাখ ডলারের একটি মেরামত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংস্থাটি এক বছর ধরে কাজ করছিল। কিন্তু ইসরাইলি সামরিক সংস্থা কোগ্যাট নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকল্পটি প্রত্যাখ্যান করেছে। প্রশ্ন হলো, একটি পানি নিষ্কাশন অবকাঠামো মেরামতের সরঞ্জাম আটকে রাখার মাধ্যমে কোন নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে? বরং এ বাধা গাজার শিশু ও সাধারণ মানুষের জীবনকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

গাজার মানবিক পরিস্থিতি এমনিতেই ভয়াবহ। ২০ লাখেরও বেশি মানুষের অধিকাংশ বাস্তুচ্যুত। ঘরবাড়ি হারিয়ে অসংখ্য পরিবার তাঁবুতে বসবাস করছে। পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের সংকট তাদের প্রতিদিনের বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্যসংস্থাও সতর্ক করেছে, বন্যা, দুর্বল পয়ঃনিষ্কাশনব্যবস্থা এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ও পানি পরিষেবার কারণে সেখানে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি রয়েছে। সংস্থাটির হিসাবে, প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ মাঝারি থেকে উচ্চ মাত্রার বন্যাঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যে ভারী বৃষ্টিতে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। বালির বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে তিন শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। যুদ্ধের আঘাত থেকে বেঁচে যাওয়া মানুষগুলো এখন প্রকৃতির স্বাভাবিক দুর্যোগের সামনেও অসহায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মজলুম মানুষগুলোর এ অবর্ণনীয় দুর্ভোগের ভিডিও আমাদের টাইমলাইনে চলে আসছে, যা সহ্য করা সত্যিই কঠিন।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বিপর্যয়ের বড় অংশই প্রতিরোধযোগ্য। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা মেরামত করা গেলে, পয়ঃনিষ্কাশনব্যবস্থা সচল করা গেলে এবং জরুরি পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে হাজার হাজার মানুষের দুর্ভোগ কমানো সম্ভব। অথচ প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ প্রবেশে বাধা দিয়ে সে সুযোগও সংকুচিত করা হচ্ছে। মানবিক সহায়তা কোনো রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হতে পারে না। পানি নিষ্কাশনব্যবস্থা, হাসপাতাল, পানীয় জলের সরবরাহ কিংবা আশ্রয়কেন্দ্র মেরামতের মতো কাজকে নিরাপত্তার অজুহাতে আটকে রাখা হলে তার পরিণতি বহন করতে হয় সাধারণ মানুষকে, বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের।

আরেকটি উদ্বেগের বিষয় হলো, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার পুনর্গঠন কার্যত স্থবির হয়ে আছে। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিতে পুনর্গঠনের কথা বলা হলেও তেমন অগ্রগতি হয় নি। যুদ্ধবিরতির শর্তানুযায়ী হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার ঘোষণা দেয়ার পরও ইসরাইল বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায় নি। পুনর্গঠনকে কোনো পক্ষের রাজনৈতিক বা সামরিক শর্ত পূরণের সঙ্গে অনির্দিষ্টকাল আটকে রাখা হলে যুদ্ধের ধ্বংসযজ্ঞ দীর্ঘস্থায়ী হবে। এ পরিস্থিতিতে জাতিসঙ্ঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যারা যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠনের উদ্যোগে যুক্ত, তাদের অবশ্যই ইসরাইলের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে পানি নিষ্কাশন অবকাঠামো মেরামতের সরঞ্জামসহ সব জরুরি মানবিক উপকরণ অবিলম্বে গাজায় প্রবেশ করতে পারে। জাতিসঙ্ঘের সংস্থাগুলোকে স্বাধীনভাবে প্রয়োজনীয় কাজ পরিচালনার সুযোগ দিতে হবে। একই সঙ্গে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও আশ্রয় অবকাঠামোর জরুরি মেরামতের জন্য আন্তর্জাতিক অর্থায়ন এবং কারিগরি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

গাজার শিশুদের জীবন কোনো রাজনৈতিক সমীকরণের বিষয় হতে পারে না। তাদের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও আশ্রয়ের অধিকার রয়েছে। বৃষ্টির পানি যেন বিষাক্ত নর্দমার পানিতে পরিণত না হয়, তাঁবু যেন বন্যার পানিতে ভেসে না যায়, কোনো শিশু যেন প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে না পড়ে, তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও মানবিক দায়িত্ব। এখনই প্রয়োজনীয় সংস্কার কাজের অনুমতি দিতে হবে। গাজায় মানবিক বিপর্যয়কে আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না। যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জন্য অন্তত বৃষ্টির পানি থেকে নিরাপদ থাকার অধিকারটুকু নিশ্চিত করা হোক।