সীমান্তে বাংলাদেশের মানুষ মরছে। বিএসএফ-এর সাথে বৈঠক হয়, সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়; তবে সেই প্রতিশ্রুতি রক্ষিত হয় না। শুধু সীমান্ত নয়, পাহাড়েও সমস্যা বাড়ছে। ভারতের মিজোরামের দুর্গম এলাকায় অস্ত্রের গোপন মজুত করা হচ্ছে, যার লক্ষ্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। এমন তথ্য সামনে এসেছে দেশটির তদন্ত সংস্থা ও পুলিশের বক্তব্যেও। গত বছর ও চলতি বছর পৃথক অভিযানে একে-৪৭ রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধারের ঘটনায় উঠে এসেছে বাংলাদেশে অস্ত্র সরবরাহ পরিকল্পনার এমন তথ্য। গত বছরের জানুয়ারিতে ছয়টি একে-৪৭ রাইফেল ও ১০ হাজারের বেশি গুলী উদ্ধারের ঘটনায় বাংলাদেশের একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের তথ্য পায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। চলতি বছরের মে মাসে গ্রেপ্তার তিন সন্দেহভাজনের সূত্র ধরে উদ্ধার হয় আরো দু’টি একে-৪৭ রাইফেল ও বিপুল গোলাবারুদ। প্রশ্ন উঠেছে, অস্ত্র জব্দ ও সন্দেহভাজনদের গ্রেপ্তারের পরও সীমান্তের ওপারে অস্ত্র সরবরাহের চেষ্টা থামছে না কেন? ধরা পড়া ব্যক্তিরা কি শুধু পরিবহন বা অস্ত্র সংরক্ষণের দায়িত্বে ছিলেন, নাকি তাদের পেছনে আরো বড় সংগ্রহকারী, অর্থদাতা ও সমন্বয়কারী নেটওয়ার্ক রয়েছে-এসব প্রশ্নের জবাব খুঁজছেন বাংলাদেশের গোয়েন্দারা।

এদিকে গত বছরের শুরু থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের অন্তত চারটি ঘটনার তথ্য পাওয়া গেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ মার্চ কাউখালীর অভিযানে পিস্তলের ১৭ রাউন্ড গুলীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ২৪ জুন জীবতলী ঘোনপাড়ায় উদ্ধার করা হয় একটি এসএমজি, একটি গুলীভর্তি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলী। ২৯ জুলাই সাজেকের মাচলং এলাকায় একটি এসএমজি, তিনটি দেশীয় বন্দুক ও একটি এলজিসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। সর্বশেষ চলতি বছরের ২৪ আগস্ট মাচলংয়ে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। সেনাবাহিনী সূত্র জানায়, মিজোরামে ধরাপড়া অস্ত্র পাহাড়ে সন্ত্রাসীদের জন্য আনা হচ্ছিল। সূত্রগুলোর দাবি, ধরা পড়া চালানের সংখ্যা খুবই কম, বেশির ভাগ অস্ত্র ঢুকে পড়েছে। এছাড়া রাঙ্গামটি জেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনাগুলো ও পাহাড়ে সশস্ত্র অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. এম শহিদুজ্জামান বলেন, পাহাড়ে অস্ত্রের প্রবাহ বন্ধ করতে শুধু উদ্ধার নয়; অস্ত্রের উৎস, সশস্ত্র গোষ্ঠীর হাতে পৌঁছানোর প্রক্রিয়া এবং সরবরাহ ব্যবস্থায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করতে হবে।

২০২৪ সালের জানুয়ারিতে মিজো ন্যাশনাল ফ্রন্টের সাবেক সশস্ত্র সদস্যদের সংগঠন পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিজ অ্যাসোসিয়শন (পামড়া) দাবি করে, জেএসএসের সশস্ত্র সদস্যরা মিজোরামের লুংলেই ও মামিত জেলার কয়েকটি স্থানে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে মিজোরামের আইজি লালবিয়াকথাঙ্গা খিয়াংতে অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, বাংলাদেশভিত্তিক চাকমা সশস্ত্রগোষ্ঠীর প্রশিক্ষণকেন্দ্র থাকার তথ্য পুলিশের কাছে নেই। পামড়ার অভিযোগ ছিল জেএসএসের প্রশিক্ষণ নিয়ে; এনআইএর গত বছরের মামলায় এসেছে ইউপিডিএফের নাম। আর চলতি বছরের অভিযানে পুলিশের বক্তব্যে এসেছে ইউপিডিএফপি ও জেএসএসের নাম। উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান বিজয় কুমার সিং গত বছরের ১৬ জানুয়ারি মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ নেন। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খানের মতে, বিজয় কুমার সিং রাজ্যপাল হওয়ার পর পার্বত্য চট্টগ্রামে অস্ত্র সরবরাহের তৎপরতা ও পাহাড়ে অস্থিরতা বেড়েছে।

বিশ্লেষকরা জানান, ভারতের সাবেক সেনাপ্রধানের মতো উচ্চপর্যায়ের সামরিক ব্যক্তিত্ব কোনো সীমান্তবর্তী রাজ্যের রাজ্যপাল হলে ওই অঞ্চলের কৌশলগত গুরুত্ব ও ভূরাজনীতির নতুন মাত্রা পায়। ভূকৌশলগত বিশ্লেষকদের ধারণা, এমন সামরিক পটভূমির নেতৃত্বকে কাজে লাগিয়ে সীমান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা হচ্ছে, যার পেছনে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করার পরিকল্পনা থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে চান। সরকারও এ বিষয়ে সচেতন আছে বলে তারা মনে করেন।