বিবিধ অপরাধে সম্পৃক্ত সংঘবদ্ধ কিশোর-তরুণ দল তথা ‘কিশোর গ্যাং’ কতটা বেপরোয়া হইয়া উঠিয়াছে; চট্টগ্রামে কলেজছাত্রকে লিফটের গর্তে ফেলিয়া হত্যার ঘটনা উহার নির্মম উদাহরণ। ইহার পূর্বে সমকালের খবরে প্রকাশ, কিশোর গ্যাংয়ের কোন্দলে রাজধানীর মোহাম্মদপুরে প্রাণ হারাইয়াছে ইমন। পুলিশ জানাইয়াছে, নিহত মো. ইমন ওরফে অ্যালেক্স ইমনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রহিয়াছে। তাহাকে হত্যার অভিযোগও আনা হইয়াছে আরেক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এই মোহম্মদপুরেই গত ৮ মার্চ রাতে ছিনতাইয়ের শিকার হইয়াছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক স্বয়ং। মাদক লইয়া সংঘর্ষকালে জেনেভা ক্যাম্পে শিশু গুলিবিদ্ধ, নৈশপ্রহরী রবিউল হত্যার ন্যায় ঘটনাসমূহেও বারংবার উঠিয়া আসিতেছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের নাম।

গত সোমবার সমকালে প্রকাশিত ‘মোহাম্মদপুরে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং’ শিরোনামের সংবাদে উল্লেখ করা হইয়াছে, মোহাম্মদপুর-আদাবর এলাকায় অর্ধশতাধিক কিশোর গ্যাং এখনও সক্রিয়। তাহাদের মধ্যে কবজি কাটা গ্রুপ, পাটালি গ্রুপ, বেলচা মনির, টুন্ডা বাবুর মতো কয়েকটি গ্যাংয়ের ভয়ে সকলেই আতঙ্কিত। স্থানীয় প্রভাবশালীদিগের সমর্থনে আশকারা পাইতেছে সস্তা জনপ্রিয় মাধ্যম টিকটকে নিজেকে বাহাদুর প্রমাণ করিতে চাওয়া কিশোরেরা। সকল সর্বনাশের যোগসূত্র যেন একই।

২০২৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট জমাকৃত পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হইয়াছিল, দেশে ২৩৭টি কিশোর গ্যাং রহিয়াছে; ঢাকায় সর্বাধিক ১২৭টি। ইহার পর অন্তর্বর্তী সরকারের দেড় বৎসরাধিক কালে মোহাম্মদপুর ও আদাবর হইতে আট সহস্রাধিক অপরাধীকে গ্রেপ্তার করিয়াছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় দুই থানায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা হইয়াছিল দুই সহস্রাধিক। তবুও নিয়ন্ত্রণহীন কথিত কিশোর গ্যাংভুক্ত অপরাধীরা।

দেশে কিশোর গ্যাংয়ের ইতিহাস প্রাচীন না হইলেও ইহার উত্থান দ্রুতই ঘটিয়াছে। এই শতকের শুরুর দিকে কিশোর গ্যাংয়ের নাম শোনা গেলেও কিশোর আদনান কবির হত্যার ঘটনার মধ্য দিয়া উহা পাদপ্রদীপে উঠিয়া আসে। সমবয়সী কিশোরেরা কোপাইয়া ও পিটাইয়া হত্যা করিয়াছিল আদনানকে। ২০১৭ সালে রাজধানীর উত্তরার সেই ঘটনা ব্যথিত ও বিস্মিত করিয়াছিল আমাদিগকে। বুকের ধন সন্তানসম কিশোরেরা কীরূপে এমনতর হিংস্র হইয়া উঠিল! কালক্রমে বরগুনার নয়ন বন্ড কর্তৃক রিফাত হত্যাকাণ্ড, চট্টগ্রামে দন্ত্য চিকিৎসক কুরবান আলীর প্রাণহানি চক্ষে অঙ্গুলি দিয়া দেখাইয়া দিয়াছে কিশোর গ্যাংয়ের ভয়াবহতা।

কিশোর গ্যাং সম্পর্কে ২০২৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া সেই বিশেষ প্রতিবেদনে বলা হইয়াছিল, বিভিন্ন সময়ে এই সকল গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার হইলেও বেশির ভাগ ক্ষেত্রে স্পর্শের বাহিরেই থাকিতেছে পৃষ্ঠপোষকরা। স্থানীয় রাজনৈতিক ‘জ্যেষ্ঠ ভ্রাতাগণ’ স্বল্প ব্যয়ে অধিক ঝুঁকি গ্রহণ, সহজে মাদক ক্রয়-বিক্রয়, অল্প অর্থে মিছিলে লোক জড়ো করিতে নিম্ন আয়ের পরিবারের কিশোরদের বাছিয়া লইতেছেন বলিয়া সহজে তৈরি হইতেছে কিশোর গ্যাং। তাহাদের কি শুধু পুলিশি অভিযান আর আটকে নির্মূল করা সম্ভব হইবে?

বাংলাদেশের শিশু আইন-২০১৩ অনুযায়ী, ১৮ বৎসর বা এর কম বয়সী শিশু-কিশোরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া সাপেক্ষে তাহাদের জেলে না পাঠাইয়া উন্নয়ন কেন্দ্রে পাঠাইতে হইবে। তাহারা যেন সংশোধিত হইয়া স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করিতে পারে। অথচ অব্যবস্থাপনার কারণেও নিরাময় কেন্দ্রসমূহে সংঘর্ষ ঘটিয়া থাকে। প্রতিরোধের জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনসমূহকে একযোগে কার্যক্রম চালাইতে হইবে। সামাজিক প্রতিরোধ হইতে প্রযুক্তির সঠিক ব্যবহার পর্যন্ত দৃষ্টি রাখিতে হইবে। আইনশৃঙ্খলার হস্ত আশ্রয়দানকারী পর্যন্ত পৌঁছাইতে হইবে। প্রকৃতপক্ষেই মনে হয়, কিশোরদের অপরাধ নীতিমালার সংজ্ঞা, বিচার প্রক্রিয়া, সংশোধন ও পুনর্বাসন, সতর্কীকরণ ও জামিন, বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়সমূহে আরও কঠোর আইন প্রয়োগ জরুরি।